ভিনদেশে বাঙালি রাষ্ট্রপতির সঙ্গে
ভিনদেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারাটা সৌভাগ্য আর সম্মানের বিষয়। তার ওপর সেই রাষ্ট্রপতি যদি হন বাঙালি, কথা বলেন বাংলায়; তবে তো সোনায় সোহাগা। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করে তাই ভালো লাগার আনন্দে আপ্লুত বাংলাদেশের ১০০ তরুণ-তরুণী।
অতিথি হয়ে রাষ্ট্রপতি ভবনে
ভারত সরকারের আমন্ত্রণে শিক্ষার্থী, চিকিৎসক, সাংবাদিকসহ ১০০ তরুণের সফর শুরু হয় ৪ অক্টোবর। আমিও ছিলাম সেই দলে। আগেই জানানো হয়েছিল, দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ হবে আমাদের। তবে কবে হবে, সেটি তখনো স্পষ্ট করা হয়নি। সবার মধ্যেই তাই ছিল একধরনের প্রতীক্ষা।
ভারতের রাজধানী নয়াদিল্লির মাটিতে পা রাখার পর সেই প্রতীক্ষার অবসান হলো। জানলাম, ৬ অক্টোবর ভারতের রাষ্ট্রপতির সঙ্গে আমাদের দেখা হচ্ছে। বিকেল সাড়ে পাঁচটা সাক্ষাতের নির্ধারিত সময়।
বিশেষ নিরাপত্তা দিয়ে আমাদের সাড়ে চারটা নাগাদ রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে নিয়ে যাওয়া হলো। পাঁচটা-সোয়া পাঁচটার দিকে আমরা রাষ্ট্রপতি ভবনের বিশাল দরবার হলে ঢুকলাম। সেই মুহূর্ত নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুভানন রাজিক বললেন, ‘নিজেদের তখন ভীষণ সম্মানিত মনে হচ্ছিল।’
তিনি এলেন, মুগ্ধতা ছড়ালেন
ঘড়ির কাঁটায় যখন ঠিক সাড়ে পাঁচটা, তখন দরবার হলে ঢুকলেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। চোখের সামনে তাঁকে দেখে কেমন লাগছিল, সে কথা শোনা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশা সরকারের কাছে। ‘এই সফরের সবচেয়ে ভালো অংশ ছিল রাষ্ট্রপতি ভবনে যাওয়া, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা, তাঁর দিব্যজ্যোতিপূর্ণ সহজ-সরল মুখটা দেখা। বিশাল এই ভবনের ভেতর পা রাখার সঙ্গে সঙ্গে একটা অন্য রকম অনুভূতি কাজ করেছে।’ বলেন আশা।
এটা তো রিকশা! নৌকাও এনেছেন?
বাংলাদেশের প্রতিনিধিদলের পক্ষ থেকে ভারতের রাষ্ট্রপতির হাতে প্রতীকী উপহার তুলে দেওয়া হয়। সেই উপহার নিয়ে তাঁর কৌতূহল ছিল চোখে পড়ার মতো।
প্রতিনিধিদলের পক্ষ থেকে একাত্তর টিভির সাংবাদিক কাবেরী মৈত্রেয় উপহারটি রাষ্ট্রপতির হাতে তুলে দেন। তিনি বলেন, বাংলাদেশের নানা ঐতিহ্যবাহী জিনিস দিয়ে সাজানো ছিল উপহারের ছোট্ট ডালিটি। সেটি তাঁর হাতে তুলে দিতে গেলে তিনি খুব আগ্রহ নিয়ে জিনিসগুলো দেখছিলেন। বললেন, ‘এটা তো রিকশা! নৌকাও এনেছেন?’

