ভিতরগড়ের ভেতরের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতি হিসেবে সগৌরবে মাথা তুলে দাঁড়ানোর সুযোগ করে দেয় আমাদের সুপ্রাচীন ঐতিহ্য। আর আমাদের হাজার বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস আর ঐতিহ্যের স্মারক প্রত্নতাত্ত্বিক নিদর্শন। পঞ্চগড়ের ভিতরগড় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক এলাকা। ভিতরগড়কে নতুন করে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসার পুরোভাগে ছিল অধ্যাপক শাহনাজ হুসনে জাহান ও তাঁর দল। সম্প্রতি ভিতরগড় রক্ষায় হাইকোর্টের রুল ঘোষণার পর আবারও আলোচনায় এসেছে আনুমানিক ১৪০০ বছরের প্রাচীন এই দুর্গনগর। এই নিয়ে এবারের মূল রচনা। প্রাচীরে ঘেরা প্রায় ২৫ বর্গকিলোমিটার জায়গাজুড়ে সুবিশাল এক দুর্গনগর। সেই দুর্গনগরের ভেতরেই গড়ে উঠেছে স্বাধীন সার্বভৌম এক রাজ্য। রাজ্যজুড়ে রয়েছে দর্শনীয় সব মন্দির আর নানা ধরনের স্থাপত্য। নেপাল, ভুটান, সিকিম, বিহার, তিব্বত, চীনসহ দূরদূরান্ত থেকে সেই রাজ্যে বাণিজ্য করতে আসতেন সম্ভ্রান্ত সব বণিক। এখন সেই বণিকদের দেখা না পাওয়া গেলেও চাইলেই ঘুরে আসতে পারেন এই দুর্গনগর থেকে। বিস্তীর্ণ প্রাচীর কিংবা মন্দিরগুলো অবশ্য আগের অবস্থায় নেই। খুব বেশি তো নয়, প্রত্নতত্ত্ববিদদের অনুমান অনুযায়ী, মাত্র দেড় হাজার বছরের ধুলোমাটির আস্তর জমেছে এগুলোর গায়ে! এখনো ভূগর্ভের নিচে ঘাপটি মেরে আছে অজানা আরও নানা রহস্য!বলছিলাম প্রাচীন দুর্গনগর ‘ভিতরগড়’-এর কথা। নামটা যাঁদের কাছে অপরিচিত ঠেকছে, তাঁদের জন্য একটু খোলাসা করেই বলি, বাংলাদেশের পঞ্চগড় জেলায় আছে এই ভিতরগড়।কাগজে-কলমে ভিতরগড়ের কথা প্রত্নতত্ত্ববিদদের জানা ছিল বহু আগে থেকেই। কিন্তু নতুন করে, নতুন আঙ্গিকে ভিতরগড়কে জানা হলো তখন, যখন প্রত্নতাত্ত্বিক গবেষণার লক্ষ্যে পঞ্চগড়ে পা রাখলেন ঢাকার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক, প্রত্নতত্ত্ববিদ ড. শাহনাজ হুসনে জাহান। ভিতরগড় পরিদর্শন করে তিনি অনুধাবন করলেন, আয়তনের দিক থেকে এই দুর্গনগর অন্যান্য দুর্গনগরের মতো নয়, রীতিমতো বিশাল। অথচ মানুষের হস্তক্ষেপে দ্রুত এসব গুরুত্বপূর্ণ প্রাচীন নিদর্শন প্রায় বিলীন হতে চলেছে। শাহনাজ সিদ্ধান্ত নিলেন, যে করেই হোক ভিতরগড়কে রক্ষা করতে হবে। ‘তখন ছিল ঈদের ছুটি। ছুটি না কাটিয়ে আমি তখন পঞ্চগড়ে গবেষণার কাজ করছি। ঢাকায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কার্যালয়ও তখন বন্ধ। ঈদের ছুটি শেষ হওয়ামাত্র আমি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করলাম। পঞ্চগড়ের সার্বিক পরিস্থিতি জানালাম। বললাম, “আপনারা আর্থিক সহযোগিতা না দিলে আমি নিজের টাকায় ওখানে কাজ শুরু করব।” ২০০৯ সালের জানুয়ারি মাস থেকে ওনারা আমাকে ভিতরগড়ের কাজ শুরু করার অনুমতি দিলেন।’ বলছিলেন শাহনাজ।অতীতের ঘ্রাণকাজ করার অনুমতি পেয়েই শাহনাজ ভাবলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশকেও তাঁর এই কাজের সঙ্গে যুক্ত করা যায় কি না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সানন্দে শাহনাজের প্রস্তাবে রাজি হলো। