ভিনদেশের চিঠি
নিউইয়র্কে শীত জেঁকে বসেছে। তবু এই শীতে তিনি দেখছেন নীল আকাশ, এমনকি ঝকঝকে রোদ। কঠিন ব্যাধি তাঁকে প্রিয় দেশ থেকে তাড়িয়ে নিয়ে এসেছে নিউইয়র্কে, কিন্তু নিতে পারেনি তাঁর স্বপ্ন দেখার সাধ, জীবন উদ্যাপনের স্পৃহা। প্রাণভরে উপভোগ করছেন নিসর্গ, পাঠাগারের সদস্য হয়েছেন—আরও অনেক যে জানার আছে, ছোট্ট ছেলেটিকে বড় হতে দেখা, এসবই তাঁকে নতুন দিনগুলোর প্রেরণা দেয়। সবচেয়ে বড় কথা, তিনি সবকিছুই ভাগ করছেন তাঁর প্রিয় পাঠকের সঙ্গে। তিনি একটা বড় দুঃসংবাদের জন্য সবাইকে তৈরি করছেন, যেন পাঠক তাঁর নিজের কেউ। নিজের অভিজ্ঞতার আলোকে প্রিয় দেশের জন্য একটি গবেষণাকেন্দ্র গড়ে তোলার স্বপ্ন দেখছেন, যেমন করে তিনি নিজ গ্রামের লোকেদের জন্য তৈরি করেছিলেন ‘শহীদ স্মৃতি বিদ্যালয়’। হুমায়ূন আহমেদ কাছিমের কামড় দিয়ে ধরে রেখেছেন জীবনকে, কর্কটের সাধ্য কি তাঁকে সেখান থেকে ফেরায়?এই একই স্লোয়ান কেটেরিং সেন্টার থেকে কিছুদিন আগে সোনিয়া গান্ধী চিকিৎসা করিয়ে গেছেন। এর চেয়ে বেশি কিছু আর কেউই জানে না, এমনকি তাঁর অনেক কাছের মানুষেরাও জানতে পারেননি এতটুকু বিশদ। আর স্টিভ জবস প্রথম নয় মাস যেন নিজের কাছেও লুকিয়ে রেখেছিলেন ব্যাপারটি। সম্প্রতি ওয়ালটার আইস্যাকসান স্টিভ জবস নামের জীবনীমূলক বইয়ে লিখেছেন, জবসের মতো একজন আধুনিক প্রযুক্তি বিশেষজ্ঞ ঝুঁকেছিলেন আধ্যাত্মিক আরোগ্যের দিকে। অবশ্য পরে এ জন্য তিনি অনুশোচনাও করেছেন। এই সাময়িক ভ্রান্তির মূল্য তাঁকে দিতে হয়েছে জীবনের কিছু মূল্যবান বছর দিয়ে। সেটা কতটা, তা জানা কারও পক্ষে সম্ভব নয়। শুধু সময়ের হিসাবে জীবন কত বড়, তা জানার কোনো উপায় নেই বলেই জীবনের প্রতিটি দিনই বহু মূল্যবান। এর অবসান অবশ্যম্ভাবী, সুতরাং তার পথ চেয়ে বসে থাকার কোনো মানেই হয় না। স্টিভ জবস সেই মুহূর্তটিতে বলেছিলেন, ‘ওহ, ওয়াও’, যেন, ‘তুঁহু মম শ্যামসমান’। মৃত্যুর আগেই মরে যাওয়ার কোনো অর্থ নেই। কিন্তু কোন জন কীভাবে এই অবশ্যম্ভাবী ব্যাপারটি গ্রহণ করবেন, তার শুদ্ধ বা অশুদ্ধ কোনো উত্তর নেই। সোনিয়ার মতো কেউ ভাবেন, এটা অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার। হুমায়ূন আহমেদ ভাবছেন এই চিরসত্যের দ্বার সবার কাছে উন্মোচন করাটাই শ্রেয়। এ স্বাধীনতাটা শুধু ব্যক্তিবিশেষের নিজের, তিনি যতটুকু বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, সেটাই ঠিক। জাহানারা ইমাম আমাদের জন্য রেখে গেছেন ক্যানসারের সাথে বসবাস, ভাগ করে নিয়েছেন নিজের অনুভূতির কথা। ঠিক যেমন করে ভাগ করে নিয়েছিলেন তাঁর একাত্তরের দিনগুলি। এসব অভিজ্ঞতার আলোকে আলোকিত হয়েছে সাধারণ পাঠকেরা। বৃহত্তর প্রাণের এই উদার উন্মোচন আমাদের বড় পাওয়া। পৃথিবীতে বিরল এমন শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী এই অসাধারণ মানুষেরা ধারণ করেন প্রচণ্ড গ্রহণক্ষমতা আর সত্যকে মেনে নেওয়ার অপরিসীম সাহসী মানসিকতা। মেলবোর্নের একজন বিশিষ্ট অনকোলজিস্ট রানজনা শ্রীভাস্তভা, যিনি লিখেছেন, ‘টেল মি দ্য ট্রুথ: কনভারসেশন