ভিক্ষা করেই চলে জীবন, বয়স্কভাতা জোটে না
‘আগে রিকশা চালিয়ে সংসার চালাতাম। কোমরে ব্যথা শুরু হওয়ায় তিন মাস ধরে বেকার। স্ত্রী ও মেয়েকে খাওয়াতে পারি না। এখন ভিক্ষা করে চলছি। গ্রামের অনেক প্রভাবশালী সরকারের বয়স্কভাতা পায়। কিন্তু আমাদের কপালে ওই ভাতা জুটছে না।’গত রোববার সকালে কক্সবাজার শহরের নুনিয়াছটা ফিশারিঘাটে কথাগুলো বলছিলেন আলী মিয়া (৮১)। তাঁর বাড়ি টেকনাফের কাঞ্জরপাড়ায়। দুই ছেলে বিয়ে করে আলাদা সংসার পেতেছেন। এরপর স্ত্রী ও এক মেয়েকে নিয়ে বিপাকে পড়েন বৃদ্ধ আলী মিয়া। গ্রামে আয়রোজগারের কাজ নেই বলে তিনি পরিবার নিয়ে চলে আসেন কক্সবাজার শহরে। একই অবস্থা চকরিয়ার কাকারা গ্রামের বৃদ্ধা সোনা বিবির। সোনা বিবি (৭৮) কয়েক বছর ধরে কক্সবাজার শহরের প্রধান সড়কে ভিক্ষা করে কোনো রকম বেঁচে আছেন। সোনাবিবি বলেন, ‘সৈকতের সমিতি পাড়ার ঝাউবাগানের ভেতরে ঝুপড়িঘর তৈরি করে থাকি। সারা দিন ভিক্ষা করে যা আয় করি তা দিয়ে দুই বেলা খাবারও জুটে না। প্রতি সপ্তাহে ওষুধ কিনতে হয় ২৪০ টাকার। সেই টাকাও ঠিকমতো জমানো হয় না। বয়স্কভাতার ৩০০ টাকা পেলে অন্তত ওষুধ কেনার খরচ মিটত।’ আলী মিয়া ও সোনা বিবির মতো শহরের নাজিরারটেক, সমিতিপাড়া, টেকপাড়াসহ জেলার টেকনাফ, উখিয়া, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়া, রামু উপজেলায় অন্তত এক লাখ বয়স্ক মানুষ সীমাহীন কষ্টে দিনযাপন করছেন। সরকারের বয়স্কভাতা পান না তাঁরা।সমিতিপাড়ার বৃদ্ধা লাল বানু (৭২) বলেন, ‘এই বয়সেও দিনে ১০ ঘণ্টা মজুরি খাটতে (শুঁটকিপল্লিতে) হচ্ছে। না হলে খাবার জুটবে না। ঘুষ দিতে পারি না বলে-আমাদের নাম বয়স্কভাতার তালিকায় উঠছে না। অথচ অনেক রোহিঙ্গা স্থানীয় হিসেবে তালিকায় নাম তুলে বয়স্কভাতা হাতিয়ে নিচ্ছেন।’ কক্সবাজার নাগরিক সমাজের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, জেলার বর্তমান লোকসংখ্যা প্রায় ২৪ লাখ। এর মধ্যে বয়স্কভাতা পাওয়ার যোগ্য ৬৫ বছরের বেশি বয়স্ক মানুষের সংখ্যা প্রায় তিন লাখ। এর মধ্যে অতিদরিদ্র এক লাখের বেশি নারী-পুরুষ কষ্টে দিনযাপন করছেন। এর সত্যতা নিশ্চিত করে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক প্রীতম কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, বর্তমানে জেলার আটটি উপজেলায় ৩৭ হাজার ১৪৫ জনকে মাসিক ৩০০ টাকা করে বয়স্কভাতা দেওয়া হচ্ছে। এর মধ্যে ৪০ শতাংশ নারী। ইতিমধ্যে বয়স্কভাতার জন্য অতিদরিদ্র আরও ৫০ হাজার জনের তালিকা তৈরি করা হয়েছে। বরাদ্দ এলে তাঁদের আওতায় আনা হবে।রোহিঙ্গারা বয়স্কভাতা পাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে তাঁর জানা নেই। তালিকা তৈরি করে ইউনিয়ন পরিষদ। আমরা ব্যাংকের মাধ্যমে ভাতার টাকা পরিশোধ করছি। তালিকা তৈরিতে স্বজনপ্রীতি বা অনিয়ম হলে করার কিছু নেই।’ সংশ্লিষ্ট সূত্র মতে, বর্তমানে কক্সবাজার সদর উপজেলায় পাঁচ হাজার ৪০৯ জন, রামুতে চার হাজার ৪৯৫ জন, মহেশখালীতে পাঁচ হাজার ৩৪৯ জন, চকরিয়ায় ছয় হাজার ৬৪৪ জন, পেকুয়ায় চার হাজার ৬৬ জন, কুতুবদিয়ায় দুই হাজার ৫১০ জন, উখিয়ায় তিন হাজার ৬৪ জন, টেকনাফে চার হাজার ২৫৩ জন ও কক্সবাজার পৌরসভায় এক হাজার ৩৫৫ জন বয়স্কভাতা পাচ্ছেন।