আমি বাংলাদেশের জামাই
বক্তৃতা দিতে গিয়ে বাংলাদেশের ভূয়সী প্রশংসা করলেন প্রণব মুখার্জি। বললেন, শিক্ষায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাসে বাংলাদেশের অর্জন অত্যন্ত প্রশংসনীয়। আরও অনেক ক্ষেত্রেই বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এসব অর্জনে প্রতিবেশী দেশ হিসেবে ভারত আনন্দিত। ভারত ও বাংলাদেশ—উভয় দেশই ভারতীয় উপমহাদেশের অংশ ছিল। দুটি দেশই একই ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অংশীদার।
ভারতের রাষ্ট্রপতির বক্তৃতায় উঠে এল ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ। তিনি তরুণদের উদ্দেশে বলেন, ‘তোমরা সৌভাগ্যবান। কারণ, তোমরা স্বাধীন দেশে জন্মেছ। আমি তোমাদের মতো সৌভাগ্যবান ছিলাম না। কারণ, আমি জন্মেছিলাম পরাধীন দেশে। তোমাদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে, এ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
এতক্ষণ ইংরেজিতেই কথা বলছিলেন প্রণব মুখার্জি। আর সেটা লিখিত বক্তব্য ছিল না। কথা বলছিলেন স্বতঃস্ফূর্তভাবে, আন্তরিক ভঙ্গিতে। যখনই বাংলাদেশের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্কের কথা বলতে গেলেন; শুরু করলেন বাংলায় বলা। বললেন, ‘আমি যখন রাষ্ট্রপতি হই, তখন অনেক কাগজ লিখেছিল—বাংলাদেশের জামাই ভারতের রাষ্ট্রপতি হলেন। আমি বাংলাদেশের জামাই। আমার স্ত্রী শুভ্রা মুখার্জি আপনাদের বাংলাদেশের নড়াইলের মেয়ে। ২০১৩ সালে আমরা একসঙ্গে বাংলাদেশে গিয়েছিলাম। অনেক ভালো কেটেছিল সময়গুলো। কিছুদিন আগে তিনি (শুভ্রা) আমাদের ছেড়ে না-ফেরার দেশে চলে গেছেন।’ আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
সামলে নিয়ে আবার বলতে থাকেন, ‘ভারতের রাষ্ট্রপতি হিসেবে আমার প্রথম বিদেশ সফর ছিল বাংলাদেশ। আমি সব সময়ই বাংলাদেশের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক সযত্নে লালন করি।’
ভারতের বাঙালি রাষ্ট্রপতির বক্তৃতায় বাংলাদেশের তরুণেরা কতটা মুগ্ধ হয়েছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ওমর ফারুক জানালেন তা। বললেন, ‘এত ব্যস্ত একজন মানুষ ২৭ মিনিট ধরে কথা বলেছেন আমাদের সঙ্গে। তিনি আমাদের চেয়েও বেশি আন্তরিক ও উৎফুল্ল ছিলেন। মনে হয়েছে, তিনি প্রতিনিধিদলের সঙ্গে নয়, কথা বলছেন শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে।’

অতঃপর সুখস্মৃতি নিয়ে ফেরা
বক্তৃতার পর ছিল ভারতের রাষ্ট্রপতির সঙ্গে প্রতিনিধিদলের ছবি তোলার পর্ব, যা আজীবন সুখস্মৃতির প্রামাণ্য দলিল হয়ে থাকবে। চা-চক্রে আপ্যায়িত হয়ে আমরা যখন রাষ্ট্রপতি ভবন থেকে ফিরছিলাম, তখন মুগ্ধতা-ভালো লাগার রেশ ছিল সবার চোখে-মুখে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারিবা সিদ্দিকের অভিব্যক্তি, ‘ভিনদেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারাটা অনেক বেশি আনন্দের ও সম্মানের।’ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঊর্মি রহমানের মতে, ‘এ এমন এক সুযোগ, যা জীবনে একবারই আসে।’ একই মত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসানের।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহেলী সুলতানা বলছিলেন, ‘যখনই কিছু ভাবতে যাচ্ছি, মনে হচ্ছে ওটা স্বপ্ন ছিল। পরক্ষণে নিজেই নিজেকে বলছি, না, ওটা ছিল স্বপ্নপূরণ। আমাদের জন্য তাঁর হৃদয়ে আলাদা ভালোবাসা আছে। পরিমাপক না থাকায় ওই ভালোবাসা মাপা যায়নি, শুধু হৃদয় দিয়ে উপলব্ধি করেছি।’