চিরচেনা গান—কখনো রবীন্দ্রসংগীত, কখনো আধুনিক কিংবা দেশাত্মবোধক। তবে পরিবেশনায় ভিন্নতা। সুরের আবেশ আছে, কিন্তু শিল্পীর কণ্ঠ নেই। ভায়োলিনের সুরে মুগ্ধতা–জাগানিয়া পরিবেশনা। অন্য রকম সন্ধ্যা কাটালেন দর্শকেরা। নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে বসে এই আসর। গত ৩০ জানুয়ারি ভায়োলিনিস্টস চট্টগ্রামের চতুর্থ বর্ষপূর্তি উদ্যাপন ও ওস্তাদ প্রিয় গোপাল গুপ্তের স্মরণানুষ্ঠানে সুরের আবেশ ছড়িয়ে দেন শিল্পীরা।
আয়োজনের সূচনা হয় ভায়োলিনিস্টসের শিল্পীদের বৃন্দ বাদনের মাধ্যমে। শুরুতেই রাগ ইমনের আলাপ পরিবেশন করেন তাঁরা। এরপর মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন ওস্তাদ মিহির লালা। উদ্বোধন শেষে মঞ্চে বসে কথামালার আসর। সমর কান্তি বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী।
কথামালা শেষে মঞ্চে শুরু হয় ভায়োলিনের সুর পরিবেশনা। শুরুতেই রাগ ভূপালি বাজান সায়ন চন্দ্র দাশ। হোমাইরা আফরাঈম পরিবেশন করেন রাগ পিলু। সংগঠনের শিল্পীদের সমবেত ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ এবং ‘পুরানো সেই দিনের কথা’ রবীন্দ্রসংগীত দুটির মিশ্রণে অনবদ্য সুর সৃষ্টি করা হয় ভায়োলিনে। এরপর ছিল একক পরিবেশনা। এ পর্বে ‘একবার যেতে দে না আমায়’ দেশের গানের সুর ভায়োলিনে পরিবেশন করেন আনিলা নওশীন। রওনক ইবতিসামা চৌধুরী রবীন্দ্রসংগীত ‘জাগরণে যায় বিভাবরী’ এবং তন্ময় সরকার ‘ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু’ গানের সুর পরিবেশন করেন। এ ছাড়া একক পরিবেশনায় রবীন্দ্রসংগীতের সুর ভায়োলিনে তোলেন কাজী মৌসুমী আক্তার ও পরাগ মুৎসুদ্দি। রাহেলা রিজওনা চৌধুরীর ভায়োলিনে ‘আকাশের হাতে আছে’, শাকিলা পারভিনের ‘ঐ ঝিনুক ফোটা’, শুভ্রা বর্মণের ‘এই মেঘলা দিনে একলা’ও সন্দীপন দাশের ‘বিমূর্ত এই রাত্রি আমার’ গানের সুর মুগ্ধ করে দর্শকদের। আয়োজনে সবশেষে ছিল সংগঠনের শিল্পীদের সমবেত পরিবেশনা।