ভিজিয়ে দিল জলের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে এসে দর্শকদের মন ভরালেন জলের গানের শিল্পীরা l সৌরভ দাশ
চট্টগ্রামে এসে দর্শকদের মন ভরালেন জলের গানের শিল্পীরা l সৌরভ দাশ

সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলার ফটকের কাছে পৌঁছাতেই ঘিরে ধরল গিটার, একতারা, ব্যাঞ্জো আর খোল-করতালের সুর মূর্ছনা। শিল্পকলার প্রাঙ্গণে কয়েক শ তরুণের ভিড়। সামনে কী হচ্ছে দেখার উপায় নেই। কিন্তু কানে এল ‘শালুক ফুলের লাজ নাই/ রাইতে শালুক ফুটে/ যার সনে যার ভালোবাসা/ সেই তো মজা লুটে।’ এই কটি লাইন গায়ক একাই গাইলেন। এরপর দর্শকদের সম্মিলিত কণ্ঠের নিচে চাপা পড়ে গেলেন। সবার কণ্ঠে তখন, ‘বকুল ফুল বকুল ফুল/ সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।’
‘জলের গান’ এভাবেই ভিজিয়ে দিল চট্টগ্রামের দর্শকদের। ১২ আগস্ট ইউএনডিপি ও উন্নয়ন সংস্থা ইপসার উদ্যোগে আয়োজিত হয় যুব উৎসব। দিনব্যাপী এই উৎসবে অংশ নিতে ঢাকার জনপ্রিয় ব্যান্ড জলের গানের চট্টগ্রামে আসা।
বিকেল চারটায় শিল্পকলা মিলনায়তনের রাহুল আনন্দ, কনক আদিত্যদের পরিবেশনা শুরু করার কথা। কিন্তু জলের গান বলে কথা, ভক্ত দর্শকদের চাপে ভেতরে তিল ধারণের জায়গা নেই। শেষমেশ ঘণ্টা দু-এক পর সন্ধ্যা ছয়টায় শিল্পকলার উন্মুক্ত প্রাঙ্গণে শুরু করতে হয় কনসার্ট।
২০০৬ সালে সংগীতজগতে পা রাখা জলের গানের ভিন্নধর্মী পরিবেশনা তরুণদের মন কতটা জয় করেছে তার প্রমাণ মিলল এই আয়োজনে। এই ব্যােন্ডর গান মানেই আলাদা কিছু। তাদের গানে বাংলার জল-মাটি যেমন মিশে আছে, তেমনি তারুণ্যের এলোমেলো কথার ঝাপটাও যেন পাওয়া যায়। ঘণ্টা তিনেকের পরিবেশনায় ছিল টুকরো টুকরো গল্প আর দেশের মানুষ ও প্রকৃতির কথা। কখনো রাহুল, কখনো কনক বললেন, ‘এই দেশ জলের, নদী, সাগর আর ঝরনার। এমন জলের দেশ আর কোথাও তো নেই। জল আমাদের তৃষ্ণা মেটায়, জমিকে নরম করে। তাই এ দেশের গান জলেরই গান।’
কথার ফাঁকে ফাঁকে চলল গান। আর জলের গান যঁারা এত দিন শুনেছেন, তঁাদের জন্য এই ব্যােন্ডর পরিবেশনা দেখাটাও অন্য রকম অভিজ্ঞতা হয়ে থাকল। ব্যাঞ্জো, বেহালা, গিটার, বাঁশি বা পারকিউশন তো ছিলই, এসবের পাশাপাশি নিজেদের উদ্ভাবিত বাদ্যযন্ত্রও বাজিয়েছেন শিল্পীরা। গিটার, সেতার আর দোতারার কাছাকাছি এসব বাদ্যযন্ত্রের তাঁরা চমৎকার নামও দিয়েছেন। মঙ্গলা, শুকতারা, তারাবান বা নয়নতারা নামের বাদ্যযন্ত্রগুলোর সুর সেসবের নামের মতোই মিষ্টি।
এই আসরে আকাশ-মাটি-জল আর চন্দনা নামের অ্যালবামের বাইরের দুটো নতুন গানও করলেন শিল্পীরা।
কনসার্টের আগাগোড়া ছিল দর্শকদের সরব অংশগ্রহণ। মাঝে মাঝে এমনও হয়েছে, শিল্পীরা দর্শক বনে কেবল শুনেছেন। ‘উড়ছি কেন’, ‘এমন যদি হতো’ এই জনপ্রিয় গানগুলো তো দর্শকেরাই গাইলেন আগাগোড়া। সব মিলিয়ে দর্শকদের সঙ্গে যেন একটা প্রাণের বন্ধনই রচিত হয়ে গেল জলের গানের। আসর শেষেও কানে বাজছিল, ‘কোন ছোবলে স্বপ্ন আমার হলো সাদাকালো/ আমার বসত অন্ধকারে/ তোরা থাকিস ভালো।’