>ভিআইপিদের চলাচলের জন্য রাজধানীর রাজপথে আলাদা লেন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে রস+আলো মনে করে, শুধু রাস্তা নয়, ভিআইপিদের জন্য অচিরেই আরও কিছু বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া উচিত। লিখেছেন আসফিদুল হক, এঁকেছেন শিখা
খাদ্য
ভাবুন একবার, গরিব কৃষকদের অস্বাস্থ্যকর খেত-খামারে উৎপাদিত ধান, গম, শাকসবজি বা ফলমূল খেলে ভিআইপিদের কি শরীর খারাপ করবে না? অবশ্যই করবে। তাই ভবিষ্যতে ভিআইপিদের খাদ্য উৎপাদনের জন্য বিশেষ শীতাতপনিয়ন্ত্রিত ফসলের মাঠ তৈরি করতে হবে, যেখানে মানুষের বদলে কাজ করবে রোবট। আশা করি, স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য উৎপাদিত হলে ভিআইপিরা আরও বেশি দিন জীবিত থেকে আমাদের সেবা করার সুযোগ দেবেন।

কদিন ধরে দেখছি ভর্তা ছাড়া অন্য কোনো আইটেম নাই। ঘটনা কী?
তোমাদের রোবটগুলার প্রোগ্রামে কোনো সমস্যা হইছে মনে হয়। ওরা খেত থেকে সবজি তোলার সময় চাপ দিয়ে ভর্তা করে ফেলছে।
আম্মা, রোবটের টেন্ডারটা কিন্তু আব্বাই পাইছিল!
ঘুম
সাধারণ জনগণের অত্যাচারে ভিআইপিদের ঘুমাতে হয় সাউন্ডপ্রুফ রুমে। কিন্তু ভিআইপিরাও আমাদের মতো মানুষ, তাদেরও ইচ্ছে হতে পারে হিমুর মতো দরজা-জানালা খুলে রেখে ঘুমাতে। তাই এখন থেকেই আমাদের সতর্ক হওয়া প্রয়োজন। ভিআইপিদের ঘুমের সময় হওয়ার আগেই এলাকার প্রতিটি বাসার বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়তে হবে। শিশুরা শব্দ করলে তাদের কবিতা শোনাতে হবে, ‘গোল কোরো না গোল কোরো না, ভিআইপি ঘুমায় রুমে...।’

আম্মু, আমি ঘুমাব না, আমাকে ক্ল্যাশ অব ক্ল্যানে অ্যাটাক দিতে হবে।
অ্যাটাক সকাল দিয়ো বাবু, এখন জলদি ঘুমাও, নইলে কিন্তু ভিআইপি আসবে!
বস্ত্র
সাধারণ জনগণের মতো একই ধরনের জামাকাপড় পরলে আর কিছুদিন পর ভিআইপিদের মান-ইজ্জত বলে কিছু অবশিষ্ট থাকবে না। তাই ভিআইপিদের জন্য স্বতন্ত্র বস্ত্র কারখানা গঠন করতে হবে। সেখানে যাঁরা কর্মী হিসেবে কাজ করবেন তাঁরা বাকি জীবন অন্য কোথাও কাজ করতে পারবেন না। তবু কেউ যাতে চুক্তিভঙ্গের দুঃসাহস না করেন সে জন্য মোগল আমলের মসলিন কারিগরদের পরিণতি প্রতিদিন মনে করিয়ে দিতে হবে। তাহলেই ভিআইপিদের জন্য বিশেষ, ব্যতিক্রমী কাপড়-চোপড়ের অভাব হবে না।

আরে ভাই, আপনি দেখি খালি গায়েই অফিসে চলে এসেছেন!
হে হে, আমি মোটেও খালি গায়ে নই। আমার গায়ে আছে স্পেশাল ট্রান্সপারেন্ট ড্রেস, যা কালকেই ভিআইপি গার্মেন্টস থেকে আনিয়েছি।
বাসস্থান
সাধারণ মানুষের মতো ভিআইপিরাও এই মলিন, ধূলিমাখা পৃথিবীতে বাস করেন—এই ভাবনা আমাদের পীড়া দেয় প্রচণ্ড। হয়তো ভবিষ্যতের কোনো এক সময় ভিআইপিরাও পৃথিবীতে বাস করতে গিয়ে হাঁপিয়ে উঠবেন, বিষণ্ন পূর্ণিমায় আবৃত্তি করে উঠবেন জীবনানন্দ দাশের সেই কবিতা, ‘আমার সমস্ত হৃদয় ঘৃণায়-বেদনায়-আক্রোশে ভ’রে গিয়েছে;/ সূর্যের রৌদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি-কোটি শূয়োরের আর্তনাদে উৎসব শুরু করেছে।’ সে সময় আসার আগেই আমাদের সতর্ক হতে হবে। ভিআইপিদের মঙ্গল বা নতুন কোনো গ্রহে পাঠিয়ে দিতে হবে, যেখানে ওয়াই-ফাইয়ের সিগন্যাল ভালো পায়। আশা করা যায়, সেখান থেকেই তাঁরা শান্তিতে আমাদের দেশ পরিচালনা করতে পারবেন।

দুদিন ধরে পৃথিবীতে ভিডিও কল করা যাচ্ছে না কেন?
কীভাবে করবেন, স্যার? এলিয়েনরা আপনার ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড পেয়ে সব ইন্টারনেটের স্পিড খেয়ে ফেলছে যে!