আদিব খানের জন্ম এবং বেড়ে ওঠা বাংলাদেশে। তারপর ১৯৭৩ সালে ২৩ বছর বয়সে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন নন্দিত লেখক হিসেবে। তাঁর লেখা পাঁচটি উপন্যাসের জন্য তিনি হয়ে উঠেছেন হাতে গোনা কয়েকজন ইংরেজি ভাষায় বাংলাদেশি লেখকের একজন। যিনি বিশেষত অস্ট্রেলিয়া ও পশ্চিমা দেশগুলোতে পাঠকসমাজের কাছে শ্রদ্ধাশীলভাবে সমাদৃত। তাঁর প্রথম উপন্যাস সিসন্যাল অ্যাডজাস্টমেন্ট-এর জন্য ১৯৯৪ সালে তিনি নিউ সাউথ ওয়েলস লিটারেরি পুরস্কার এবং ১৯৯৫ সালে কমনওয়েলথ রাইটার্স পুরস্কার পেয়েছেন। তারপর একে একে তিনি লিখেছেন সলিটিউড অব ইলিউশনস, দ্য স্টোরি টেলার, হোম কামিং ওস্পাইরাল রোড। পেয়েছেন আরও কিছু পুরস্কার এবং মনোনীত হয়েছেন বেশ কিছু সম্মানজনক সাহিত্য-পুরস্কারের জন্য।আদিব খান মেলবোর্নের মনাশ বিশ্ববিদ্যালয় থেকে সৃজনশীল লেখা বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং একই বিষয়ে মেলবোর্নের অদূরে ব্যালারাট বিশ্ববিদ্যলয়ে শিক্ষকতা করেন। অবশ্য লেখকের সঙ্গে যেদিন কথা হচ্ছিল, সেদিন জানালেন, পরদিন হচ্ছে তাঁর শিক্ষকতা পেশার শেষ দিন। তিনি অবসর নিতে চান পুরোপুরিভাবে লেখায় মনোনিবেশ করার জন্য। আজীবন তিনি ফিকশন লিখে যেতে চান। কথা প্রসঙ্গে এমন কিছু বললেন, যা হতে পারে যেকোনো শিক্ষানবিশ লেখকের জন্য আগ্রহোদ্দীপক।আদিব খান বলছিলেন, লেখা প্রকাশ করার আগে নিজেকে পরীক্ষা করে নিতে হবে একটি প্রশ্ন দিয়ে, আমার লেখা লোকে পড়বে কি না। এ প্রশ্নটির উত্তর সব সময় নিজের কাছে পাওয়া যায় না। সে জন্য লেখা প্রাথমিকভাবে পরিবার, বন্ধু বা ছোট পরিসরে প্রকাশ করা অনেক সময় শ্রেয়। তা ছাড়া আজকাল অনেক লেখকের ব্লগ রয়েছে, যেখানে অনায়াসে লেখা ছাপিয়ে মূল্যবান সমালোচনা পাওয়া যেতে পারে। অন্তত একজনের কাছ থেকে গঠনমূলক সমালোচনা পাওয়া গেলেও তা হতে পারে লেখক-জীবনের পাথেয়। এই প্রক্রিয়াকে সফল লেখক হওয়ার একমাত্র উপায় ধরে নেওয়ার কোনো কারণ নেই। অনেক লেখক সঠিকভাবেই নিজেকে মূল্যায়ন করতে পারছেন এবং তাঁরা জনপ্রিয়তার শীর্ষে অথবা সাফল্যের সনদও অর্জন করেছেন। আদিব খান তাঁর প্রথম বই সিসন্যাল অ্যাডজাস্টমেন্ট লিখে আক্ষরিক ক্রমানুসারে প্রথমে পাঠিয়েছিলেন অ্যালেন অ্যান্ড আনউইন পাবলিশার্সের কাছে। কারণ, প্রকাশনা সম্পর্কে তাঁর কোনো ধারণাই সে সময়ে ছিল না। প্রথম প্রয়াসেই প্রতুল সাফল্য এসেছে তাঁর জন্য। পাণ্ডুলিপি পড়ে অ্যালেন অ্যান্ড আনউইন পাবলিশার্স প্রায় সঙ্গে সঙ্গেই বই আকারে ছাপাতে রাজি হয়ে গেল। এই বই এনে দিল নানা সম্মাননা আর সুখ্যাতি। পরবর্তী সময়ে একজন প্রতিষ্ঠিত লেখক হিসেবে পরিচিতি পেলেন অল্প কিছু বই লিখে। এই সৌভাগ্য ও প্রতিভা সবার নাও হতে পারে। আদিব খানের মতে, লেখালেখি এমন একটি ক্ষেত্র, যেখানে প্রতিভা ও এর উপযুক্ত প্রয়োগ—এই দুইয়ের সমন্বয়েই সফলতা সম্ভব। এর একটিও যদি কম পড়ে, এ ক্ষেত্রে টিকে থাকা সম্ভব নয়। ‘সৃজনশীল লেখা’ বা Creative Writing-এর শিক্ষক অনেকটা অপ্রত্যাশিতভাবেই জানালেন, সৃজনশীলতা শেখানোর জিনিস নয়। সৃজনশীলতা ব্যক্তিবিশেষের স্বতন্ত্র সত্তা, যা বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম দিয়ে ভাবনা ও অনুভূতিকে ভাষায় রূপদানে সক্ষম করে তোলে। সুতরাং, বাংলাদেশে যদি পর্যাপ্ত সৃজনশীল লেখনীর পাঠক্রমের চর্চা না থাকে, এতে আশা হারানোর কিছু নেই। যার ভেতরে সৃজনশীল শক্তি আছে, সদিচ্ছা ও অধ্যাবসায় থাকলে একজন সফল লেখক হয়ে ওঠা তার পক্ষে অসম্ভব নয়।