ভিক্ষাবৃত্তি ছেড়ে সেলিনা এখন রিকশা ও গরুর মালিক

স্বামী অসুস্থ হওয়ায় সংসারে আয়-রোজগার বন্ধ হয়ে গিয়েছিল। কাজ না পেয়ে সেলিনা বেগম মানুষের কাছে হাত পেতে সংসার চালাতেন। তবে বছর খানেক আগে ছেড়েছেন ভিক্ষাবৃত্তি। উন্নয়ন সংস্থার দেওয়া অনুদান দিয়ে কিনেছেন হস্তশিল্পের সামগ্রী, গরু ও রিকশা। বর্তমানে স্বাবলম্বী এই নারী সন্তানদের িবদ্যালয়েও পাঠাচ্ছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ–পশ্চিম সৈয়দপুর গ্রামে সেলিনা বেগম এখন নতুন জায়গায় ঘর তুলেছেন। গত বছর অনুদানের এক লাখ টাকা হাতে পেয়েই ভিক্ষাবৃত্তি ছাড়েন তিনি। এই এক বছরে ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছেন। এখন প্রতি মাসে গড়ে ১৫ হাজার টাকা আয় করেন। অনুদানের টাকা ফেরত দিতে হয়নি বলে আয়ের পুরোটাই তিনি পরিবারের সদস্যদের জীবনমানের উন্নয়নে ব্যয় করতে পারছেন।
গত দুই বছরে সীতাকুণ্ড উপজেলার এমন ১০ ব্যক্তি ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হয়েছেন। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ও বেসরকারি সংস্থা ইপসার সহায়তায় হতদরিদ্র মানুষদের আত্মকর্মসংস্থানের এই প্রকল্প শুরু হয়েছিল ২০১৪ সালে। ইপসার কর্মকর্তারা বলেন, অনেক যাচাই–বাছাইয়ের পর ২০১৪ ও ২০১৫ সালে দুই দফায় পাঁচজন করে ১০ জনকে ভিক্ষাবৃত্তির পেশা থেকে পুনর্বাসিত করা হয়েছে। এদের প্রত্যেককে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। অনুদানের টাকায় কর্মসংস্থানের উপকরণ কেনা ছাড়াও প্রত্যেককে ঘর তৈরি করে দেওয়া হয়েছে।
১৬ নভেম্বর সেলিনার বাড়িতে গিয়ে দেখা যায়, নতুন জমিতে কাঠ ও টিন দিয়ে নতুন ঘর তুলেছেন তিনি। বাড়ির সামনের আঙিনায় গরুর পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছিলেন তিনি। সেলিনা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামীর অসুস্থ হওয়ার পর মেয়ে সায়রা আক্তারের পড়াশোনা বন্ধ করে দিতে হয়েছিল। দিন কাটত ভিক্ষা করে। গত বছরের জুলাই মাসে ইপসার একজন কর্মকর্তা আসেন আমাদের বাড়িতে। তখন আমাদের এ অবস্থা দেখে সহযোগিতার আশ্বাস দেন তিনি। কিছুদিনের মধ্যে এক লাখ টাকা অনুদান পাই।’
সেলিনা বেগম বলেন, এ টাকার মধ্যে ৪২ হাজার টাকায় দুধের গরু, ২২ হাজার টাকায় একটি রিকশা ও ৬ হাজার ১০০ টাকার বেত কিনেছেন হস্তশিল্পের কাঁচামাল হিসেবে। বাকি টাকা দিয়ে ঘর নির্মাণ করেছেন। ইপসার সঙ্গে চুক্তি অনুযায়ী তাঁর ভাই বেল্লাল হোসেন সেলিনাকে দেড় শতক জায়গা দেন। ওই জায়গাতেই ঘর তোলেন তিনি।
সেলিনা বলেন, সহায়তা পেয়ে জীবন বদলে গেছে তাঁর। তিনি এখন বেত ও বাঁশ দিয়ে মোড়া, খাঁচাসহ বিভিন্ন উপকরণ বানিয়ে বাজারে বিক্রি করেন। দুধ বেচে নতুন গরুও কিনেছেন। স্বামী রিকশা চালিয়ে আয় করছেন। জমানো টাকা দিয়ে একটি সেচ পাম্প কিনেছেন। এ পাম্প দিয়ে মানুষের জমিতে পানি দেন। ঘণ্টা হিসাবে টাকা নেন। এখন ছেলেমেয়েদের আবার স্কুলে ভর্তি করিয়েছেন।
সৈয়দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী বলেন, ভিক্ষুকদের পুনর্বাসনে এ ধরনের প্রকল্প আরও বেশি হওয়া উচিত। সেলিনার সাফল্য এখন আমাদের প্রেরণা।