ভিভেকার ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার বোনটা প্রায়ই ঢাকায় আসত। মনে হয়, সে মোট ১১ বার ঢাকায় এসেছিল, অন্তত আমি তেমনটাই শুনেছিলাম। “তোমার একবার হলেও ওখানে যাওয়া উচিত। জায়গাটা সত্যিই অসাধারণ আর মানুষগুলোও তা-ই।” ও বলেছিল। ভাবিনি, সত্যিই কোনো দিন ঢাকায় যাওয়া হবে। আমার বোন একদম সত্যি কথা বলেছিল।’ —ভিভেকা রিজবার্গধানমন্ডির ২৭ নম্বর যাত্রায় গিয়ে কী দেখা যায় ভাবছি। ইতিউতি তাকিয়ে শেষে চোখ গেল গানের সিডিগুলোর দিকে। হেলাভরে উল্টেপাল্টে দেখতে দেখতে হঠাত্ আর চোখ সরে না—এ সিসটার’স জার্নাল অ্যালবামের নাম। প্রচ্ছদটা সত্যিই অন্যরকম। গুলশান লেকের ধুলোময় ক্ষয়ে যাওয়া পাড় ধরে হেঁটে চলেছেন বিদেশিনী শিল্পী। পেছনে উঁকি দিচ্ছে ঢাকার আকাশচুম্বী অট্টালিকা। প্রচ্ছদ উল্টে আরও বেশি অবাক লাগে—‘যখন বুড়িগঙ্গায় নাও ভাসাই/চোখ দুটো বন্ধ করি/আর বাল্টিক সাগরে ফিরে যাই’শুধু শুরুর নয়। ইংরেজি অ্যালবামের বাকি গানের কথাগুলো জুড়েও আছে আমাদের দৈনন্দিনের চেনা ঢাকা। মনে মনে ভাষান্তর করে যাই—‘মেয়েটা দাঁড়িয়েছিল আমার সদর দরজার বাইরে/খালি পায়ের ভিখিরি সে মেয়েটা/আমার চেনা ভুবনের কেউ নয়/ওর কোলজুড়ে এক সদ্যোজাত শিশু—“ও ম্যাডাম, ও সুন্দরী, তুমি বাচ্চাটাকে নিয়ে যাও”।’পরের গানটায় আবার ঢাকার অন্যরূপ—‘গরমের দিনে/কৃষ্ণচূড়া ছেয়ে রাখে গুলশান এভিনিউ/ফুলের পাপড়ি ছড়িয়ে/জীবন বয়ে চলে/তোকে ছাড়াই/ফুলের সুবাস সেটাকে আরও বেশি সত্যি করে তোলে/বোন আমার/আমি পোশাক কারখানায় গেলে তোর দেখা পাই/কল্পনার চোখে দেখি সেলাইয়ের পাড় ধরে তোর হেঁটে যাওয়া...’অ্যালবামের মুখবন্ধে অতি বিনয়ের সঙ্গে জানানো হয়েছে, এই অ্যালবাম বিক্রির লাভের অর্থ ব্যয় হবে পথশিশুদের জন্য। সব মিলিয়ে—শোনার আগেই ভিভেকার গান মন্ত্রমুগ্ধ করে দেয়। তারপর কায়দা-কসরত করে জোগাড় হয় ভিভেকার ই-মেইল ঠিকানা। বৈদ্যুতিক বার্তায় লিখি—‘প্রিয় ভিভেকা, আপনার গান ভালো লেগেছে খুব। আপনার একটা সাক্ষাত্কার চাই।’পরের দিনই ভিভেকার জবাব আসে— ‘বলো কী! আমার গান তুমি শুনলে কোথায়? ঢাকা ছেড়েছি বেশ কয়েক মাস হয়ে গেল। আমি এখন স্টকহোমে। তোমার প্রশ্ন পাঠিয়ে দাও। তোমাদের পত্রিকা অনেক দেখেছি। কিন্তু পড়া হয়নি। বাংলা পড়তে পারি না আমি। শুধু একটু একটু বলতে পারি।’অনতিবিলম্বে ই-মেইল সাক্ষাত্কার সম্পন্ন হয়। সেই সব আলাপচারিতাই থাকল এখানে।আপনি প্রথম ঢাকায় এলেন কবে? শুরুর দেখায় কেমন মনে হচ্ছিল ঢাকাকে?নব্বইয়ের দশকে আমার ছোট বোন কাজ করত হংকংয়ে। পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে ওর প্রায়ই ঢাকায় আসতে হতো। ওর মুখেই ঢাকার গল্প শুনে মুগ্ধ হয়েছিলাম খুব। ২০০৪ সালে আমার স্বামী সেভ দ্য চিলড্রেনে চাকরি নিয়ে ঢাকায় আসেন। তত দিনে অবশ্য আমার ছোট বোনটা মারা গেছে ব্রেস্ট ক্যানসারে। মোটে ৩৩ বছর বয়স হয়েছিল ওর। প্রথম ঢাকাকে দেখার মুহূর্তটা এখনো মনে বাজে, বিমানের