ভিত্তিফলক উন্মোচনের চার মাস পরও কাজ শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর ফেব্রুয়ারি মাসে মিরসরাই ফায়ার স্টেশনের ভিত্তিফলক অনেকটা ঘটা করে উন্মোচন করেছিলেন স্থানীয় সাংসদ মোশাররফ হোসেন। এর দুই দিন পর কাজ শুরু করা হবে বলে জানিয়েছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। কিন্তু চার মাস পরও কাজ শুরু না হওয়ায় মিরসরাইবাসীর প্রশ্ন, ফায়ার সার্ভিস স্টেশনটি কবে হবে?সাংসদের উন্মোচন করা ভিত্তিফলকের চারপাশের জমিতে এখন থইথই করছে বৃষ্টির পানি। ফলকের এমন অবস্থা দেখে স্থানীয় লোকজনের মধ্যে এমন প্রশ্ন দেখা দিয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১২ সালের ডিসেম্বর মাসে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দরপত্র আহ্বান-প্রক্রিয়া শেষ করে গণপূর্ত বিভাগ (পিডব্লিউডি)। এ খাতে গত অর্থবছরে এক কোটি ৪০ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ফায়ার সার্ভিস স্টেশনটি স্থাপনের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান জনতা এন্টারপ্রাইজ। কিন্তু ভিত্তিফলক উন্মোচনের চার মাস পার হয়ে গেলেও কাজ শুরু করা হয়নি।উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাঈল জানান, মিরসরাইয়ে প্রতিবছর আগুনে পুড়ছে ঘরবাড়ি, দোকানপাট, সহায়-সম্বলসহ কোটি টাকার সম্পদ। সহায়-সম্বল হারানো লোকজনকে সরকারি সহায়তা দেওয়া হয় খুবই সামান্য। তিনি আরও জানান, গত অর্থবছরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে নয়টি। এতে কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৯টি পরিবার। ফায়ার সার্ভিস স্টেশন থাকলে ক্ষতি অনেকটা কম হতো।মিরসরাই সদরের বাসিন্দা শামসুদ্দিন ও করিমুল হক বলেন, নির্বাচন এলে মিরসরাইয়ে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন নিয়ে ভোটপ্রার্থীদের প্রতিশ্রুতি শুনে মানুষ আশায় বুক বাঁধে। কিন্তু দীর্ঘ ৪২ বছরে কোনো সরকারের আমলে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত হয়নি।মিরসরাইয়ের ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার জন্য একটি ফায়ার সার্ভিস স্টেশন খুবই জরুরি বলে তাঁরা মন্তব্য করেন। এ ব্যাপারে কথা বলার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান জনতা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ কবিরের মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলা যায়নি।তবে গণপূর্ত বিভাগ চট্টগ্রাম বিভাগ-৩-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন মিয়া জানান, অর্থসংকটের কারণে কাজ শুরু করা যায়নি। বর্ষা কেটে গেলেই কাজ শুরু করা হবে।এ বিষয়ে মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ আশরাফ হোসেন বলেন, ‘প্রায় প্রতি সপ্তাহে কেউ না-কেউ প্রশ্ন করেন, ফায়ার সার্ভিস স্টেশনটি কবে হবে? আসলে খুব সমস্যা হয় এই প্রশ্নের উত্তর দিতে। গত চার মাসে বহুবার বলেছি, এই তো কাজ শুরু হচ্ছে। কিন্তু বাস্তবে তা শুরু হয়নি।’