ভিনদেশি বোল ছোটবেলা থেকেই

মানুষের ভাষা শেখার সহজাত ক্ষমতা বা প্রবণতা রয়েছে। ছোটবেলা থেকেই সেই সামর্থ্য কাজে লাগানো উচিত। যত অল্প বয়স থেকে বিদেশি ভাষা শেখা শুরু করা যায়, তাতে মাতৃভাষার কাছাকাছি দক্ষতা অর্জনের সম্ভাবনা তত বেশি। সচেতন অভিভাবকদের অনেকেই তাঁদের সন্তানকে অল্প বয়স থেকেই বিদেশি ভাষায় দক্ষ করে তোলার লক্ষ্যে ভর্তি করাচ্ছেন বিভিন্ন ভাষা শিক্ষাকেন্দ্রে।
মাতৃভাষা বাংলা ও দ্বিতীয় ভাষা ইংরেজি অবশ্যই ভালোভাবে শিখতে হবে। পাশাপাশি বিদেশি অন্যান্য ভাষা শেখাটাও শিশুর ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক হাকিম আরিফ। তিনি প্রথম আলোকে বলেন, ‘ইউরোপের দেশগুলোতে শিশুদের মাতৃভাষা ছাড়াও আরও দুটি ভাষা শেখানো হয়। আমাদের দেশেও বাংলা-ইংরেজির পাশাপাশি আরও যেকোনো দুটি ভাষা শিক্ষা চালু করতে পারলে ভালো হবে। কোনো দেশের ভাষা শিখলে সেখানকার সমাজ, সংস্কৃতি, রাজনীতি ইত্যাদি সম্পর্কে অনেক কিছু জানা যায়। শিশুরা যত ছোট বয়স থেকে বিদেশি ভাষা শিখবে, সেই ভাষায় মাতৃভাষার মতো উচ্চারণে আয়ত্ত করার সম্ভাবনা তত বেশি হবে।
ব্রিটিশ কাউন্সিলের কাস্টমার সার্ভিস ব্যবস্থাপক আহসানুল আজাদ বলেন, ‘অনেক ভাষা শিক্ষাকেন্দ্রে শিখতে গেলে সব শিশুকে একসঙ্গে বসিয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের এখানে কোর্সগুলোয় ভর্তির জন্য ৪৫ মিনিটের ‘প্লেসমেন্ট টেস্ট’ নেওয়া হয়। ইংরেজি জ্ঞানের স্তর পরিমাপ করার জন্য এ পরীক্ষা। পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে শিশুদের জন্য যোগ্যতা অনুযায়ী আলাদা ক্লাসে ভর্তি করা হয়।’
বিশ্বে ২২ কোটিরও বেশি মানুষ কথা বলে ফরাসি বা ফ্রেঞ্চ ভাষায়। বিশ্বজুড়ে বিদেশি ভাষা হিসেবে ইংরেজির পরে ফরাসি শেখার হার সবচেয়ে বেশি। এ ভাষার সাহিত্য বেশ সমৃদ্ধ। ফরাসি জানা থাকলে বিদেশে উচ্চশিক্ষা ও চাকরির বাজারে বাড়তি সুবিধাও পাওয়া যায়।
সারা বিশ্বে ফরাসি ভাষা ও সংস্কৃতি বিস্তারে কাজ করছে আলিয়ঁস ফ্রঁসেজ। ঢাকার ধানমন্ডি, গুলশান ও উত্তরায় প্রতিষ্ঠানটির শাখা রয়েছে। চট্টগ্রামেও আছে আলিয়ঁস ফ্রঁসেজ। ঢাকায় ছয় বছর বয়স থেকে ফরাসি শেখার কিডস কোর্সে ভর্তি করা হয়। প্রতিটি তিন মাসের ছয় সেশনের এ কোর্সের মেয়াদ দেড় বছর। কিডস কোর্সে নেই কোনো বই, নেই কোনো পরীক্ষার চাপ। শিশুরা কোর্সে ফ্রেঞ্চ শিখতে শুরু করে খেলতে খেলতে। ছুটির দিনের কোর্স ফি ৩৫০০ টাকা এবং সপ্তাহের অন্যান্য দিনে ২৫০০ টাকা।
গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মুহায়মিন রানা দুই বছর ধরে ফ্রেঞ্চ শিখছে আলিয়ঁস ফ্রঁসেজে। মুহায়মিনের বাবা ডা. মাসুদ রানা বললেন, ‘এর ফলে ছোটকাল থেকেই ওর মধ্যে একটি অতিরিক্ত গুণ গড়ে উঠবে। সমবয়সী একটা দলের সঙ্গে থাকায় আনন্দ নিয়ে শিখছে। আর আলিয়ঁস ফ্রঁসেজের লাইব্রেরিতে রাখা বইগুলো পড়ার সুযোগও পাচ্ছে।’
আলিয়ঁস ফ্রঁসেজে ৯ থেকে ১২ বছর বয়সীদের জন্য প্রাইমারি সেশন রয়েছে। এক বছর মেয়াদের দুটি কোর্স। বছরে তিন মাসের চারটি সেশন। প্রতি এক বছর পর পর চূড়ান্ত পরীক্ষায় (দেল্ফ) অংশ নিতে হয়। ছুটির দিনে পড়ার জন্য কোর্স ফি ৪৮০০ টাকা এবং সপ্তাহের অন্যান্য দিনে ৩৭০০ টাকা। আগামী মাসে শুরু হবে পরবর্তী সেশন, সে জন্য রেজিস্ট্রেশন চলছে।
আলিয়ঁস ফ্রঁসেজের শিক্ষক সমন্বয়ক মো. লুৎফর রহমান বলেন, ‘২০০৬ সাল থেকে বাচ্চাদের ফ্রেঞ্চ শেখানো হচ্ছে। ৯ থেকে ১২ বছর পর্যায়ে সাড়া বেশি ভালো। এমনও হয় প্রতি সেশনে দুটি করে সেকশন করতে হয়।’