উইথ মাই পেশেন্ট অ্যাবাউট লাইফ অ্যান্ড ডেথ’, কিছুদিন আগে তাঁর অসাধারণ রোগীর আত্মিক উচ্চতার কথা লিখেছেন একটি দৈনিক পত্রিকায়। রোগী একজন সাধারণ পেশার মানুষ, অগ্ন্যাশয় ক্যানসারে আক্রান্ত, ক্রমশ ক্ষীণকায় হচ্ছেন, মাথার চুল হারাচ্ছেন, কিন্তু হারায়নি তাঁর কর্মযজ্ঞের অদম্য স্পৃহা। প্রতিদিন তৈরি করছেন নতুন নতুন লক্ষ্য এবং সেগুলো নিষ্ঠার সঙ্গে সাধনও করছেন। নিয়মিত চেকআপের সময় রানজনার সঙ্গে কৌতুক করতেও ভোলেন না। সেদিন বললেন, ‘স্টিভ জবসের জন্য আমার কেন দুঃখ হচ্ছে বুঝতে পারছি না, স্টিভের সঙ্গে তো আমার কোনো তুলনাই চলে না একমাত্র অগ্ন্যাশয়ের ক্যানসার ছাড়া! সে কত বড় প্রযুক্তিবিদ আর সাধারণ লোক আমি হাইস্কুলও পাস করিনি!’ ড. রানজনা শ্রীভাস্তভা মনে মনে উত্তর দিয়েছিলেন, তোমার আত্মার উচ্চতা স্টিভকে ছুঁয়ে যায়, তুমি সাধারণ নও, তুমি অসাধারণ, তুমি যদি জানতে স্টিভও কলেজ পালিয়েছিল!এই বাগান পরিচর্যাকারীর অসাধারণ জীবনমুখী অধ্যবসায়ই হতে পারে ক্যানসারের প্রতিপক্ষ। পুরো জীবন না হোক অন্তত কিছু বছর যথাযথ দিতে পারে এই অসাধারণ মনোবল। তিনি রীতিমতো কর্মক্ষম, সোনিয়া ফিরে এসেই কংগ্রেসের হাল ধরেছেন, জাহানারা ইমাম ঘাতক নির্মূল কমিটিতে নিয়মিত প্রণোদনা জুগিয়েছিলেন। স্টিভ কাজ করে গেছেন শেষ পর্যন্ত। আমার তিনজন সহকর্মী, তিন, পাঁচ এবং ১০ বছর ধরে শারীরিক ক্যানসার নিয়ে দিব্যি অফিস করছেন। যেন কাজের প্রতি ভালোবাসা তাঁদের চিকিৎসায় ইতিবাচক প্রভাব রাখছে। বিশ্বাস রাখতে হবে জীবনে, আস্থা রাখতে হবে বিজ্ঞানে। ‘ক্যানসার হ্যাজ নো আনসার’-এর দিন আমরা পেরিয়ে এসেছি আধুনিক চিকিৎসা পদ্ধতির কল্যাণে। জরিপে দেখা গেছে, ১৯৮২ থেকে ২০০৪ সালে ক্যানসার রোগীর পাঁচ বছর মেয়াদি বাঁচার হার পুরুষের ক্ষেত্রে বেড়েছে ৪১ থেকে ৫৮ শতাংশ আর নারীর ক্ষেত্রে ৫৩ থেকে ৬৪ শতাংশ। ক্যানসার-জনিত কারণে সার্বিকভাবে মৃত্যুর হার কমেছে ১৬ শতাংশ। কে বলতে পারে, আরোগ্য-সম্ভব অগ্ন্যাশয় ক্যানসারের করাল গ্রাস থেকে স্টিভ হয়তো বাঁচতেও পারতেন আরও কিছু বছর! সে প্রশ্নের উত্তর অজানা হয়েই থাকল। কেননা প্রথম নয় মাস নির্ভর করেছিলেন আধ্যাত্মিক নিরাময়ের ওপর। অন্তত আরও কটি বছর হতে পারত জীবন যাপনের অমূল্য সাধন। একজন প্রিয় কবি বলেছেন, ‘(বেঁচে) থাকাটাই আসল’—পৃথিবীতে এর চেয়ে বড় সত্য বুঝি আর নেই। এমন প্রাণপ্রাচুর্যের মানুষ, বাংলাদেশের জনপ্রিয় লেখক, হুমায়ূন আহমেদ। তিনি যেখানেই যাবেন, সেখানেই আকাশ নীল হয়ে যাবে, ঝকঝকে রোদ উঠতেই হবে। জীবনের সঙ্গিন সীমান্তে বসেও তাঁর কাঠপেনসিল সচল, এ নিদর্শন শুধুই জীবনের কথা বলে, প্রাণের প্রাচুর্যকে উপচে দেয় অন্যের কাছে। তিনি সুস্থ হয়ে দেশে ফিরবেন। বাংলাদেশের প্রথম ক্যানসার কেন্দ্র তার হাতেই হোক। ১৫ কোটি মানুষ এক টাকা করে দিলেও ১৫ কোটি টাকা, তার ভেতরে একটু সচ্ছল অর্ধেক মানুষ দুই টাকা করে দিলে আরও ১৫ কোটি টাকা, তারও ভেতরে আরও একটু সচ্ছল মানুষ চার টাকা করে দিলে আরও ১৫ কোটি টাকা ...। স্বপ্ন আছে, সম্ভাবনা আছে, সদিচ্ছা প্রয়োজন।