ভাড়ায়চালিত গাড়ির ২৫০ চালক-সহকারী বেকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-অবরোধের ফাঁদে পড়ে তিন-চার মাস ধরে পর্যটকের আকাল চলছে পর্যটনকেন্দ্র বান্দরবানে। ফলে পর্যটনকেন্দ্রিক ভাড়ায়চালিত (রেন্ট-এ কার) বিভিন্ন গাড়ির প্রায় আড়াই শতাধিক চালক ও সহকারী বেকার হয়ে পড়েছেন। একই সঙ্গে লোকসান গুনতে হচ্ছে স্বল্প পুঁজির গাড়ির মালিকদের। অনেকেই গাড়ির দাম বাবদ কিস্তি খেলাপি হয়ে মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা করছেন।

বান্দরবান শহরের মিছিক সেতুসংলগ্ন ভাড়ায়চালিত গাড়ির স্টেশনে গিয়ে দেখা গেছে, চাঁদের গাড়ি, জিপ ও মিনিবাসগুলো অলস দাঁড়িয়ে আছে।

স্টেশনের লাইনম্যান কামাল উদ্দিন জানান, এখানকার গাড়ির মালিকদের ব্যবসা সম্পূর্ণ পর্যটন মৌসুমকেন্দ্রিক। পর্যটক না এলে তাঁদের বেকার অবস্থায় সময় কাটানো ছাড়া কোনো উপায় থাকে না। পর্যটকেরা ভাড়ায়চালিত গাড়ি নিয়ে বগালেক, তাজিংডং, নীলগিরি, চিম্বুক, শৈলপ্রপাত, নীলাচল ও স্বর্ণমন্দিরসহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। কিন্তু রাজনৈতিক অস্থিরতা ও হরতাল-অবরোধের কারণে তিন-চার মাস ধরে পর্যটক আসা প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে প্রায় ১৫০টি গাড়ির মালিক এবং এসব গাড়ির ২৫০ জনেরও বেশি চালক ও সহকারী বেকার হয়ে পড়েছেন।

 ফরিদ আহমেদ নামে একজন গাড়ির মালিক জানান, ভাড়ায় দেওয়ার জন্য মাসে ৩০ হাজার টাকা কিস্তিতে ১৩ লাখ টাকায় একটি গাড়ি কিনেছেন তিনি। পর্যটকের অভাবে গত তিন মাস ধরে গাড়ি না চলায় তাঁর সংসার চালানো মুশকিল হয়ে পড়েছে। চালকের বেতন এবং গাড়ির কিস্তিও শোধ করতে পারেননি। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে কিস্তি নিয়ে প্রতারণার দায়ে গাড়ির কোম্পানি পক্ষ মামলা করতে পারে। এতে জেলে যাওয়া হতে পারে বলে তিনি আশঙ্কা করেন।

চালক বাচ্চু মিয়া জানান, গত দুই মাসে তিনি মাত্র সাড়ে তিন হাজার টাকা ভাড়া পেয়েছেন। অন্যদিকে চালকের বেতন, রক্ষণাবেক্ষণসহ মাসে ১০-১১ হাজার টাকা খরচ হয় মালিকের। আয় না থাকায় অনেক মালিক চালক-সহকারীর বেতন দিতে পারছেন না। এ অবস্থায় দুপক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে।