ভিক্ষুক ও গৃহকর্মী সেজে তথ্য সংগ্রহ পরে ডাকাতি!
কখনো ভিক্ষুক, কখনো গৃহকর্মী সেজে ঘুরে বেড়ান তিনি। নিজেকে অসহায় পরিচয় দিয়ে মানুষের সঙ্গে সখ্য গড়ে তোলেন। কোনো ঘরে ঢুকে কারা থাকেন, কোন কক্ষে কী জিনিস থাকে, তা দেখে নেন। পরে সেসব তথ্য ডাকাত দলকে সরবরাহ করেন।
তাঁর নাম ফেরদৌস বেগম (৩০)। তাঁর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই ডাকাত দল ডাকাতি করে। বিনিময়ে তিনি টাকা পান ডাকাত দলের কাছ থেকে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর চট্টগ্রাম বিচারিক হাকিম বেগম ফারহানা ইয়াছমিনের খাস কামরায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজের কৃতকর্মের দায় স্বীকার করেন ফেরদৌস।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে বলেন, বোয়ালখালীর ফেরদৌস বেগম ভিক্ষুক ও গৃহকর্মী সেজে তথ্য সংগ্রহ করতেন। পরে ডাকাত দলের কাছে তা সরবরাহ করতেন।
ফেরদৌস বেগম আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল এলাকার বাসিন্দা মোহাম্মদ হানিফতাঁর স্বামী। হানিফ শারীরিক প্রতিবন্ধী হওয়ায় সংসার চালানো কষ্টকর হয়ে পড়ে তাঁর পক্ষে। ফেরদৌসের ভাশুর জাফরের সঙ্গে ডাকাত সরদার মো. জাকিরের সম্পর্ক রয়েছে। সেই সুবাধে জাকির তাঁদের ঘরে আসা-যাওয়া করতেন। এক বছর আগে জাকির তাঁকে বিভিন্ন জায়গায় ঘুরে তথ্য সংগ্রহে উদ্বুদ্ধ করেন।
জাকিরের কথামতো ফেরদৌস বেগম নেমে পড়েন তথ্য সংগ্রহে। ভিক্ষুক ও গৃহকর্মী সেজে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন তিনি। গত ৬ মার্চ কধুরখীল এলাকার দীপ্তি চৌধুরীর বাড়িতে ডাকাতি হয়। ডাকাতির ঘটনার আগে ওই বাড়ির সব তথ্য ফেরদৌস ভিক্ষুক সেজে সংগ্রহ করেন। পরে ডাকাত মো. জাকিরকে ওই তথ্য দেন। সম্মানী হিসেবে ফেরদৌস পান এক হাজার টাকা। উপজেলার চরণদ্বীপ এলাকার হািজ ইসমাইলের বাড়িতে গত ২১ সেপ্টেম্বর ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির সময় এক শিশুও নিহত হয় ডাকাতদের গুলিতে। সেই বাড়িতেও ডাকাতির আগে ডাকাত দলকে তথ্য দিয়েছিলেন ফেরদৌস। তাঁকে কধুরখীল এলাকা থেকে ১৪ অক্টোবর গ্রেপ্তার করে বোয়ালখালী থানার পুলিশ। পরদিন তিনি আদালতে জবানবন্দি দেন।