ভিনদেশি পোশাকের ভিড়ে বুটিক প্রতিষ্ঠানের দাপট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কিছু করার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই। সেই স্বপ্ন ডালপালা মেলেছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। ২০০৭ সালে নিজের বাড়িতেই শুরু করলেন বুটিক হাউস এন’স ক্রিয়েশন। দেশি পোশাক নিয়েই যত কাজ তাঁর, নকশায় ছড়িয়ে দিলেন সবটুকু ভালোবাসা। আর তাতে পোশাকগুলো নজর কাড়ল ফ্যাশনপ্রিয় মানুষের। দুবার পুরস্কার জিতলেন আলোকিত ঈদফ্যাশন প্রতিযোগিতায়। স্বপ্ন এখন তাঁর হাতের মুঠোয়, তিনি নগরের আফমি প্লাজায় শোরুম খুলেছেন। তাঁর বাসার বুটিক হাউস প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। সংগ্রামী এ ফ্যাশন ডিজাইনারের নাম নুরসাদ ইসলাম নুসরাত। তাঁর মতো অনেক ফ্যাশন ডিজাইনারের ঈদ আয়োজন মন কেড়ে নিচ্ছে ক্রেতাদের। নগরের বিপণিকেন্দ্রের পাশাপাশি বুটিক প্রতিষ্ঠানেও ক্রেতাদের ভিড় বাড়ছে। বৈচিত্র্যময় নকশার পোশাকগুলোর দামও সাধ্যের মধ্যেই আছে বলে জানালেন ক্রেতা ও বিক্রেতারা।‘দেশি কাজ ফুটে উঠুক দেশি পোশাকে’ এ উদ্দেশ্য সামনে রেখে যাত্রা শুরু হয়েছিল নগরের বেশির ভাগ বুটিক হাউসের। কয়েক বছর আগেও ছিল প্রতিবেশী দেশের পোশাকের আধিপত্য, এখনো আছে। তবে চট্টগ্রামের বুটিক হাউসগুলো ভিনদেশি পোশাকের দাপট কিছুটা হলেও কমাতে পেরেছে বলে মনে করেন ডিজাইনারেরা।‘ঈদ সামনে রেখে পোশাকে কী ধরনের কাজ করেছেন’ এমন প্রশ্নের উত্তরে নুরসাদ বলেন, ‘এবার আমি পোশাকে জরির কাজকে প্রাধান্য দিয়েছি। এ ছাড়াও থাকছে অ্যামব্রয়ডারি, কারচুপি ও গিঁটফুলের কাজ। ‘এবারের পোশাকে নতুনত্ব কী?’ নুরসাদ বলেন, ‘অবশ্যই আছে। মূল পার্থক্য হচ্ছে নকশার মধ্যে। আবহাওয়ার বিষয়টা মাথায় রেখেই পোশাকের নকশা করা হয়েছে। এখন গরম তাই মানানসই তাঁত ও সুতির কাপড় বেছে নিয়েছি।’অনেক ডিজাইনার প্রথমে শুধু ছেলেদের পাঞ্জাবি নিয়ে কাজ শুরু করেন। কারণ ছেলেরা তখন আমদানি করা ভারী পাঞ্জাবি পড়তেন। তবে এখন শুধু পাঞ্জাবি নয় সবাই দেশে তৈরি পোশাককে প্রাধান্য দিচ্ছেন। পোশাকের দাম কেমন? বিভিন্ন বুটিক হাউসে সালোয়ার-কামিজ এক-দেড় হাজার টাকা, মেয়েদের, ছেলেদের ও বাচ্চাদের ফতুয়া ৬০০ থেকে দেড় হাজার, শাড়ি ৬০০ থেকে ২৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সালসাবিলের