ভিন্ন স্বাদের সবজি
বাজারে পাওয়া যাচ্ছে দেশি-বিদেশি নানা রকম সবজি। সবজির সঙ্গে মাছ, মাংস মিশিয়ে একটু ভিন্ন ধাঁচে রান্না করতে পারেন। দেখুন শাহানা পারভীনের দেওয়া রান্নাগুলো। সবজি মাংসের ঘুগনিউপকরণ: সেদ্ধ আলু (আস্ত), সেদ্ধ গাজর, মাশরুম, পেঁয়াজ, মটরশুঁটি, ব্রকলি, ফুলকপি ৫০ গ্রাম করে এবং গোল করে কাটা। মুরগির মাংস ১ কেজি (ছোট করে কাটা), সেদ্ধ ছোলা বা মটর ডাল আধা কাপ, কাঁচামরিচ ৪-৫টি, টমেটো ১টি, ক্যাপসিকাম ১টি, সরিষাবাটা ১ চা-চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, টমেটো সস ১ টেবিল-চামচ, ময়দা ১ টেবিল-চামচ, মুরগির স্টক ১ কাপ, গোল মরিচগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, মাখন ও তেল প্রয়োজনমতো।প্রণালি: ময়দা ও মুরগির স্টক ছাড়া সব উপকরণ দিয়ে মুরগির মাংস ৩০ মিনিট মাখিয়ে রাখতে হবে। একটি কড়াইয়ে মাখন দিয়ে মুরগির মাংস মৃদু আঁচে ঢেকে রান্না করতে হবে। সব সবজি ও ডাল লবণ ও গোলমরিচ দিয়ে মাখিয়ে ১ চা-চামচ মাখন দিয়ে হালকা ভেজে নিতে হবে। মুরগির মাংস সেদ্ধ হলে বাটিতে তুলে রাখতে হবে। বাকি ঝোলের মধ্যে ১ টেবিল চামচ ময়দা ও মুরগির স্টক দিয়ে একটি ব্রাউন সস তৈরি করে সারভিং ডিশে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ওপরে ঢেলে দিয়ে সাজিয়ে পরিবেশন করা যায়।সবজি সালাদউপকরণ: গরুর চাকা মাংস আধা কেজি, গাজর কুচি আধা কাপ, শসা কুচি আধা কাপ, বাঁধাকপি কুচি আধা কাপ, পেঁপে কুচি আধা কাপ, টমেটো কুচি আধা কাপ, সেদ্ধ ডিম কুচি ১টি, ভাজা বাদাম ১০-১২টি, পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ, (সিরকায় ভিজিয়ে রাখা) কাঁচামরিচ মিহি কুচি ২টি, ধনেপাতা কুচি ১ চা-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, চিনি ১ চা-চামচ, সালাদ ড্রেসিং ৪ টেবিল-চামচ, লবণ স্বাদমতো।প্রণালি: মাংস লবণ-পানিতে প্রেসার কুকারে সেদ্ধ করে পাতলা পাতলা করে কেটে ওপরের সব উপকরণ দিয়ে একসঙ্গে মাখিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করা যায় মজাদার সবজি সালাদ।সবজি ও কিমার দম উপকরণ: ব্রকলি ১ কাপ, ফুলকপি ১ কাপ, বাঁধাকপি ১ কাপ, পেঁপে ১ কাপ, গাজর আধা কাপ, বরবটি আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, সয়াবিন আধা কাপ, পেঁয়াজ ১ কাপ, (ভাঁজ খোলা) কাঁচামরিচ (বিচি ছাড়া) ৬-৭টি, মুরগির মাংসের কিমা ১ কাপ, চিংড়ি মাছের কিমা আধা কাপ, টক দই ২ টেবিল-চামচ, রসুন কুচি ২ কোয়া, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, মাখন ২ টেবিল-চামচ, তেল ২ টেবিল-চামচ, লবণ স্বাদমতো। প্রণালি: মুরগির কিমা ও চিংড়ির কিমায় টক দই মেখে রাখতে হবে। সব সবজি ধুয়ে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। ফ্রাইপ্যানে মাখন ও তেল দিয়ে তাতে রসুন কুচি দিতে হবে। এবার কিমা দিয়ে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে। এরপর তাতে সবজি ও লবণ দিতে হবে। সবজি সেদ্ধ হয়ে এলে কাঁচামরিচ, কর্নফ্লাওয়ার ও চিনি দিয়ে দুই-তিন মিনিট দমে রাখতে হবে।সয়া-সবজির মিশ্র পোলাওউপকরণ: সয়াবড়ি ১০০ গ্রাম (বাজারে কিনতে পাওয়া যায়) হাড়সহ গরুর মাংস ১ কেজি, ফুলকপি আধা কাপ, ব্রকলি আধা কাপ, গাজর আধা কাপ, মটরশুঁটি আধা কাপ, বাসমতী চাল ৩০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, পেঁয়াজবাটা ২ টেবিল-চামচ, আদাবাটা ১ টেবিল-চামচ, রসুনবাটা আধা চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, দারুচিনি ২-৩ টুকরা, এলাচি ৩-৪টি, লবঙ্গ ৪-৫টি, গোলমরিচ ১০-১২টি, তেজপাতা ২টি, তেল/ঘি ১ কাপ, কাঁচামরিচ ৬-৭টি, লবণ স্বাদমতো। প্রণালি: সয়াবড়ি গরম পানিতে ভিজিয়ে রেখে ঘিতে হালকা ভেজে নিতে হবে। মাংস ছোট টুকরা করে কেটে ধুয়ে নিয়ে সব বাটা ও গুঁড়া মসলা মাখিয়ে ৩০ মিনিট রাখতে হবে। হাঁড়িতে তেল/ঘি, পেঁয়াজ কুচি, গরম মসলা, তেজপাতা ভেজে মাংস ঢালতে হবে। মাংস ভালো করে নেড়ে ঢেকে দিতে হবে। মাঝেমধ্যে নেড়ে দিয়ে ভালো করে কষে নিতে হবে। পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করে ভুনা ভুনা করে তাতে সব সবজি দিয়ে মসলা থেকে মাংস-সবজি আলাদা করে তুলে রাখতে হবে। এবার চাল ধুয়ে মসলার হাঁড়িতে ঢেলে নাড়াচাড়া করে ২-৩ কাপ গরম পানি ও লবণ দিয়ে ঢেকে দিতে হবে। ভাত ফুটে উঠলে কিছু ভাত ওপর থেকে তুলে মাংস ও সবজি ছড়িয়ে দিয়ে আবার ভাত দিয়ে ওপরে কাঁচামরিচ ফালি ও সয়াবড়ি দিয়ে ১৫-২০ মিনিট দমে রাখতে হবে। গরম গরম পরিবেশন করা যায়।