ভিন্ন স্বাদের ঝালমুড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম ফিল্টার নজরুল। পেশায় তিনি ঝালমুড়ি বিক্রেতা। ঝালমুড়ির সঙ্গে ফিল্টার (সুপেয়) পানিও বিক্রি করেন। তাই তাঁর এই নাম। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা গোলপাহাড় মোড়ে তাঁর দেখা মেলে। নজরুলের ঝালমুড়ির নানা রেসিপি। নানা স্বাদ। এগুলোর একেকটা নাম—বোম্বাই, কলকাতা ও মাদ্রাজ। প্রত্যেক রেসিপিতে আবার নানা রকম ভাগ। শুক্রবার নজরুলের দোকানে ভিড় বেশি থাকে। কারণ সেদিন তাঁর ঝালমুড়ির বৈচিত্র্য বেড়ে যায়। দেশি মুরগি, পানি-কচু, ডিম ফ্রাই, খাসির মাংস, চিংড়ি, কবুতর ইত্যাদি ভিন্ন স্বাদের ঝালমুড়ি পাওয়া যায় সেদিন। দেশি মুরগির ঝালমুড়ি ১৩৫ টাকা, পানি-কচুর ঝালমুড়ি ৮৫ টাকা, মুরগির কলিজা, গিলার ঝালমুড়ি ৯০ টাকা, ডিম ফ্রাইর ঝালমুড়ি ৭০ টাকা, খাসির মাংসের ঝালমুড়ি ৩৩৫ টাকা, চিংড়ির ঝালমুড়ি ৪৫০ টাকা, কবুতরের ঝালমুড়ি ৬০০ টাকা (আটজনের জন্য)। প্রত্যেক স্বাদের ঝালমুড়ির সঙ্গে পরিবেশন করা হয় সালাদ। আপেল, কিশমিশ, টমেটো, বোম্বাই মরিচ ও এলাচি লেবু দিয়ে বিশেষ উপায়ে সালাদ তৈরি করা হয়। শুক্রবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন তিনি বিক্রি করেন বোম্বাই, কলকাতা ও মাদ্রাজ রেসিপির ঝাল-টক-মিষ্টি ইন্টারন্যাশনাল রয়েল বাংলা ও আটকে পড়া বাংলাদেশ-৪৫। বোম্বাই আচারের মসলায় তৈরি এসব ঝালমুড়ির সবচেয়ে ছোট প্যাকেট ২৫ টাকা, মাঝারি ৩৫ টাকা এবং বড় প্যাকেট ৪৫ টাকা। তাঁর পরিবেশনের বিশেষত্ব হচ্ছে তিনি প্রতি প্যাকেট ঝালমুড়ির সঙ্গে দুটি টিস্যু দেন। তিন সন্তানের জনক ফিল্টার নজরুলের ঝালমুড়ি বিক্রির পেশায় আসার গল্পটা অন্য রকম। এ পেশায় আসার আগে নজরুল ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে ভারতের মাদ্রাজে কাজ করতেন। সেখানে থাকাকালে তিনি ঝালমুড়ি বিক্রেতাদের কাছ থেকে দেখে এবং জিজ্ঞাসা করে ভিন্ন স্বাদের ঝালমুড়ি তৈরির কৌশল রপ্ত করেন। তিনি আরও জানান, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ের সময় গরিবুল্লাহ শাহের (রা.) মাজার প্রাঙ্গণে লাশ দাফন করতে গিয়ে পরিচয় হয় নগরের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে। লাশ দাফনে সহায়তা করায় সাবেক মেয়র তাঁকে একটি দোকান দিতে চেয়েছিলেন। ফিল্টার নজরুল দোকানের পরিবর্তে তৎকালীন মেয়রের কাছ থেকে চেয়ে নেন গোলপাহাড় মোড়সংলগ্ন ঝালমুড়ি বিক্রির এ জায়গা। ঝালমুড়ির ব্যবসা শুরু করার জন্য মহিউদ্দিন চৌধুরী তাঁকে ৬৫ হাজার টাকা দেন। ফিল্টার নজরুল অত্যন্ত গর্বের সঙ্গে জানান তাঁর ব্যবসায়ী সনদ (ট্রেড লাইসেন্স) আছে। নজরুলের ঝালমুড়ির ভক্ত আছেন অনেক। চট্টগ্রামের অনেক প্রতিষ্ঠিত শিল্পপতি ও গণ্যমান্য ব্যক্তি তাঁর ঝালমুড়ির ক্রেতা। তিনি জানালেন, গোলপাহাড় মোড় এলাকার বিভিন্ন ক্লিনিক ও রোগনিরূপণকেন্দ্রের (ডায়াগনস্টিক সেন্টার) চিকিৎসকেরা তাঁর প্রতিদিনের ক্রেতা। ফিল্টার নজরুলের প্রসঙ্গে গৃহিণী মমতাজ চৌধুরী বলেন, তাঁর ঝালমুড়ি খেতে মজা এবং স্বাস্থ্যসম্মত। সিটি কলেজের ছাত্র সৌমেন মজুমদার বলেন, ‘ফিল্টার নজরুলের ঝালমুড়ির স্বাদই আলাদা। তাই প্রায় শুক্রবার ছুটির দিনে বন্ধুরা মিলে ঝালমুড়ি খেতে আসি। ডাক্তার সুজন আলি হাসান জানান, ‘আমরা সহকর্মীরা কাজ শেষে সবাই মিলে ফিল্টার নজরুলের ঝালমুড়ি খাই, সে খুব যত্ন করে এবং পরিচ্ছন্নভাবে ঝালমুড়ি তৈরি করে।’ তবে রিফাত রহমান আক্ষেপের সুরে বলেন, ‘ঝালমুড়ির সর্বনিম্ন দাম যদি ২৫ টাকা হয়, আমরা চাইলেই সবসময় খেতে পারি না।’ এর জবাবে ফিল্টার নজরুল বলেন, ‘আমি সেরা উপাদান দিয়ে ঝালমুড়ি তৈরি করি, দাম একটু হবেই।’ সবশেষে ফিল্টার নজরুল পরিতৃপ্তির হাসি দিয়ে বলেন, ‘আমি চলে গেলে আমার সন্তান, নাতি-নাতনি এ পেশায় আসবে।’