ডিজাইনার মোয়াজ্জেম হোসেন ওরফে মিরন জানান, ‘ঈদের কাপড় হিসেবে আমি বেছে নিয়েছি সুতি, তাঁতের কাপড়, মসলিন, ও সিল্কের কাপড়। নতুনত্ব আনার চেষ্টা করেছি যান্ত্রিক অ্যামব্রয়ডারির কাজে। ব্লকের কাজ করা পোশাক পরে যেন গরমেও আরাম পাওয়া যায় তা মাথায় ছিল। বুটিক হাউসগুলোতে সব বয়সের ক্রেতাই আছে, তবে তরুণদের আনাগোনা একটু বেশিই।ক্রেতারা বেশি কেনে কোন পোশাকটি? সালসাবিলের বিক্রয়কর্মী সোমা আকতার বলেন, ‘এখানে বাচ্চাদের পোশাক ছাড়া বাকি সব ধরনের পোশাক আছে। পুরুষ ও মেয়েদের ফতুয়া, ত্রিপিস, পাঞ্জাবি, কাতান-টাঙ্গাইলের শাড়ি পাওয়া যায়। সাধারণত শাড়িই বেশি বিক্রি হয়।’ছেলেদের পাঞ্জাবি ৮০০ থেকে আড়াই হাজার টাকা, ত্রিপিস ৭০০ থেকে দেড় হাজার, কাতান ত্রিপিস আড়াই হাজার, লেডিস ফতুয়া ৫০০-৭০০, ছেলেদের ফতুয়া ৫৫০ থেকে এক হাজার টাকায় বিক্রি হয়।তাঁতের কাপড়ে চট্টগ্রামের ঐতিহ্য ফুটিয়ে তোলার ইচ্ছা থেকেই ২০০৭ সালে রোকসানা শাহরিয়ার শুরু করেন রূপান্তিকা বুটিক হাউস। এবারের পোশাকের নতুনত্ব কী? ‘আমি গতানুগতিক ধারার বাইরে পোশাকের মৌলিকত্ব কাজ করেছি। প্রতি বছর কাপড়ের প্যাটার্ন পরিবর্তন করি। এটাই হচ্ছে আমার পোশাকের বিশেষত্ব।’রোকসানা বলেন, ‘ফ্যাশন হাউস ও বুটিক হাউসের মধ্যে কিছু মৌলিক পার্থক্য আছে। আগে ফ্যাশন হাউসের তুলনায় বুটিক হাউস কম ছিল। মানুষের রুচিবোধের পরিবর্তন ঘটছে সবসময়। সেই চিন্তা করে বুটিক হাউসের সংখ্যা বাড়ছে দিন দিন।’জানা যায়, ফ্যাশন হাউসগুলোর একটা থিম থাকে। ওই আদলেই পোশাক তৈরি করেন ডিজাইনারেরা। তবে বুটিক হাউসগুলোতে সব ধরনের পোশাক থাকে। তাঁরা ক্রেতাদের পছন্দ, রুচি, বাজেট সবকিছুকে গুরুত্ব দিয়ে পোশাক তৈরি করেন। তাই শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ বুটিক হাউসে আসেন।’ ক্রাফট ক্যাসেল বুটিক হাউসের ডিজাইনার আশরাফুল আলম ওরফে আরমান বলেন, ‘ক্রাফট ক্যাসেল শুধু ছেলেদের পোশাক তৈরি করে। আমরা দেশি কাপড়কে প্রাধান্য দিই। তাই কাপড়ের সঙ্গে মানানসই কারচুপি, অ্যামব্রয়ডারির কাজ করেছি।’ বিক্রয়কর্মী সাইফুদ্দিন নূর তুষার বলেন, ‘আমাদের এখানে ফতুয়া এক হাজার ৫০ টাকা, টি-শার্ট ২৮০-৮৮০ টাকা, শার্ট ৬৮০-৮৮০ টাকা, পাঞ্জাবি ৯৮০ থেকে আড়াই হাজার টাকা ও জিনস ৭৫০ থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছে।