ভিডিও আর্টে সহিংস সমকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীর গ্যালারিতে যোগ আয়োজিত প্রদর্শনীতে দর্শনার্থীরা  প্রথম আলো
শিল্পকলা একাডেমীর গ্যালারিতে যোগ আয়োজিত প্রদর্শনীতে দর্শনার্থীরা প্রথম আলো

একটা লাল চেয়ার, তার দুপাশে দড়ি টানাটানিরত একদল মানুষ। চেয়ারটা কখনো ডানে সরছে, কখনো বা বাঁয়ে।
চেয়ারের জন্য দড়ি টানাটানির এই প্রাসঙ্গিক চিত্র ভিডিও আর্টের মাধ্যমে উপস্থাপন করেছেন সুব্রত দাশ। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির বয়ানও বলা যেতে পারে একে। ক্ষমতা নিয়ে অনৈতিক যুদ্ধ লাগামহীনভাবে চলছে রাজপথ থেকে টেলিভিশনের টক শোতেও। বিরামহীন এই লড়াইয়ের শিকার দেশের সাধারণ নাগরিকেরা আজ বিপর্যস্ত, ভীত ও অসহায়।

যোগ অলটারনেটিভ আর্ট স্পেস আয়োজিত পাঁচ দিনব্যাপী ভিডিও আর্টের প্রদর্শনীতে বিভিন্ন শিল্পীর কাজে সমকালের চেহারাটাই দেখতে পেলেন দর্শক। সার্বিক পরিস্থিতি নিয়ে শিল্পীদের বিদ্রূপ, ক্ষোভ আর হতাশাও যেন টের পাওয়া গেল।
জেলা শিল্পকলা একাডেমীর গ্যালারিতে অনুষ্ঠিত পাঁচ দিনের এই প্রদর্শনী শেষ হয় গতকাল শনিবার। যোগের নয়জন শিল্পীর সঙ্গে প্রদর্শনীতে অংশ নিয়েছিলেন জাপানি শিল্পী মাকিজোনো কেঞ্জি।

গত নভেম্বর মাসের শুরুতে বাংলাদেশে আসা মাকিজোনো কেঞ্জি চট্টগ্রামের শিল্পীদের নিয়ে অ্যানিমেশন ভিডিও আর্টের ওপর মাসব্যাপী কর্মশালা পরিচালনা করেন। কর্মশালায় অংশ নেওয়া শিল্পীরা ভিডিও মাধ্যমে তাঁদের কাজ উপস্থাপন করেন।
গ্যালারির দ্বিতীয় তলার প্রদর্শনী কক্ষের দরজার পাশের দেয়ালে প্রজেক্টরের আলো ফেলা হয়েছে। একটি লাল টেলিফোন বেজে উঠছে সশব্দে। পাশেই একটি শতচ্ছিন্ন গদিওয়ালা চেয়ার। তসলিমা আক্তারের এই কাজেরও লক্ষ্যবস্তু এদেশের সুবিধাবাদী রাজনীতি।

শান্তির অবতার গৌতম বুদ্ধকে নিয়ে অ্যানিমেশন তৈরি করেছেন জিহান করিম। ব্যবহার করেছেন দুহাত ওপরে তোলা লাফিং বুদ্ধ নামের বিগ্রহের ছবি। হাসতে থাকা বুদ্ধ যেন বিদ্রূপ ছুড়ে দেন চলমান ব্যবস্থার প্রতি।
বাংলাদেশে এসে প্রথম লোডশেডিং দেখার সুযোগ পান জাপানি শিল্পী কেঞ্জি মাকিজোনো।
গ্যালারির একটি কক্ষে ঘুলঘুলি (ভেন্টিলেটর) আর আইপিএস ব্যবহার করে তৈরি করেছেন একটি স্থাপনা। বাংলাদেশের বিদ্যুৎ বিভ্রাটের সৌন্দর্যকে ধরতে চেয়েছেন তিনি।

নিজের কাজ সম্পর্কে কেঞ্জি বলেন, ‘জাপানে কখনো বিদ্যুৎ বিভ্রাট দেখিনি। এটা আমার কাছে অভাবনীয়। আমার কাছে বিষয়টা এতই ভালো লেগেছে যে আমি গোটা একটা কক্ষকে অন্ধকার করে দিয়েছি। বিদ্যুৎ বিভ্রাট যে দারুণ সুন্দর বিষয় তা দেখাতে চেয়েছি।’
প্রদর্শনীতে আরও অংশ নিয়েছিলেন শায়লা শারমিন, রিয়াদ মাহমুদ, তানিয়া নাজনীন, রিপন সাহা, মামুর আহসান ও সায়েম হোসেন।