ভিন্ন আবহে একুশ

কলম্বোয় একুশে ফেব্রুয়ারির সবে শুরু। রোদ ঝলমলে সকালে ইনডিপেনডেন্স স্কয়ারের মেমোরিয়াল হলে সমবেত দেশি-বিদেশি অতিথি। তাঁদের মধ্যে আছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। শ্রোতারা মুগ্ধ হয়ে শুনছিলেন একুশের কালজয়ী গানটি—আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি...।
হাদিয়া গালিলির নির্দেশনায় দি মুসলিম কোরাল অনসাম্বলের পরিবেশনায় মুগ্ধ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ভেবেছিলেন শিল্পীরা বিদেশ থেকে এসেছেন। শিল্পীরা সবাই যে শ্রীলঙ্কার, এ তথ্য জেনে চমকে গেলেন মাহিন্দা রাজাপক্ষে। একুশের গানের পাশাপাশি ওই শিল্পীরা শ্রীলঙ্কার প্রখ্যাত সুরস্রষ্টা পণ্ডিত অমরাদেবার একটি গান গেয়ে শোনান দি
মুসলিম কোরাল অনসাম্বলের শিল্পীরা।
এরপর শ্রীলঙ্কার উচ্চাঙ্গসংগীতশিল্পী পালিন্দা উদাওয়েলা আরাচ্চি ভিন্ন আঙ্গিকে পরিবেশন করেন রবীন্দ্রসংগীত—একলা চলো রে। ভিয়েতনামের রাষ্ট্রদূত ফান কিউ থু একটি ভিয়েতনামি ও রুশ ভাষার গান গেয়ে শোনান অতিথিদের।
শ্রীলঙ্কার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কলম্বোয় বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আয়োজন করে। গান, যন্ত্রানুষঙ্গ, মাতৃভাষা দিবসের প্রতিযোগিতার চিত্রাঙ্কন, কবিতা ও রচনায় বিজয়ীদের প্রদর্শনী আর আলোচনার মধ্য দিয়ে ভিন্ন আবহে অনুষ্ঠিত হয়েছে একুশের অনুষ্ঠান।
উন্মুক্ত পরিবেশে ভিন্ন আঙ্গিকে একুশ উদ্যাপনের ব্যাখ্যা দিতে গিয়ে বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ বলেন, ভাষা হচ্ছে উদ্যাপনের উপাদান। আর তা চমৎকারভাবে সবাই মিলে পালনের উন্মুক্ত স্থানই যথোপযুক্ত। ভাষাকে হতে হবে সম্মিলনের উপাদান, বিভাজনের নয়। তাই এবারের আন্তর্জাতিক মাতৃভাষার প্রতিপাদ্যই হচ্ছে ‘সংহতির জন্য ভাষা’। যার মানে হচ্ছে নিজের ভাষার মর্যাদা বাড়ানোর পাশাপাশি অন্যের ভাষার প্রতি শ্রদ্ধা দেখানো।
কলম্বোয় ইনডিপেনডেন্স স্কয়ারে পৌঁছানোর পর একটি ক্যানভাস দেখে তার সামনে দাঁড়িয়ে পড়েন মাহিন্দা রাজাপক্ষে। আয়োজকদের একজন তাঁর হাতে তুলি এগিয়ে দিলে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর নিরাপত্তাকর্মীরা বাদ সাধেন। তাঁদের উপেক্ষা করে মাহিন্দা রাজাপক্ষে ক্যানভাসে লেখেন সিংহলি বর্ণমালা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন দুই মাস ধরে শ্রীলঙ্কাজুড়ে চিত্রাঙ্কন, কবিতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছিল। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষে ওই প্রতিযোগিতায় বিজয়ী ৩৯ জনকে পুরস্কৃত করেন।