
ছুটির দিনে উপচে পড়া ভিড় মেলার প্রায় প্রতিটি দোকানে। মহাব্যস্ততায় দিনটি কাটলেও খেদ নেই বিক্রেতাদের মধ্যে। হাসিমুখেই ক্রেতাদের সন্তুষ্ট করার চেষ্টা করছিলেন তাঁরা। কেবল ছুটির দিন নয়, মেলার দিন যত বাড়বে, সমানতালে ভিড়ও বাড়বে বলে আশা বিক্রেতাদের।
৩ মার্চ থেকে রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে শুরু হয়েছে চট্টগ্রামের সবচেয়ে বড় মেলা ‘চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা’। ২৩তম বারের মতো এ মেলার আয়োজন করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। মেলার সহযোগী দেশ থাইল্যান্ড। মেলায় ৩৮টি প্যাভিলিয়ন ও ২৩৯টি স্টল রয়েছে।
গৃহস্থালির টুকিটাকি থেকে শুরু করে সালোয়ার–কামিজ, জামদানি শাড়ি, বিছানার চাদর, নামকরা ব্র্যান্ডের আসবাব, খাদ্যপণ্য, গয়না, প্রসাধনী—কী নেই মেলায়! ক্রেতা আকর্ষণের জন্য অনেক দোকানেই দেখা গেল ‘বিশেষ অফার’। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানও দিচ্ছে মূল্যছাড়।

চান্দগাঁও থেকে স্বামী ও দুই সন্তানকে নিয়ে মেলায় এসেছিলেন ব্যাংকার শাহানারা আকতার। ঘর সাজানোর জন্য ঝাড়বাতি দেখছিলেন তিনি। প্রথম আলোকে বললেন, ‘ছুটির দিনে সময় পেয়েই মেলায় চলে এলাম। মেলায় একসঙ্গে সবকিছু পাওয়া যায়। আবার বিভিন্ন ধরনের ছাড়ও পাই। এবার লম্বা লিস্ট নিয়ে এসেছি। এখান থেকে অনেক কিছু কেনার ইচ্ছে আছে।’
অবশ্য বিক্রেতাদের চাওয়া—সপ্তাহে এক দিন নয়, প্রতিদিনই ক্রেতাদের ভিড়ে মুখরিত থাকুক মেলা প্রাঙ্গণ। মেলার প্রথম ১৫ দিনে ক্রেতার ভিড় না থাকায় হতাশা কাজ করছিল তাঁদের মধ্যে। হরতাল-অবরোধের কারণে দূরের ক্রেতারা আসতে না পারায় এ অবস্থা তৈরি হয়েছে বলে ধারণা বিক্রেতাদের।
আট বছর ধরে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে নারায়ণগঞ্জের জামদানি শাড়ির প্রতিষ্ঠান উষা জামদানি উইভিং ফ্যাক্টরি। এবারের বিক্রিবাট্টায় সন্তুষ্ট নন প্রতিষ্ঠানটির বিক্রেতারা। পলাশ মাহমুদ নামের একজন বিক্রেতা বললেন, ‘পাইকারি দামে আমরা শাড়ি বিক্রি করি। তবে বিক্রি এখনো কম। অনেকেই শাড়ি দেখে যাচ্ছেন। হয়তো মেলার শেষ দিকে বিক্রিবাট্টা আরও বাড়বে।’
একই রকম বক্তব্য হোম টেক্সটাইল শোরুমের বিক্রয়কর্মী মো. রুহুল আমিনেরও। তিনি বলেন, ‘মেলার শেষ ১০ দিনেই বেশি বিক্রি চলে। ব্যবসার পাশাপাশি পণ্যের পরিচিতি বাড়ানোও আমাদের অন্যতম উদ্দেশ্য।’

মেলা ঘুরে দেখা গেল, ছোট স্টল থেকে শুরু করে নামজাদা ব্র্যান্ডের প্যাভিলিয়নে চলছে মূল্যছাড়। প্রাণ গোল্ড প্যাভিলিয়নের ইনচার্জ জিয়াউল হক জানালেন, প্রতিটি পণ্য ১০ শতাংশ ছাড় দিচ্ছেন তাঁরা। আরএফএল, হাতিল, আখতার ফার্নিশার্সও দিচ্ছে বিশেষ মূল্যছাড়। নাহিদ রহমান ও কাকন রহমান দম্পতি মূল্যছাড়ের সুযোগ নিয়ে মেলা থেকে একটি সোফা সেট কিনলেন। শোরুমের তুলনায় মেলায় কম দামে কিনতে পারায় বেশ খুশি দেখাচ্ছিল তাঁদের।
ছোট বোন ও মেয়েকে নিয়ে সালোয়ার–কামিজ দেখছিলেন হালিশহরের গৃহিণী সাফিনা বেগম। তবে কোনো কাপড় পছন্দ না হওয়ায় হতাশা প্রকাশ করে বললেন, ‘প্রতিবছর এই মেলাটার জন্য অপেক্ষা করি। কারণ, চট্টগ্রামে যতগুলো মেলা হয়, এটি তার মধ্যে সবচেয়ে বড়। ভেবেছিলাম, ব্যতিক্রম ডিজাইনের কাপড় পাওয়া যাবে। কিন্তু একটিও পছন্দ হলো না।’
দেশীয় বিখ্যাত সব ব্যান্ডের পাশাপাশি মেলায় অংশ নিয়েছে থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, ইরানের মতো দেশও। এসব স্টলেও দর্শনার্থীদের ভিড়ের কমতি ছিল না। থাইল্যান্ড প্যাভিলিয়নের স্টলগুলোতে গিয়ে দেখা গেছে তরুণীদের ভিড় বেশি। চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী জ্যোতি ও সালমা জানালেন, মেলা শুরু হওয়ার পর তিন-চারবার মেলায় ঢুঁ মেরেছেন তাঁরা। এ পর্যন্ত ছোটখাটো গয়না ও প্রসাধনী কিনেছেন। গিভ অ্যান্ড টেক স্টলের কর্ণধার তুষারও জানালেন, অল্প দামের গয়না ও ব্যাগ এবার বেশি বিক্রি হয়েছে।
মেলার পরিবেশ নিয়ে খুব বেশি অভিযোগ না থাকলেও টাকা তোলার জন্য কোনো বুথ না থাকায় ক্রেতাদের অনেকেই ভোগান্তিতে পড়েছেন বলে জানালেন বিক্রেতারা। লিজা হোম টেক্সটাইলের কর্ণধার মাহফুজ ভুঁইয়া বললেন, ক্রেতাদের অনেকেই নগদ টাকা নিয়ে মেলায় আসতে চান না। আয়োজকদের এ বিষয়টি মাথায় রাখা উচিত ছিল। এ ছাড়া মেলায় তীব্র পানির সংকট রয়েছে। মেলায় ২৪ ঘণ্টা থাকা বিক্রেতারা তো বটেই, দর্শনার্থীরাও পানির সংকটে কষ্ট পাচ্ছেন।