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের জিইডি কোর্সগুলোর (জেনারেল এডুকেশন কোর্স) মধ্যে নতুন একটি কোর্স সংযোজিত হলো, ‘এক্সপেরিয়েন্সিং দ্য পাস্ট’। অতীতের ঘ্রাণ নিতে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একদল তরুণ ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে পঞ্চগড়ে ছুটলেন ড. শাহনাজ। সেমিস্টারের ছুটির সময়ে ১৫ থেকে ২০ জন করে ছাত্রছাত্রী শাহনাজের সঙ্গে ভিতরগড়ের খননকাজে অংশ নিতে শুরু করলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া পূর্ব-অভিজ্ঞতাহীন কিছু ছেলেমেয়ের জন্য প্রত্নতাত্ত্বিক খোঁড়াখুঁড়ির কাজ, কেমন ছিল সেই অভিজ্ঞতা? কেমন ছিল সেখানকার ২০-২৫ দিনের জীবনযাপন? শাহনাজের ভাষায়, ‘রীতিমতো মিলিটারি লাইফ’! আর ‘এক্সপেরিয়েন্সিং দ্য পাস্ট’ কোর্সের প্রথম ব্যাচের ছাত্র আবদুল্লাহ আল মামুনের ভাষায়, ‘অসম্ভব স্মৃতিময় কিছু দিন!’আবদুল্লাহ আল মামুনের কাছে শোনা হলো সেখানকার এক দিনের রুটিন। ‘তখন ছিল শীতকাল। প্রতিদিন ভোর সাড়ে পাঁচটায় আমাদের ঘুম থেকে উঠতে হতো। সাড়ে ছয়টার মধ্যে নাশতা খেয়ে প্রস্তুত হয়ে ছুটতাম কাজে। আমরা যেখানে থাকতাম, সেখান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ছিল আমাদের কাজের জায়গা। সেখানে দিনভর আমরা ম্যাডামের সঙ্গে কাজ করেছি। রাতে ফিরে আবার নয়টা থেকে ম্যাডাম ক্লাস নিতেন। ক্লাস শেষ হতো সাড়ে ১০টা কিংবা ১১টায়। তারপর আমরা ঘুমাতাম।’ এই ঘুম মানে নরম বিছানায় গা এলিয়ে ঘুম নয়। ড. শাহনাজ আর তাঁর দল ভিতরগড়ে থাকার জন্য সেখানকার স্কুলঘরে দুটি কক্ষ পেয়েছেন। স্কুলের বেঞ্চগুলো একত্র করে এর ওপর ঘুমাতেন তাঁরা। তার চেয়েও অবাক করা বিষয় হলো, ভিতরগড়ে শাহনাজ তাঁর ছাত্রছাত্রীদের নিয়ে যত দিন কাজ করেন, তত দিন তাঁদের খাবারের তালিকায় থাকে কেবল ভাত, সবজি আর ডাল। শাহনাজ বললেন, ‘অনেক ছাত্রছাত্রীর প্রথম প্রথম অসুবিধা হয়। আমি ওদের বোঝাই, এখানকার মানুষ যেমন খায়, আমরাও তা-ই খাব। গ্রামের লোক যেন মনে না করে যে আমরা এখানে পিকনিক করতে এসেছি। গরমের সময় ফ্যান থাকে না। ছাত্রছাত্রীরা বলে, “ম্যাডাম, আমরা ফ্যান ভাড়া করে আনতে পারি না?” আমি ওদের বোঝাই, এখানকার অনেক বাড়িতেই ফ্যান নেই। ছাত্রছাত্রীরা আমার কথা মানে।’ভিতরগড়ের ভূগর্ভস্থ প্রাচীন দুর্গনগরের অনেকাংশের ওপর সাতটি পরিবারের বসবাস। গ্রামের সব মানুষ আগে ভাবত, শহর থেকে একদল লোক এসেছে তাদের সবকিছু লুটে নিতে। অনেক কষ্ট করে স্থানীয় কিছু লোককে বুঝিয়েছেন শাহনাজ ও তাঁর ছাত্রছাত্রীরা। আবদুল্লাহ আল মামুন বলেন, ভিতরগড়ে গিয়ে তাঁরা যে জিনিসটি সবচেয়ে ভালোভাবে শিখেছেন, তা হলো কীভাবে মানুষের সঙ্গে মিশতে হয়। ‘চাইলেই তো আর কেউ তার বাড়ির উঠানে খোঁড়াখুঁড়ি করতে দেবে না। আমরা ওদের বুঝিয়েছি, তাদের জিনিস তাদেরই থাকবে। হাজার হাজার পর্যটক আসবে তাদের এলাকা ঘুরে দেখতে। গ্রামের অনেক লোকের সঙ্গেই বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল আমাদের। কেউ কেউ আমাদের এমনভাবে গ্রহণ করত, যেন পরম আপনজন। কাজের সময় একটু পর পর আমাদের পানি এনে খাওয়াত। কাজ শেষে মাঝে মাঝে আমরা ঝাড়ু দিতে ভুলে গেলে ওরা ঝাড়ু দিয়ে দিত।’ শাহনাজ বললেন, ‘কাজ শেষে আমরা প্রাচীন দেয়ালগুলো পলিথিন দিয়ে মুড়ে আবার মাটিচাপা দিয়ে এসেছি। ওদের ঘরবাড়িও আগের মতোই আছে। সরকার নিয়মমাফিক প্রক্রিয়ায় জায়গাগুলো অধিগ্রহণ করে নেওয়ার পর ওখানে আবার কাজ শুরু হবে। এর আগপর্যন্ত ওরা যেন জায়গাগুলো দেখে রাখে, সে কথা ওদের বলে এসেছি। ওরাও এখন এ ব্যাপারে বেশ সচেতন।’প্রত্নতাত্ত্বিক খননের কাজ সম্পর্কে মামুন বললেন, ‘খুব সাবধানে কাজ করতে হয়েছে আমাদের। আমরা যখন মাটিতে ছুরি চালাতাম, ম্যাডাম বলতেন, “মনে করো এটা তোমাদের হূৎপিণ্ড। নিজের হূৎপিণ্ডে ছুরি চালাচ্ছ। সে রকম সাবধানতা বজায় রেখো।” প্রথম যখন মাটি খুঁড়ে আমরা একটা প্রাচীন দেয়াল আবিষ্কার করলাম, যখন মনে হলো এই দেয়ালটা প্রায় দেড় হাজার বছর আগের, তখন আমাদের চোখ ছলছল করছিল!’ কাজ করতে করতে বেশ মজাও হয় ছাত্রছাত্রীদের মধ্যে। কখনো হয়তো মাটি খুঁড়তে খুঁড়তে কেউ একজন মূল্যবান কিছু একটা পেয়েছে ভেবে হইচই শুরু করে দিল, পরে দেখা গেল সেটা স্রেফ একটা কয়লার টুকরা। এমনি নানা ঘটনার মধ্য দিয়ে কাজ করতে করতে অনেক ছাত্রছাত্রীরই ভিতরগড়ের প্রতি বেশ খানিকটা মায়া জন্মে গেছে। কখনো কখনো বেশ কষ্টদায়ক অভিজ্ঞতাও জমা পড়েছে তাঁদের ঝুলিতে। মামুন জানালেন তেমনি একটি ঘটনার কথা, ‘একদিন সারা দিন খেটে মাটির ভেতর থেকে আমরা একটা হাঁড়ি আর একটা কলসি প্রায় বের করে এনেছি। ততক্ষণে অন্ধকার নেমে এসেছে। ম্যাডামের নির্দেশে আমরা সেদিনকার মতো কাজ বন্ধ করে ফিরে গেলাম। পরদিন এসে দেখি, হাঁড়িটা মাঝখান থেকে ভাঙা। কেউ হয়তো ভেবেছে, ভেতরে সোনাদানা কিছু আছে...!’শালমারা ভিতরগড় হাইস্কুলে একটি স্থানীয় জাদুঘর গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে শাহনাজের; এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকেও মিলেছে ইতিবাচক সাড়া। প্রদর্শনের উদ্দেশ্যে ভিতরগড় থেকে উদ্ধার করা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সেখানে রাখা হবে। শাহনাজ জানালেন, তিনি ও তাঁর ছাত্রছাত্রীরা মিলে ওই স্কুলে পৌঁছে দিয়েছেন প্রায় ৪০০ বই আর প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বেশ কিছু পোস্টার।এখন পর্যন্ত গবেষণালব্ধ তথ্য থেকে শাহনাজের অভিমত, ‘ভিতরগড় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ প্রাচীন দুর্গনগর। এটি ছিল প্রাচীন বাণিজ্যিক ও সাংস্কৃতিক যোগাযোগের একটি কেন্দ্র।’ শাহনাজ ও তাঁর ছাত্রছাত্রীরা মিলে পুরো ভিতরগড়ের একটি নকশা তৈরি করেছেন। শাহনাজ বলেন, এ থেকে হয়তো নগরপরিকল্পনার একটি ধারণা পাওয়া যাবে। শাহনাজ ইতিমধ্যে দেশে-বিদেশে সভা-সেমিনারের মাধ্যমে ভিতরগড়কে বিশ্বের দরবারে তুলে ধরার কাজ শুরু করেছেন।