ভিংরাজ
প্রিয় ভিংরাজ,শুভ ভালোবাসা দিবস। জানি, আজ খুব মন খারাপ তোমার। বিয়ের ১২ দিনের মাথায় নতুন বউকে রেখে চলে গেছ। বিয়ের পরের প্রথম ভালোবাসা দিবসটাও কাটাতে হচ্ছে একা। কতবার ফোন দাও দিনে, কতবার ভালোবাসার কথা বল, না জানি কতবার মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে থাক। মাঝেমধ্যে ভাবি, কী অদ্ভুতভাবে বিয়েটা করলাম আমরা। নাক উঁচু, অহঙ্কারী এক মেয়ে আমি। ঘোড়ায় চড়ে রাজপুত্র আসার অপেক্ষায় বিভোর। কোথায় রাজপুত্র! সাদামাঠা এক গোবেচারা নাগরিক এসে হাত ধরে বলল, চলো, বিয়ে করি। আমিও রাজি হয়ে গেলাম। কবুল বলার সময় আমার হাত বরফের মতো ঠান্ডা হয়ে যাওয়াতে শীতের মধ্যে টেনশনে তুমি দরদর করে ঘামছিলে। আমার যে কী হাসি পাচ্ছিল তখন! বাইরে ঘুরতে যাওয়ার সময় তোমার কত বাহানা। জামাকাপড় ম্যাচিং করে দেওয়া, চুল আঁচড়ে দেওয়ার আবদার, উফ! সবচেয়ে বিরক্তি লাগত যখন তুমি রান্না করতে। আমার প্রিয় সিরিয়াল দেখা বাদ দিয়ে রান্নার পুরোটা সময় তোমার সামনে টুলে বসে থাকতে হতো। আমার আরামের ভোরের ঘুমটা ভাঙিয়ে গদগদ ভঙ্গিতে বলতে, চলো, বাইরে থেকে হেঁটে আসি। রাগে আমার মনে হতো, তোমার মাথায় বাড়ি মেরে আবার ঘুম পাড়িয়ে দিই। একটা সিগারেট ধরানোর জন্য কত অদ্ভুত যুক্তিই না তুমি দাঁড় করাতে। জানো, তুমি চলে যাওয়ার পর তোমার মতো আমিও না এখন সানগ্লাস পরে ঘুরি। কী করব বলো? প্রায়ই যে চোখ ভিজে যায়। এখন আমার সিরিয়ালও ভালো লাগে না। রান্নাঘরের টুলটাতে একা একা বসে থাকি, গভীর রাতে সেই ছোট্ট বারান্দাতে চুপচাপ দাঁড়িয়ে থাকি। মনে মনে কতবার অস্ট্রেলিয়ার গভর্নমেন্টকে বকা দিই। বেচারা যদি একবারের বকাও শুনত, তোমাকেই আগে পিআর দিত। ভাবো, যদি এই ভালোবাসা দিবসে পৃথিবীর সব পিআরের দরখাস্তগুলো অনুমোদন পেয়ে যেত? ইস, কী মজাই না হতো! তাহলে আমার মতো কাউকে ভালোবাসা দিবসে ওয়েবক্যামে প্রিয় মানুষের শুকনো মুখটা দেখতে হতো না। আজকে একটা সত্যি কথা বলি। আমি না তোমাকে অনেক অনেক...কি, ভালোবাসি বলব ভেবেছ? না, অনেক অনুরোধ করছি। দয়া করে পরে তোমার ইনোভেটিভ রেসিপির রান্না খাইয়ে, আমাকে প্রশংসা করতে বোলো না। হা...হা... তোমার কাঠবিড়ালী(ঠিকানা পাওয়া যায়নি)