ভিন্ন ঢঙে লম্বা চুল

অনেক দিনের যত্নে বেড়ে ওঠা লম্বা চুল কি আর হুট করেই কেটে ফেলতে ইচ্ছে করে। শখের চুল না কেটেই কীভাবে তা নানা ঢঙে সাজাতে পারেন, তা-ই জেনে নিন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান ও ফারজানা মুন্নীর কাছ থেকে।


যাঁদের চুল লম্বা, তাঁরা পুরো চুল না ছেঁটে শুধু সামনের দিকে অল্প কয়েক গোছা চুল নিয়ে ব্যাংস বা লেয়ার কাট দিয়ে নিতে পারেন। এতে চেহারায় নতুনত্ব আসবে। একেবারে না কেটেও ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করা যেতে পারে চুল রং করার মাধ্যমে—বললেন কানিজ আলমাস খান। তরুণীদের মধ্যে এখন চুল রং করার ঝোঁক নজরে পড়ছে। এই ঈদে স্টাইলিশ লুক আনার জন্য রংধনুর সাতটি রঙেও চুল রাঙাতে পারেন। ম্যাজেন্টা, লাল, কমলা, নীল ও সবুজের মতো উজ্জ্বল রংগুলো দিয়ে হাইলাইট করার ট্রেন্ড চলছে এখন। সামনের দিকে কয়েকটি চুল নিয়ে এ রংগুলো দিয়ে হাইলাইট করলে দারুণ লাগবে। এ ছাড়া চলছে অমব্রে বা চুলের শুধু আগার দিকে রং করার ট্রেন্ড। গায়ের রং একটু চাপা হলে বারগ্যান্ডি, ছাই-ব্লন্ড রং করাতে পারেন। গায়ের রং উজ্জ্বল হলে এই রংগুলো বাদে অন্য সব রংই করানো যেতে পারে।
কানিজ আলমাস খানের মতে, এখন কোন পোশাকের সঙ্গে কোন ধরনের চুলের সাজ বেছে নেবেন, তার কোনো বাঁধাধরা নিয়ম নেই। নানা রকম বেণি, চুলের এলোমেলো স্টাইল, উঁচু পনিটেল ও সামনের দিকে ফুলিয়ে পেছনে উঁচু খোঁপা বা পনিটেলের ট্রেন্ড চলছে। এ ছাড়া নানা ধরনের স্টাইলিশ হেয়ার ব্যান্ড ও ক্লিপ দিয়েও চুলের সাজে ভিন্নতা আনা যেতে পারে। রূপবিশেষজ্ঞ ফারজানা মুন্নী বলেন, ঈদের দিন যেহেতু পারলারে গিয়ে চুল সেট করে আসা সম্ভব না, তাই ঘরে বসে খুব সহজেই করে ফেলা যায়, এমন স্টাইলই করা ভালো। এর জন্য দরকার শুধু ভালো একটি হেয়ার স্প্রে, ক্লিপ, কাঁটা ও হেয়ার মুজ।

মাঝখান থেকে কিছু চুল নিয়ে টুইস্ট করে অথবা পাশের চুল টুইস্ট করে বেণি বা পনিটেল করে নিতে পারেন। এটি কামিজ বা পশ্চিমা ধাঁচের পোশাকের সঙ্গে বেশ মানিয়ে যাবে। চুল মজবুত হলে ক্ষণস্থায়ী পার্ম বা ক্রিম্প করেও নতুনত্ব আনতে পারেন। পোশাক ও ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে গেলে চুলে এবার নতুন অনেক স্টাইলই করতে পারবেন, তবে তার আগে একজন রূপবিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিতে ভুলবেন না।
হেয়ার স্টাইল করতে গিয়ে চুলের ওপর নানা রাসায়নিক ব্যবহারের যে ধকল যাবে, তা পুষিয়ে নিতে চুলে হালকা গরম তেল মালিশ করে ভালোমতো শ্যাম্পু করে ফেলতে হবে সেদিনই। তার কিছুদিন পর পারলারে গিয়ে বিশেষজ্ঞের মত নিয়ে হেয়ার ট্রিটমেন্টও নেওয়া উচিত।