লেখা: রাফি আদনান l আঁকা: রাকিব রাজ্জাক

পরিচিতি: সম্প্রতি বিশ্বে ভিআইজি (ভেরি ইম্পররট্যান্ট গোট) প্রজাতির ছাগলের চাহিদা বেড়েই চলেছে। এই ছাগলগুলো সংখ্যায় নগণ্য হলেও আমাদের জীবনে এদের গুরুত্ব অপরিসীম। এরা দেখতে বিভিন্ন
রঙের হতে পারে। জনশ্রুতি আছে, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর দলের সমর্থকদের জন্য উপহার হিসেবে ভিআইজি ছাগল বিতরণ করেছিলেন। হোয়াইট হাউজের হাওয়া গায়ে লাগবে, এমন ভাবনা থেকেই এদের নামকরণ করা হয় ভিআইজি ছাগল। কালের বিবর্তনে এদের হোয়াইট হাউজের ছাগল বা রাজনৈতিক ছাগলও বলা হয়।
ভিআইজি ছাগল পালনপদ্ধতি: ভিআইজি ছাগল একটি গৃহপালিত প্রাণী। তাই ছাগল রাখার জন্য সুন্দর, নিরিবিলি একটা ঘর প্রয়োজন। ছাগলের বাসস্থান নির্বাচন খুব গুরুত্বপূর্ণ বিষয়। একেকটি ঘরে সর্বোচ্চ চার-পাঁচটি ছাগল রাখা যাবে। লোডশেডিং হলে অবশ্যই জেনারেটর বা আইপিএস থাকতে হবে। চিকুনগুনিয়া প্রতিরোধে নিয়মিত এদের ঘরের আশপাশ পরিষ্কার রাখা আবশ্যক। প্রতিটি ছাগলের জন্য ঘর তৈরি করতে হবে কমপক্ষে ১০ বর্গফুট জায়গা নিয়ে। পর্যাপ্ত আলো-বাতাস ও প্রাকৃতিক কাজের জন্য অ্যাটাচড বাথরুম ও ব্যালকনিও রাখুন। বিনোদনের জন্য এবং অন্য ঘরের ছাগলের সঙ্গে যোগাযোগ রাখার স্বার্থে উচ্চগতির ওয়াই-ফাই না হলে চলবে না।
ভিআইজি ছাগলের খাদ্য: এই প্রজাতির ছাগলের খাদ্যতালিকায় নিয়মিত সবুজ ঘাস রাখতে হবে। সকালের নাশতায় রাখতে হবে সুপার শপ থেকে বাছাই করা সতেজ জ্যাকফ্রুট লিফ বা কাঁঠাল পাতা, ফ্রায়েড রাইস, ইতালিয়ান পাস্তা। দুপুরের খাবার তালিকায় রাখুন দূর্বা ঘাসের স্যুপ, ভেজিটেবল বার্গার ও ম্যাকডোনাল্ডের পিৎজা। রাতের খাবারের মেন্যু সাজাতে পারেন নেপিয়ার ও জার্মান ঘাস, ইন্ডিয়ান মাসালা দোসা দিয়ে। ডেজার্ট হিসেবে গম বা ভুট্টার কাস্টার্ড, পুডিংও বানিয়ে দেওয়া যেতে পারে। বডি ফিটনেস ঠিক রাখার জন্য প্রতিদিন নিয়ম করে জিমে পাঠাতে হবে।
ছাগলের রোগ হলে করণীয়: এই প্রজাতির ছাগল রোগাক্রান্ত হলে অবশ্যই নিচের নিয়মগুলো মেনে চলুন—
l যত দ্রুত সম্ভব স্থানীয় অ্যানিমেল কেয়ার সেন্টারে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হলে আইসিইউতে ভর্তি করাতে হবে।
l ছাগলের মৃত্যু হলে চুপিচুপি সৎকারের ব্যবস্থা করুন।
l স্থানীয় ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখার ব্যবস্থা করুন।
l ছাগলের সঙ্গে সেলফি থাকলে মোবাইল ফোন থেকে
সেই ছবি মুছে ফেলুন।
l ফেসবুকসহ সব ধরনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছাগলের মৃত্যুতে শোক প্রকাশ করে পরোক্ষভাবে ডোনাল্ড ট্রাম্পের মানহানি করতে চাইলে সঙ্গে সঙ্গেই তার বিরুদ্ধে মানহানির মামলা
ঠুকে দিতে হবে।