ভিক্ষুরা যেখানে পরিবেশবাদী
উত্তর কম্বোডিয়ার সরং রুকাভর্ন বন স্থানীয়দের কাছে ‘ভিক্ষুদের জঙ্গল’ নামে পরিচিত। শত বছর আগে এক প্রবীণ বৌদ্ধ ভিক্ষু ধ্যান করতে এ বনে আশ্রয় নেন। নির্জনতার আশায় ‘বনবাসে’ এলেও কাঠচোরসহ নানা উপদ্রব মোকাবিলা করতে হতো তাঁদের। তবে ধর্মীয় কাজে যুক্ত বলে কম্বোডীয় সমাজে ভিক্ষুদের সম্মান ও প্রভাব আলাদা। এত দিন এর জোরেই বনদস্যু চক্রের বিরুদ্ধে লড়েছেন ভিক্ষুরা। কিন্তু সরকারি কর্মকর্তারাও গাছচোরদের সঙ্গে হাত মেলানোয় এখন বাইরের সাহায্য জরুরি হয়ে পড়েছে শান্তিকামী মানুষগুলোর জন্য।কম্বোডিয়ার ওডার মিনচে প্রদেশের যে ১৩টি সামাজিক বন কার্বন ক্রেডিট অর্জনের জন্য তালিকাভুক্ত হয়েছে তার অন্যতম সরং রুকাভর্ন। ৬৮ হাজার হেক্টরেরও বেশি এলাকাজুড়ে এটি বিস্তৃত। জাতিসংঘের একটি উদীয়মান প্রকল্পের আওতায় শিল্পায়িত দেশগুলোর সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো তাদের পক্ষে কার্বন নিঃসরণ হ্রাসের জন্য দরিদ্র দেশগুলোকে টাকা দিয়ে থাকে। বিনিময়ে দেশগুলো তাদের গাছ কাটা বন্ধ রাখে। সহজ ভাষায় এটিই কার্বন ক্রেডিট কার্যক্রম।কম্বোডিয়ার এই ভিক্ষুদের জন্য বৈশ্বিক উষ্ণায়ন নতুন বিষয় হলেও প্রকৃতি রক্ষার প্রশ্নটি নতুন নয়। বৌদ্ধধর্মে সব সময়ই বন বা বন্যপ্রাণীর মতো প্রকৃতির উপাদানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সরং রুকাভর্নে বাস করা ভিক্ষু থা সুন বলেন, একাধিকবার এ বনে বৃক্ষনিধনকারীদের মুখোমুখি হয়েছেন তিনি। ভিক্ষু বলেই এত দিন তাঁদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পেরেছেন বলে মনে করেন থা সুন। তবে কম্বোডিয়ার অধিকাংশ বন সরং রুকাভর্নের মতো সৌভাগ্যের অধিকারী নয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী দেশটির অর্ধেকেরও বেশি বনভূমি ১৯৯০ সালের মধ্যে ধ্বংস হয়ে গেছে। সরকার যদি এক দশক আগে গাছ কাটার বেশির ভাগ লাইসেন্স বাতিল না করত তাহলে অবস্থা হতো আরও খারাপ। লন্ডনভিত্তিক এনজিও গ্লোবাল উইটনেসের তথ্য অনুযায়ী, নব্বইয়ের দশকে কোনো একপর্যায়ে কম্বোডিয়ার মোট আয়তনের প্রায় ৪০ শতাংশ কাঠ ব্যবসায়ীদের বরাদ্দ দেয় সরকার। কম্বোডিয়া ডেইলি সংবাদপত্রের এক সাম্প্রতিক খবরে বলা হয়েছে, সরকার দৃশ্যত নীতি পাল্টে ফেলে দেশের ১০টি সংরক্ষিত বন এলাকায় ১৭টি কৃষিভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠানকে এক হাজার ১১০ বর্গকিলোমিটার ভূমি বরাদ্দ দিয়েছে।রাষ্ট্রীয় সম্পদ বনভূমিকে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ায় ওডার মিনচে প্রদেশে মানুষের জীবিকার উৎস হারিয়ে যেতে থাকে। চারণভূমি কমে যাওয়ায় গবাদিপশু পালন কঠিন হয়ে পড়েছে। বনের ফলমূল, মধু ও ঐতিহ্যবাহী ভেষজ ওষুধের ওপর নির্ভরশীল ছিল অনেক মানুষ। তারা এসব থেকে বঞ্চিত হতে থাকে। ওডার মিনচে প্রদেশ এরই মধ্যে বহু ধ্বংস দেখেছে। ভিয়েতনামের অভিযানে কট্টরপন্থী খেমাররুজেরা ১৯৭৯ সালে উৎখাত হলে তারা পালিয়ে এখানকার বনে ঘাঁটি গাড়ে। খেমাররুজেরা তাদের ব্যয় মেটাতে বন উজাড় করে কাঠের রমরমা ব্যবসা চালায়। নব্বইয়ের দশকের শেষ দিকে ক্রমে অঞ্চলটিতে শান্তি ফিরে আসে। কিন্তু এলাকার তেমন উন্নয়ন হয়নি। ওডার মিনচের বনভূমির জন্য কার্বন ক্রেডিটের আবেদনে সহায়তাকারী ওয়াশিংটনভিত্তিক বেসরকারি সংস্থা প্যাক্ট বলেছে, এ থেকে পাওয়া অর্থে প্রদেশটিতে রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল নির্মাণ করা যাবে। এখানকার বনভূমি ৩০ বছরে যে পরিমাণ কার্বন শোষণ করবে তার মূল্যমান পাঁচ কোটি মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। জাতিসংঘের আরইডিডি (REDD) নামের প্রকল্পটির অধীনে চুক্তি সাধারণত এ মেয়াদেরই হয়ে থাকে। এখন সরকারের শক্তিশালীপৃষ্ঠপোষকতা থাকায় আরইডিডি চুক্তি বৃক্ষনিধনকারীদের বিরুদ্ধে লড়াইয়ে স্থানীয়দের ক্ষমতা অনেক বাড়িয়ে দেবে বলেই মনে করা হচ্ছে। তবে সরকারের ভূমিকাই অনেকের জন্য উদ্বেগের কারণ। ৫৮ বছর বয়সি গ্রামপ্রধান কুয়ে থুর্ন বলেন, ‘কার্বন ক্রেডিটের অর্থ জনসাধারণের কাছেও পৌঁছাতে পারে আবার দুর্নীতিবাজ কর্মকর্তাদের পকেটেও চলে যেতে পারে। আমরা দেখব শেষ পর্যন্ত কী হয়।’ ইসরাত জাহান সূত্র: টাইম সাময়িকী