জানালা দিয়ে দেখছিলাম ঢাকাকে। দেখছিলাম চারদিকে শুধু পানি আর সবুজ ধানখেত। মনে হচ্ছিল আমি দুনিয়ার সবচেয়ে বড় গ্রামে এসে পা রেখেছি। ঢাকায় আসার প্রথম দিনই পাশের বস্তিতে আগুন লাগে। মানুষের আতঙ্কিত চিত্কার, ছুটোছুটি আমি দেখছিলাম গুলশানের বাসার ছাদ থেকে। সব পুড়ে ছাই হয়ে গিয়েছিল। কিন্তু পরের দিন কী অবাক কাণ্ড। দেখলাম সেই মানুষগুলোই হাসিমুখে আবার ঘরবাড়ি মেরামত করছে। মানুষের টিকে থাকার আশ্চর্য ক্ষমতা, মানুষের মনের ভেতরকার উদ্দীপনা—আমি মনে করি, বাংলাদেশের সেরা দিক এটাই।চার বছরের দেখায় ঢাকা আপনার চোখে কেমন?মনে হয়, ঢাকা আরও একটু বেশি পরিচ্ছন্ন আর কোলাহলমুক্ত হলে খুব ভালো হতো। বিশ্ববিদ্যালয় এলাকার পার্কগুলো খুব সুন্দর। যানজট সত্যিই ভয়ানক। সংসদ ভবন সারা বিশ্বের অন্যতম বিস্ময়কর এক স্থাপনা। অথচ কী আশ্চর্য! সেখানে সাধারণ জনগণের প্রবেশাধিকার নেই। আমার ক্ষমতা থাকলে আমি ঢাকায় আকাশ রেল (স্কাই ট্রেন) তৈরির ব্যবস্থা করতাম। আর পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণের ব্যবস্থা নিতাম। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের কোনো তুলনা হয় না।ঢাকা নিয়ে গান রচনার ভাবনা কী করে মাথায় এল?বাংলাদেশের বাসিন্দা একজন সুইডিশ আর এক বোন হারানো মেয়ে হিসেবে আমি বাংলাদেশের গল্প বলতে চেয়েছিলাম আসলে। আর আমি এই ঢাকায় খুঁজে ফিরছিলাম আমার হারানো বোনের স্মৃতি। আমার গিটার সঙ্গেই ছিল। গানের কথাগুলো আপনাআপনিই যেন মাথায় চলে এসেছে। খুব পরিকল্পনা করে গানের অ্যালবাম প্রকাশ করিনি। শামস্ (নাম নাই নামে পরিচিতি) আমাকে উত্সাহ দিয়েছিল খুব। সাউন্ড মেশিনের সঙ্গে ও-ই আমাকে যোগাযোগ করিয়ে দেয়।ঢাকায় গান রেকর্ডিং করতে গিয়ে কোনো সমস্যা?হুমম! বারবার শুধু মাঝখানে বিদ্যুত্ চলে যেত। একবার গেলে কমপক্ষে এক ঘণ্টা! আমি খুব হতাশ হয়ে যাচ্ছিলাম। আমার শব্দ প্রকৌশলী শিপন ছিল অন্যসব বাংলাদেশির মতোই অসম্ভব ধৈর্যশীল। ও শুধু হাসত। আর বলত, চলো, ‘এই ফাঁকে একটু বাইরে ঘুরে আসি।’বাংলাদেশ আর সুইডেনের সংগীতজগতের মধ্যে তফাত কেমন?বাংলাদেশে গানের ঐতিহ্য বিস্ময়করভাবে সমৃদ্ধ। বাউল গান এবং দর্শন দুটো দিক থেকেই অসাধারণ! ঢাকায় শুধু সংগীতশিল্পী হিসেবে টিকে থাকা কঠিন। সুইডেনের শিশুরা ১০ বছর বয়স থেকে বিনা পয়সায় বাদ্য-বাজনা শেখার সুযোগ পায়। সে কারণে সুইডেনে অনেক বিশ্বখ্যাত এবং সফল গায়কদের জন্ম হয়েছে। সুইডেনে গায়কদের জন্য অনেক সুযোগ। বাংলাদেশে বংশীবাদক বারী সিদ্দিকীর সঙ্গে আমার পরিচয় হয়েছে। তিনি একজন প্রথম শ্রেণীর শিল্পী, বিশ্বের অনেক দেশ সফর করেছেন। কিন্তু তাঁর এই প্রতিভা দিয়ে বাংলাদেশে ধনী হওয়া কঠিন।বাংলাদেশের সংগীত জগত নিয়ে কিছু বলুনবাংলাদেশে আনুশেহ্ আমার প্রিয় শিল্পী। আমরা বাংলাদেশি শিল্পীদের প্রায়ই গুলশানের বাসায় দাওয়াত করতাম। আমাদের বসার ঘরে গানের আয়োজন হতো। আমি এভাবেই বাংলাদেশের সংগীতজগতের সঙ্গে একাত্ম হতে চেয়েছি।