ভিসা দেওয়ার কথা বলে ৩৮ লাখ টাকা নিয়ে লাপাত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুদানে জুস কারখানায় কাজের ভিসা দেওয়ার কথা বলে কক্সবাজারের রামু উপজেলায় ১৭ জনের কাছ থেকে প্রায় ৩৮ লাখ টাকা হাতিয়ে নিয়ে গা-ঢাকা দিয়েছে একটি আদম বেপারি চক্র। একমাত্র সহায়-সম্বল বসতভিটা, জমি, স্বর্ণের অলংকার বন্ধক দিয়ে দেওয়া টাকা ফেরত না পাওয়ায় তাঁরা এখন দিশেহারা। এ ঘটনায় সম্প্র্রতি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যক্তিরা। এ অভিযোগটি রামু থানায় তদন্তাধীন।অভিযোগে উল্লেখ করা হয়, সুদানে জুস কারখানার কাজের ভিসা দেওয়ার কথা বলে গত জানুয়ারি মাসে ফতেখাঁরকুল ইউনিয়নের মালিপাড়ার মৃত নুরুল কবিরের ছেলে মো. রাসেল, মো. শাহজাহান শাহীন, তাঁদের ভগ্নিপতি মো. হোছাইন ১৭ জনের কাছ থেকে প্রায় ৩৭ লাখ ৪০ হাজার টাকা নেন। একটি ভিসার দাম ধরা হয় দুই লাখ ৮০ হাজার টাকা। এর মধ্যে দুই লাখ ২০ হাজার নগদ এবং ৬০ হাজার টাকা ভিসা পাওয়ার পরে দেওয়ার লিখিত চুক্তি হয়। টাকা দেওয়ার এক মাসের মধ্যে ভিসা দেওয়ার কথা। কিন্তু সময় পেরিয়ে গেলে ভিসার জন্য চাপ দিতে থাকলে টাকা গ্রহীতারা নকল ভিসা দেয়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে টাকা ফেরত চান। কিন্তু আজ দেবেন কাল দেবেন বলে সময় নষ্ট করেন এবং বর্তমানে গা-ঢাকা দিয়েছেন। ভুক্তভোগী ফরিদুল আলম জানান, টাকার ফেরত দিতে বেশি চাপ দিলে গত ২ নভেম্বর তাকে মো. শাহজাহান শাহীন ঢাকা ব্যাংকের দুই লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন। কিন্তু ব্যাংকে গেলে দেখা যায়, ওই ব্যাংক হিসাবে কোনো টাকা জমা নেই। এরপর থেকে তাকে এলাকায় পাওয়া যাচ্ছে না। চেক জালিয়াতির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান।রাজারকূল ইউনিয়নের হালদারকুল গ্রামের এজাহার মিয়া জানান, তাঁর একমাত্র সম্বল ছিল পাঁচ শতক (১৫ কড়া) বসতভিটা। ওই ভিটাটি বন্ধক দিয়ে তিনি ভিসার জন্য এক লাখ ২০ হাজার টাকা দেন। টাকা শোধ করতে না পারায় ওই ভিটাটি তাঁকে ছাড়তে হয়েছে। বর্তমানে ছেলেমেয়েদের নিয়ে তিনি পাহাড়ে আশ্রয় নেন। একইভাবে, মনির ঝিলের আবু তাহের, মন্ডলপাড়ার রাশেদুল হক (২৮), চাকমারকূল শাহমদের পাড়ার জাকের হোসেন (৩৫) খোন্দকারপাড়ার নুরুল আমিন, কাউয়াখোপ ইউনিয়নের মনিরঝিল গ্রামের আবু তাহের, শহিদুল ইসলাম, গর্জনিয়ার নুরুল আলম, আব্দুল হাকিমসহ অনেকে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।অভিযুক্ত মো. শাহজাহান শাহীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি একটি দুর্ঘটনা। ঢাকার মিরপুরের আসিফ নামের এক ব্যক্তি টাকা নিয়ে প্রতারণা করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। মো. রাসেল বলেন, এ ঘটনায় তাঁরা নিজেরাও প্রতারিত। ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার জন্য বসতভিটাটি বেচার কথা চলছে। তবে ২৫ লাখ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সব মিলিয়ে সাত লাখ ৫৫ হাজার টাকা নেওয়া হয়েছে।মো. ওবাইদুল হক টাকা নেওয়ার অভিযোগ স্বীকার করে বলেন, ‘আমিও তাঁদের মতো ভুক্তভোগী। ভিসার জন্য দেওয়া আমার নিজের ৬০ হাজার টাকা এঁদের কাছে আটকে আছে।’ রামু থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. কবির জানান, দুই পক্ষ নিয়ে একবার বসা হয়েছে। বাদী পক্ষকে আবার যোগাযোগ করার জন্য তিনি বলেন।