ভিন্ন স্বাদের বাহারি ইফতার
সারা দিন রোজা রাখার পর ইফতারে নতুন নতুন পদের সংযোজন করতে চান রোজাদারেরা। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে সাজানো হয়েছে নগরের হোটেল-রেস্তোরাঁর ইফতার আয়োজন। দেশি খাবারের সঙ্গে ইফতারের খাদ্যতালিকায় যোগ হচ্ছে নানা বিদেশি পদও।পেনিনসুলাতারকা হোটেলের ইফতারের স্বাদ সাধারণের কাছে পৌঁছে দিতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে দ্য পেনিনসুলা চট্টগ্রাম। ফ্ল্যামিঙ্গো ও লেগুনা রেস্তোরাঁ দুটির পাশাপাশি এবার ইফতার মিলছে অর্কিড ইফতার শপেও। হোটেলের নিচতলায় এই বিশেষ আয়োজন সাজানো হয়েছে মোট ২৯ পদের দেশি-বিদেশি খাবার দিয়ে।অর্কিড ইফতার শপে দেশীয় হালিম ও জিলাপির পাশাপাশি আছে শ্রীলঙ্কান রোল, মালুপ্যান ও গোধার মতো বিদেশি খাবার। এখানে প্রতি কেজি জিলাপি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। ২৫ টাকায় মিলছে পাটিসাপটা পিঠা ও ফিরনি। প্রতি কেজি খাসির মাংসের হালিমের দাম ৩৯০ টাকা ও মুরগির মাংসের হালিমের দাম ৩৫০ টাকা। এ ছাড়া আছে প্রন টোস্ট (৫০ টাকা), চিকেন টোস্ট (৪০ টাকা), ফ্রাইড অনথন (২০ টাকা), চিকেন সমুচা (৩৫ টাকা) ও শামী কাবাব (২৫ টাকা)।হোটেলের ফ্ল্যামিঙ্গো রেস্তোরাঁয় আছে ইফতারের দুটি সেট মেন্যু। ১৬টি পদ নিয়ে সাজানো ‘এ’ মেন্যুর দাম ৫৯৯ টাকা এবং ১৮ পদের ‘বি’ মেন্যুর দাম ৬৯৯ টাকা। পাশাপাশি লেগুনায় আছে স্পেশাল ব্যুফে। ইফতার ও ডিনারের এই প্যাকেজের মূল্য এক হাজার ৩০০ টাকা। অর্কিড ইফতার শপ থেকে এক হাজার টাকার ইফতার কিনলে থাকছে একটি স্পেশাল গিফট প্যাক। পেনিনসুলার সহকারী ব্যবস্থাপক (ফুড অ্যান্ড বেভারেজ) মোহাম্মদ আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘সবাই যাতে আমাদের ইফতারের স্বাদ নিতে পারে, সে সুযোগ করে দিতেই অর্কিড ইফতার শপটি খোলা হয়েছে। খাবারে সর্বোচ্চ মান বজায় রেখে ক্রেতাদের নাগালের মধ্যেই রাখা হয়েছে দাম।’ অ্যারিস্টোক্রেসি‘বাসায় ইফতারি তৈরি করা হয়। তার পরও নতুন কিছু যোগ করতেই এখানে আসা। বাচ্চারাও নতুন খাবার পেলে খুশি হয়।’ গত মঙ্গলবার বিকেলে অ্যারিস্টোক্রেসিতে ইফতারি কিনতে আসা আমানুল হক এভাবেই জানালেন তাঁর কথা। ইফতারের ঘণ্টা খানেক আগেই এখানে ইফতার বিক্রি প্রায় শেষের দিকে। ৪০টি বাহারি পদ ও চারটি বিশেষ প্যাকেজে সাজানো হয়েছে অ্যারিস্টোক্রেসির এবারের ইফতার আয়োজন। ইফতারের পার্টি মেন্যুতে আছে দুটি প্যাকেজ। দাম ৪০০ ও ৪৫০ টাকা। এ ছাড়া স্পেশাল ইফতার বক্সেও আছে ৩২০ ও ৩৫০ টাকার দুটি প্যাকেজ। বাহারি ইফতারের তালিকায় আছে শাহী জিলাপি, রেশমি জিলাপি, হালিম, বিভিন্ন ধরনের চপ, তেহারি, রোল, কাবাব, কাটলেট ও জুস। এখানে প্রতিকেজি রেশমি জিলাপি বিক্রি হচ্ছে ৪৫০ টাকায়, শাহী জিলাপি ৩৫০ টাকায়, ফিরনি ৪০ টাকায়, প্রতিকেজি খাসির মাংসের হালিম ৪০০ টাকায় ও মুরগির মাংসের হালিম ৩৯০ টাকায়। অ্যারিস্টোক্রেসির ব্যবস্থাপক মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নগরবাসীর চাহিদার কথা মাথায় রেখে নানা উপকরণে সাজানো হয়েছে আমাদের ইফতার আয়োজন। ইফতারের এই বিশেষ আয়োজন চলবে চাঁদ রাত পর্যন্ত।’