ভিডিও গেমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

বয়স কাছাকাছি হওয়ায় আমরা দুই ভাই ছোটবেলায় সব সময় একসঙ্গেই থাকতাম। সেই সময় আমাদের স্থানীয় বাজারে একটা ভিডিও গেমসের দোকান খোলা হয়। স্কুলে গিয়ে বন্ধুদের কাছে গেমসের গল্প শুনে জিনিসটা দেখার আগ্রহ অনেক বেড়ে যায়। একদিন বিকেলবেলা বন্ধুদের সঙ্গে আমি ও আমার ছোট ভাই গেলাম গেমসের দোকানে। গিয়ে দেখি, পুরো দোকান কানায় কানায় পূর্ণ। দু-একজন করে খেলছে আর বাকিরা সব হাঁ করে দাঁড়িয়ে দেখছে। সেখানে গিয়ে জানতে পারলাম, গেমসের নাম মোস্তফা। যা হোক, পকেটে টাকা না থাকায় সেদিন বাসায় চলে এলাম। পরদিন সকালে বাবা অফিসে যাওয়ার পর আমরা দুই ভাই টাকা নিয়ে হাজির হলাম গেমসের দোকানে। যারা মোটামুটি খেলা পারে, তাদের কাছ থেকে কিছু কৌশল শিখে নিয়ে আমরা দুজন খেলা শুরু করে দিলাম। আর এভাবেই শুরু হলো আমাদের গেমস খেলা। ভালো খেলার সুবাদে কিছুদিনের মধ্যেই আমরা দুই ভাই গেমসের দোকানের পরিচিত মুখ হয়ে উঠলাম। গেমসের নেশা আমাদের পেয়ে বসল। হাতে টাকা পেলেই আমরা চলে যাই গেমসের দোকানে।
যথারীতি একদিন পড়ার টেবিলে বসে বই নাড়াচাড়া করছি আর অপেক্ষায় আছি বাবা কখন অফিসে যায়। বাবা অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দুই ভাই গেমসের দোকানে হাজির। সকালবেলা হওয়ায় দোকানে লোক তেমন একটা ছিল না। তাই দেরি না করে আমরা খেলা শুরু করে দিলাম। খেলায় টানটান উত্তেজনা। ৩ কি ৪ নম্বর ‘বস’, মানে ভিলেনকে প্রায় কুপোকাত করে ফেলেছি। এমন সময় মনে হলো, কেউ আমার পেছনের চুল ধরে টানছে। খেলায় এত ব্যস্ত ছিলাম যে তাকিয়ে দেখার সময় নেই। আমরা আমাদের মতো খেলেই যাচ্ছি। যখন চুল টানার মাত্রা বেড়ে গেল, চিৎকার দিয়ে পেছনে তাকিয়ে দেখি বাবা দাঁড়িয়ে। তারপর কী হয়েছিল, সেটা আর নাই-বা বললাম।
মীর শাওন আহাম্মেদ
বরুহা, টাঙ্গাইল।