ভিআইপি কাপে জয়ী বুয়েট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাঁ থেকে উদয় কামাল, মোহাম্মদ আবিদ আবরার ও সৌমিত্র দাস
বাঁ থেকে উদয় কামাল, মোহাম্মদ আবিদ আবরার ও সৌমিত্র দাস

একটা সময় আসবে, যখন মানুষকে আর কষ্ট করে গাড়ি চালাতে হবে না। গাড়ি চালানোর দায়িত্ব নিয়ে নেবে রোবট! কিন্তু চলার পথে রোদ, বৃষ্টি, কুয়াশাসহ বিভিন্ন প্রতিকূল পরিবেশে পড়তে হতে পারে। রোবট কী করে এসব প্রতিবন্ধকতা পেরিয়ে ট্রাফিক সিগন্যাল শনাক্ত করবে? এ নিয়েই অনুষ্ঠিত হয়েছিল একটি প্রতিযোগিতা—আই ট্রিপল ই ভিডিও অ্যান্ড ইমেজ প্রসেসিং কাপ, সংক্ষেপে যেটি ভিআইপি কাপ নামে পরিচিত। এ বছর এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের শিক্ষার্থীদের একটি দল। ‘টিম নিউরনস’ নামের এই দলের তিন সদস্য হলেন সৌমিত্র দাস, মোহাম্মদ আবিদ আবরার ও উদয় কামাল।

প্রতিযোগিতাটি মোট দুই ধাপে সম্পন্ন হয়। প্রথমটি শুরু হয়েছিল মার্চ মাসের ২৮ তারিখ। সেখানে একটি ‘ভিডিও ডেটা সেট’ দিয়ে দেওয়া হয়েছিল। তার ওপর ভিত্তি করে প্রতিকূল পরিবেশে ট্রাফিক সিগন্যাল শনাক্তকরণের এলগরিদম বানাতে হয়েছিল প্রতিযোগী দলগুলোকে। জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৮ জুলাই। প্রাথমিকভাবে সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিবন্ধিত হয় ২১৮টি দল, যা থেকে চূড়ান্তভাবে আগস্টের ১৫ তারিখ তিনটি দলের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে দুটি দলই ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের। অপর দলটি সিডনি ইউনিভার্সিটি ও হংকং পলিটেকনিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একত্র হয়ে গড়েছিলেন। মূল পর্বে অংশ নিতে দলগুলোকে চায়না ন্যাশনাল কনভেনশন সেন্টারে আমন্ত্রণ জানানো হয় ১৭ সেপ্টেম্বর। প্রতিযোগীরা বিচারকদের সামনে তাঁদের এলগরিদমের বিস্তারিত তুলে ধরেন।

ঢাকায় ফেরার পর কথা হলো বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে। উদয় কামাল বলেন, ‘ইমেজ প্রসেসিং আর মেশিন লার্নিং নিয়ে এর আগে কিছু টুকটাক কাজ করেছিলাম। আর প্রতিযোগিতা মূলত এই দুটি জিনিস নিয়েই ছিল। তাই দ্বিতীয় কোনো চিন্তা না করেই অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলাম।’ প্রতিযোগিতা কিন্তু সহজ ছিল না। সৌমিত্র দাস বলেন, ‘এলগরিদম ডিজাইন করার জন্য আমাদের দেওয়া হয়েছিল ২৪০ গিগাবাইটের ভিডিও ডেটা সেট। সেখানে পাঁচ হাজারের বেশি ভিডিও ছিল। আমাদের প্রতিদিন ১৫-১৬ ঘণ্টা করেও কাজ করতে হয়েছে। তার ওপর তখন বিশ্ববিদ্যালয়ে টার্ম ফাইনাল পরীক্ষা চলছিল।’ এত ঝক্কি ঝামেলা পেরিয়ে কেন এই প্রতিযোগিতায় অংশগ্রহণের আগ্রহ পেলেন? প্রশ্নের উত্তরে আবিদ বলেন, ‘ধীরে ধীরে সব গাড়িই স্বয়ংক্রিয় হয়ে আসছে। কদিন পরই হয়তো এমন প্রযুক্তি আমাদের হাতের নাগালে চলে আসবে। প্রতিযোগিতার বাস্তবমুখী দিকটাই আমাদের আগ্রহী করেছিল।’ ভবিষ্যতেও এ নিয়ে কাজ করার ইচ্ছে আছে বলে জানালেন উদয় কামাল, ‘আমরা সিস্টেমটাকে আরও বেশি প্রতিকূল পরিস্থিতিতে সঠিকভাবে কাজ করানোর চেষ্টা করছি। আমাদের এলগরিদমটাকে বর্তমানের তুলনায় আরও কম সময়সাপেক্ষ করে তুলতে হবে, যাতে বাস্তবে কাজে লাগানো সম্ভব হয়। এ নিয়েও আমরা কাজ করছি।’

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে দলের সবাই ভীষণ খুশি। আবিদ বলেন, ‘চূড়ান্ত পর্বে এই বিষয় নিয়ে গবেষণা করছেন এমন অনেকের সঙ্গে পরিচয় হলো। এটাও একটা দারুণ অভিজ্ঞতা।’ উদয়ও আবিদের সঙ্গে একমত। সৌমিত্র যোগ করলেন, ‘যখন কাজ করছিলাম, অনেক সীমাবদ্ধতা ছিল। এসব কাজের জন্য খুব ভালো কম্পিউটার লাগে। আমাদের কম্পিউটার তত উন্নত ছিল না। বাইরের দেশে ওদের আলাদা ল্যাব আছে। পরে আমাদের ডিপার্টমেন্টের কামরুল স্যার, পুরো ডিপার্টমেন্টের সিগন্যাল প্রসেসিংয়ের সবচেয়ে শক্তিশালী কম্পিউটারটা বাসায় নিয়ে যাওয়ার অনুমতি দেন। স্যারের প্রতি আমরা ভীষণ কৃতজ্ঞ।’

আই ট্রিপল ই (আইইইই) প্রতিবছরই সিগন্যাল প্রসেসিং কাপ আয়োজন করে। বাংলাদেশে থেকে অংশগ্রহণ করা দলগুলো বরাবরই ভালো করে আসছে। ভবিষ্যতের প্রতিযোগিতাগুলোতেও বাংলাদেশের অবস্থান আরও শক্ত হবে, এমনটাই আশা করছেন ‘টিম নিউরনস’-এর সদস্যরা।