ভিনদেশিদের নাড়ির বন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ​িশক্ষার্থী (বাঁ থেকে) ভারতের স্নেহা স্যান্ডেজ, শ্রীলঙ্কার চাতুরি উইরাসিংঘে,  আফগানিস্তানের ফারিশতা আফজালি ও কম্বোডিয়ার মেয়ে লি চে লোয়েম। পড়ার টানে এখানে এসে বাংলাদেশের মানুষের আতিথেয়তা আর আন্তরিকতায় মুগ্ধ তাঁরা। আড্ডায় সেই গল্পই শোনান। ছবিটি গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া থেকে তোলা l সৌরভ দাশ
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ​িশক্ষার্থী (বাঁ থেকে) ভারতের স্নেহা স্যান্ডেজ, শ্রীলঙ্কার চাতুরি উইরাসিংঘে, আফগানিস্তানের ফারিশতা আফজালি ও কম্বোডিয়ার মেয়ে লি চে লোয়েম। পড়ার টানে এখানে এসে বাংলাদেশের মানুষের আতিথেয়তা আর আন্তরিকতায় মুগ্ধ তাঁরা। আড্ডায় সেই গল্পই শোনান। ছবিটি গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া থেকে তোলা l সৌরভ দাশ

হাজার মাইল পাড়ি দিয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ)–এ পড়তে এসেছেন তাঁরা। এইউডব্লিউর ছোট্ট ক্যাম্পাসের পাশাপাশি আপন করে নিয়েছেন তাঁরা বাংলাদেশকেও। পরিবারের উষ্ণতা পেছনে রেখে এলেও এখানে এসে নতুন বন্ধু পেয়েছেন। এই নগরের পথঘাট, প্রকৃতি ও মানুষজন এখন তাঁদের চেনা হয়ে গেছে। মজেছেন এ দেশের ভাষা ও খাবারের প্রেমেও। ওই বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর আলাপে উঠে আসে এসব কথা

ঘড়ির কাঁটা বলছে দুপুরের শুরু। এমন সময়েই পা রাখলাম এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের (এইউডব্লিউ) আঙিনায়। সাদামাটা ফটক পেরোলেই এক অন্য ভুবন। ইতিউতি আড্ডায় একটু খেয়াল করলেই শোনা যায় বাংলা ছাড়াও আরও অনেক ভাষা। হবে নাই–বা কেন! বাংলাদেশ ছাড়াও আরও ১৪টি দেশ থেকে আসা শিক্ষার্থীদের পদচারণে মুখর এই ক্যাম্পাস।
বিকেলের নরম আলোয় ভেসে যাচ্ছে ক্যাফেটেরিয়া। সেখানে একটা টেবিলে চলছিল জমজমাট আড্ডা। অনুমতি নিয়ে বসে গেলাম তাঁদের সঙ্গে। কথায় কথায় জানা হলো কীভাবে এইউডব্লিউর মাধ্যমে বিভিন্ন দেশের মেয়েরা চট্টগ্রামে এসে এক হয়েছেন। শোনা হলো ভিনদেশে তাঁদের দিনযাপনের গল্পও। প্রথমেই পরিচয়ের পালা। আড্ডারুরা হলেন আফগানিস্তানের ফারিশতা আফজালি, ভারতের স্নেহা স্যান্ডেজ, নেপালের পূজা খাটি, কম্বোডিয়ার লি চে লোয়েম ও শ্রীলঙ্কার মেয়ে চাতুরি উইরাসিংঘে। এঁদের মধ্যে লি চে তৃতীয় বর্ষে আর বাকিরা সবাই পড়ছেন দ্বিতীয় বর্ষে।
পলিটিকস, ফিলোসফি অ্যান্ড ইকোনমিকসের শিক্ষার্থী ফারিশতা আফজালি খুব উপভোগ করছেন এখানকার মানুষের আতিথেয়তা। তাঁর কথা, ‘আমি চেয়েছি আফগানিস্তানের বাইরে কোনো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে পড়তে। এখানকার বৈচিত্র্য এবং শিক্ষার মানের কথা শুনে পড়তে আসতে আগ্রহী হয়েছি।’
পাশ থেকে স্নেহা স্যান্ডেজ বলে উঠলেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থীরা কেবল একটি নির্দিষ্ট বিষয়েই একজন শিক্ষার্থীকে ধারণা দেয় না বরং বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে জানার সুযোগ করে দেয়। এ কারণে শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের প্রতি আগ্রহী হন।
জানতে চাইলাম কেমন লাগছে তাঁদের এখানে এসে? পলিটিকস, ফিলোসফি অ্যান্ড ইকোনমিকসের শিক্ষার্থী পূজা খাটি জানালেন, চট্টগ্রামে আসার পর প্রথম প্রথম সবকিছু তাঁর কাছে অনেক ভিন্ন মনে হতো। কিন্তু এখন ধীরে ধীরে অনেকটা অভ্যস্ত হয়েছেন তিনি। চট্টগ্রামে ক্যাম্পাসের ভেতরে এবং বাইরে তঁার প্রচুর বন্ধুও হয়েছে, যাঁদের মাধ্যমে তিনি এ দেশের অনেক কিছু জানতে পারছেন। পূজা হেসে বললেন, ‘এখন এমন হয় যে ছুটিতে নেপালে গেলে, চট্টগ্রাম আর এখানকার চায়ের দোকানগুলো খুব মিস করি!’
