মুক্তিযুদ্ধে বিজয়ের দীর্ঘ ৪০ বছর পরও ফেনীতে মুক্তিযোদ্ধা সংসদের কোনো স্থায়ী কার্যালয় ভবন এখনো নির্মিত হয়নি। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য সরকারের দেওয়া জাগয়াটির (ভূমি) একাংশ ইতিমধ্যে বেদখল হয়ে গেছে এবং অপর অংশ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শহরের ট্রাংক রোডস্থ সুফি সদর উদ্দিন রোডের মাথায় ১৯৯৫ সালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু দীর্ঘ ১৬ বছরেও মুক্তিযোদ্ধা সংসদের নিজস্ব কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ শুরু করা যায়নি।মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৮৭ সালে তৎকালীন সরকার শহরের ট্রাংক রোড ও সুফি সদর উদ্দিন রোডের সংযোগস্থানে প্রায় সাত শতক জায়গা (ভূমি) মুক্তিযোদ্ধা সংসদ ভবন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়। ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওই স্থানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং প্রাথমিকভাবে ভবনের কাজ শুরুর জন্য তিন লাখ টাকা অনুদান দেন। এরপর দীর্ঘ ১৬ বছর অতিক্রম হলেও ভবনের নির্মাণকাজ শুরু হয়নি। ভিত্তিপ্রস্তরের স্থানে অনেকগুলো ছোট দোকান গড়ে উঠেছে। এ স্থানটি যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের জন্য, সেটিও এখন কেউ জানে না।নিজস্ব ভবন না থাকায় ফেনী জেলা কমান্ড ও সদর উপজেলা কমান্ড শহরের ট্রাংক রোডের পাশে ছোট্ট একটি অর্পিত ও অনিবাসী ভবনের দোতলার একটি কক্ষকে কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিলেন। চলতি বছর মুক্তিযোদ্ধা সংসদের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন শহরের রাজাঝির দিঘির দক্ষিণ-পশ্চিম কোণে দুর্নীতি দমন কমিশনের পরিত্যক্ত অফিসটি মুক্তিযোদ্ধা সংসদকে ব্যবহারের অনুমতি দেয়। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আবদুল মোতালেব জানান, তহবিলের অভাবেই ভবনের নির্মাণকাজ শুরু করা যায়নি।