আদিব খান বললেন, সফল লেখক হওয়ার জন্য সবচেয়ে বড় প্রয়োজন কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তীতা, এর শুরু হতে হবে প্রচুর সংখ্যায় অন্যের বই পড়ার মাধ্যমে। ভালো লেখক হতে হলে ভালো পাঠক হওয়ার কোনো বিকল্প নেই। তাঁর মতে, এই পড়ার কোনো সীমা-পরিসীমা নেই, ভালো বই বেছে নিতে হবে প্রাচীন হোমারের অডিসি থেকে শুরু করে সাম্প্রতিক যত ভালো বই আছে। প্রতিদিন যেমন নিয়ম করে লিখতে হবে, ঠিক তেমনি নিয়মিত কিছু পড়তেও হবে। তিনি কবিতা পড়তে পছন্দ করেন বলে প্রচুর কবিতা পড়বেন অবসর সময়ে। লেখাকে নিতে হবে একটি পেশা হিসেবে, অর্থাৎ নিয়মিতভাবে কিছু না কিছু লেখা, যা পরে হয়তো ফিরে দেখলে অনেক পরিবর্তন আসবে, হয়তো পুরোপুরি বাদ হয়ে যাবে, কিন্তু লেখা চালিয়ে যেতে হবে। তিনি বললেন, যিনি লিখতে চান, কিন্তু সময় পান না, তাঁর আসলে বলার মতো কোনো গল্প নেই। কেননা, যাঁর ভেতর সৃজনশীল লেখনী আছে তিনি যেভাবেই হোক সময় বের করে নেবেন, নতুবা লেখার আকুতি তাঁকে স্বস্তি দেবে না।আদিব খান নিজের লেখা সম্পর্কে বললেন, ‘আমি লিখতে চাই আবেগবর্জিত গল্প, লেখার মাঝে “বলা” ও “দেখানো” দুটি ভিন্ন ব্যাপার থাকে। প্রথমটি ন্যায্যতা প্রতিপন্ন করে এবং দ্বিতীয়টি শুধু যা ঘটে তার বর্ণনা করে। আমি আমার নিজের ভাবনা পাঠকের ওপরে চাপিয়ে দিতে চাই না বরং একটি নির্মোহ দৃষ্টিতে উপস্থাপন করতে পছন্দ করি।’ লেখক লিখবেন স্বাধীনভাবে, কী লিখলে তিনি পাঠকের কাছে কীভাবে বিচার্য হবেন, সেটা ভাবতে গেলে সৃজনশীলতা খর্ব হয়। একজন লেখকের দায়িত্বকে সম্পূর্ণভাবে সংজ্ঞায়িত করা যাবে না। কেউ লিখতে পারেন স্রেফ নিজের মনের আনন্দের জন্য, কেউ লিখতে পারেন সমাজসংস্কারমূলক চেতনা থেকে। তবে তিনি বিশ্বাস করেন, যেকোনো ভালো লেখা সচেতনতার উদ্ভব করে পাঠকের মনে। উদাহরণস্বরূপ বলা যায়, যুদ্ধ পৃথিবীতে যে হতাশা আর দুর্দশার জন্ম দেয়, তা হয়তো লেখার মধ্যেই পাঠকের মনে পৌঁছানো সম্ভব। আজ পর্যন্ত কোনো ভালো সাহিত্য জন্মায়নি, যা পৃথিবীর বুকে অসুন্দরকে সুন্দর বলে প্রতিষ্ঠিত করতে পেরেছে। আদিব খান লিখতে শুরু করেছেন আত্মোপলব্ধি এবং আত্মোনুসন্ধান করতে গিয়ে। পরবর্তী সময়ে লিখেছেন, অভিবাসীদের অভিজ্ঞতার আলোকে এবং সম্প্রতি আন্তর্জাতিক সন্ত্রাস তাঁর উপন্যাসের বিষয়বস্তু। আরও চার-পাঁচটি উপন্যাস লেখার মতো প্লট তাঁর ভাবনাতে আছে, তবে তা এখনই প্রকাশ করতে অসম্মতি জানালেন। শিক্ষকতা পেশা থেকে অবসর নিয়ে পুরোপুরি এই লেখায় মনোযোগ দিতে পারবেন বলে তিনি এক ধরনের মুক্তির আস্বাদ পাচ্ছেন। অবশ্য এই জানুয়ারিতে সস্ত্রীক এক মাসের জন্য নীলনদের তীরে পিরামিডের দেশে কাটাবেন বলে আপাতত সেই স্বপ্নে বিভোর আছেন। তিনি কেবল স্বল্পসংখ্যক বন্ধু এবং বিশেষত নিজের সঙ্গে আর বইয়ের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। আর পছন্দ করেন মাছ ধরতে। দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে মেলবোর্নে কাটান সুখী জীবন। তিনি দুঃখের সঙ্গে জানালেন, বাংলাদেশে গেলে তাঁর পরিচিত মানুষ আর এককালের অভ্যস্ত জীবনযাত্রা খুঁজে পান না বলে দেশে ফিরে যাওয়ার উৎসাহ বোধ করেন না। সম্ভবত তিনি বাংলাদেশে কাটানো মধুর স্মৃতিকেই বেশি আঁকড়ে থাকতে চান।