একই বিভাগের ছাত্রী লি চে লোয়েম আলাপে যোগ দেন এক ফাঁকে। তিনি বলেন, কম্বোডিয়ার নতুন বছর আর বাংলা নতুন নববর্ষ একই দিনে। এইউডব্লিউতে আসার পর বিভিন্ন দেশের বন্ধুদের সঙ্গে কম্বোডিয়ার খেমার নববর্ষ আর বাংলা নববর্ষ একসঙ্গে উদ্যাপন করেছেন তিনি। এই অভিজ্ঞতা তাঁর কাছে এক কথায় দারুণ।
লি চের কথার সূত্র ধরে ফারিশতা জানালেন, চট্টগ্রামেরই এক পরিবারের আতিথেয়তার পরশ পেয়েছেন তিনি। তিনি যে পরিবারের বাইরে আছেন, এটা একেবারেই বুঝতে দেন না এই পরিবারের সদস্যরা। তিনি বলেন, ‘এই পরিবারটির সঙ্গে আমি যখন থাকি তখন আমার মনে হয়, আমি যেন আমার নিজের বাড়িতেই আছি।’ ঈদ বা অন্য কোনো বড় উৎসবের সময় বিশ্ববিদ্যালয়ের অন্য বন্ধুদের বাড়িতে গিয়েও আনন্দটা ভাগাভাগি করে নেন তিনি। বন্ধুদের পরিবারও তাই হয়ে গেছে তাঁর নিজের পরিবারের মতো।
কথায় কথায় জানালেন তাঁরা, এইউডব্লিউতে পড়তে এসেই তাঁদের সবার নিজেদের গণ্ডির বাইরের জগৎটা আবিষ্কার করেন। খাবার, ভাষার পার্থক্য নিয়ে শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন আর তা হয় না। বাংলাদেশে এসে তাঁরা বুঝতে পেরেছেন পৃথিবীটা কত বড়! বড় এই পৃথিবীর মানুষের ভাষা-সংস্কৃতি পৃথক হলেও কোথাও একটা বড় মিলের জায়গাও রয়েছে। তবে সেটা বুঝতে হলে কোনো সংস্কৃতির ভেতরে ঢুকতে হবে। আর এখানকার মেয়েরা খুব সচেতনভাবে না হলেও সেটা করছেন।
পরিবেশবিজ্ঞানের ছাত্রী চাতুরি উইরাসিংঘের কথাই ধরা যাক। তিনি এখানকার রেস্তোরাঁর খাবারের প্রেমে পড়েছেন। চাতুরির মুখ থেকেই শুনুন, ‘চট্টগ্রামের রেস্তোরাঁগুলো আমাকে খুব টানে! দই ফুচকা, পরোটা-ভাজি-চায়ের লোভ সামলাতে পারি না! প্রায়ই রেস্তোরাঁগুলোতে যাই এসবের স্বাদ নিতে!’
তবে ফারিশতার ভালো লাগে এই শহরের রাস্তাঘাট আর প্রকৃতি। অবসর পেলে প্রায়ই ভোরে সাইকেল নিয়ে বের হয়ে পড়েন তিনি শহর দেখতে। আর পূজার কাছে জমা হয়েছে অনেক অনেক গল্প। গল্পগুলো এই শহরের মানুষজনের এবং তাঁর ক্যাম্পাসের সতীর্থদের। ক্যাম্পাসের ৩০ জন সহপাঠীর গল্প নিয়ে ভিডিও চলচ্চিত্র তৈরি করেছেন তিনি।
ভিন্ন ভিন্ন ভাষা-সংস্কৃতির শিক্ষার্থীরা বসবাস করছেন বিশ্ববিদ্যালয়ের ডরমিটরির একই ছাদের নিচে। পড়াশোনার জন্য বিদেশ-বিভুঁইয়ে পড়ে থাকা মেয়েরা পরস্পরের সঙ্গে গড়ে নিয়েছেন গভীর বন্ধন। আর সেই বন্ধনের মাঝে প্রাসঙ্গিকভাবে হাজির চট্টগ্রামের জল-হাওয়া।
ভারতের স্নেহা তাই বলছিলেন, ‘ডরমিটরিতে আমি অন্য দেশের মেয়েদের সঙ্গে থাকি। আমার জন্য এটা চমৎকার এক অভিজ্ঞতা! এভাবে অনেক দেশে না গিয়েও তাঁদের দেশের আত্মাকে স্পর্শ করা যায়। চট্টগ্রামের এই অভিজ্ঞতাগুলো আমার মূল্যবান স্মৃতি হয়ে থাকবে।’
গল্পে, আড্ডায় গড়িয়ে গেছে অনেকটা সময়। এবার ফেরার পালা। মেয়েদের কাছে বিদায় নেওয়ার সময় পরিষ্কার বাংলায় কয়েকজন বলে উঠলেন, ‘শুভ সন্ধ্যা।’