চট্টগ্রামের মিরসরাইয়ে ভিজিডির (ভার্নারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। কার্ডে ৩০ কেজি লেখা থাকলেও গ্রাহকদের দেওয়া হচ্ছে ২০ কেজি চাল। গত ৩১ মে সকালে উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নে গিয়ে দেখা যায় উক্ত ইউনিয়নের নয়টি ওয়ার্ডের প্রায় ৪৫ জন হতদরিদ্র মহিলাকে ভিজিডি কার্ডের আওতায় চাল বিতরণ করা হচ্ছে। হিঙ্গুলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিরিনা আক্তার (কার্ড নম্বর ১০), ৬ নম্বর ওয়ার্ডের পারভিন আক্তার (কার্ড নম্বর ৩১), ৭ নম্বর ওয়ার্ডের রাহেনা আক্তার (কার্ড নম্বর ৩৬), একই ওয়ার্ডের বিবি কুলসুম (কার্ড নম্বর ৩৫), ৫ নম্বর ওয়ার্ডের রোজিনা বেগম (কার্ড নম্বর ২৩), ৯ নম্বর ওয়ার্ডের রোজিনা আক্তার (কার্ড নম্বর ৪৫), ১ নম্বর ওয়ার্ডের জাহানারা বেগম (কার্ড নম্বর ১০) ,৩ নম্বর ওয়ার্ডের নূরের নাহার (কার্ড নম্বর ১৭), ৪ নম্বর ওয়ার্ডের রাহেলা আক্তারসহ (কার্ড নম্বর ১৮ ) অনেকে অভিযোগ করেন তাঁদের কার্ডে লেখা ৩০ কেজি চাল দেওয়া হচ্ছে না।এ বিষয়ে হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলাম বলেন, ‘ইউনিয়নের চৌকিদার ও দফাদারদের কিছু চাল দিতে হয়। তাই ভিজিডির আওতায় যারা আছে তাদের কিছু চাল কম দেওয়া হচ্ছে।’ তবে ২০ কেজি চাল দেওয়া হচ্ছে এ কথা ঠিক নয় বলে তিনি জানান। এ ব্যাপারে হিঙ্গুলী ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূঁইয়া চাল কম দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান।হিঙ্গুলী ইউনিয়নের দফাদার দিলীপ কুমার দেব নাথ মুঠোফোনে চাল কম দেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘চৌকিদারদের কিছু দাবি মিটাতে হয় এই চাল দিয়ে। তাই কিছু চাল কম দেওয়া হয়েছে।’এ প্রসঙ্গে উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাঈল জানান, ভিজিডির কার্ডধারী প্রতিজন দুস্থ মহিলাকে ৩০ কেজি করে চাল দেওয়ার নিয়ম। এখানে অনিয়মের সুযোগ নাই। এ প্রসঙ্গে মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।