ভিনদেশে বানান-বীর বাংলাদেশের সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচারকদের সঙ্গে সময় ও তার মা। ছবি: হেরাল্ড ডেমোক্রেট
বিচারকদের সঙ্গে সময় ও তার মা। ছবি: হেরাল্ড ডেমোক্রেট

চতুর্থ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের গ্রেসন কাউন্টিতে কয়েক দিন আগে বসেছিল ‘স্পেলিং বি’-এর আসর। ইংরেজি বানানের এই প্রতিযোগিতায় খোদ মার্কিনদের পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের সময় কামাল। ডিলিংহাম ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির এই ছাত্র কীভাবে প্রতিযোগিতার ২৫টি ধাপ পেরিয়ে সেরার মুকুট অর্জন করল, জানতে ই-মেইলে যোগাযোগ করেছিলাম সময়ের বাবা সৈয়দ এম কামালের সঙ্গে।

সৈয়দ এম কামাল যুক্তরাষ্ট্রের অস্টিন কলেজের সহকারী অধ্যাপক। বাবার চাকরির সুবাদে সময়ের ছেলেবেলা সেখানেই কেটেছে। ইংরেজি ভাষা খুব ভালো জানে সে। বানানটা ভালোভাবে রপ্ত করতে তাকে সাহায্য করেছেন মা ফারহানা করীম। ফারহানা বলেন, ‘ও সব সময় নতুন কিছু শিখতে চায়। তাই আমিও খুব আগ্রহ নিয়ে ওকে সাহায্য করেছি।’ মা ছাড়াও সময় সহায়তা পেয়েছে ম্যারিয়াম ওয়েবস্টার’স স্পেল নামে একটি ওয়েবসাইট থেকে। প্রতিযোগিতার তিন সপ্তাহ আগে থেকে সে প্রস্তুতি নেওয়া শুরু করেছিল। যুক্তরাষ্ট্রের হেরাল্ড ডেমোক্রেট পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে সময় বেশ আত্মবিশ্বাস নিয়ে বলেছে, ‘যখন প্রতিযোগিতা চলছিল, তখন আমি কোনো চাপ অনুভব করিনি। বরং প্রস্তুতি নেওয়ার সময় কিছুটা দুশ্চিন্তা কাজ করছিল।’
প্রতিযোগিতায় কোন মুহূর্তটা তোমার কাছে সেরা? ই-মেইলে জানতে চেয়েছিলাম সময়ের কাছে। সময় লিখেছে, ‘সব শেষে আমার সঙ্গে যে প্রতিদ্বন্দ্বিতা করছিল, ও যখন একটা শব্দ ভুল বানান করল, আর আমি ‘Falsetto’ শব্দটার ঠিকঠাক বানান বলে ফেললাম, তখন সবচেয়ে ভালো লাগছিল।’ গ্রেসন কলেজের সাউথ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে পিনার মিডল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী লিডিয়া ক্যারেসকো-বুয়েনো।
‘ইংরেজি ভাষায় তোমার সব চেয়ে প্রিয় শব্দ কোনটা?’ প্রশ্ন করেছিলাম সময়কে। তার উত্তর, ‘অনেকগুলো প্রিয় শব্দ। তার মধ্যে একটা বেছে নেওয়া কঠিন।’ আর বাংলা ভাষায়? এই প্রশ্নেও ইংরেজি বানান-বীরের উত্তর একই। বাংলা ভাষার শব্দগুলোও তার কাছে প্রিয়। এত এত প্রিয় শব্দ থেকে একটা বেছে নেওয়া সম্ভব নয়।