ভিসা বন্ধ থাকায় বিপাকে আমিরাতপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার। ২০১২ সালের ১২ আগস্ট থেকে এ দেশে বাংলাদেশিদের নতুন ভিসা প্রদান এবং আগের ভিসা পরিবর্তন বন্ধ রয়েছে। এখনো তা চালু না হওয়ায় বিপাকে আছেন আমিরাতপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।
আমিরাতে অনেক বাংলাদেশি ব্যবসা করেন। বিভিন্ন স্থানে রয়েছে তাঁদের নানা ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান। তাঁরা বাংলাদেশি কর্মীদের দিয়েই ব্যবসা পরিচালনা করতেন। ভিসার মেয়াদ শেষে অনেক কর্মী দেশে ফিরে গেছেন। ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখার স্বার্থে তাঁরা এখন পাকিস্তান, ভারত ও নেপালের কর্মীদের নিয়োগ দিচ্ছেন। কিন্তু অন্য দেশের কর্মী নিয়ে তাঁরা কাঙ্খিত সুফল পাচ্ছেন না।
আমিরাতে মোবাইল ও ইলেকট্রনিক ব্যবসার সিংহভাগ দখল করে আছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। ভিসা বন্ধ থাকায় ধীরে ধীরে তাঁদের প্রতিষ্ঠানে বাংলাদেশি কর্মীর সংখ্যা অনেক কমে গেছে। বাংলাদেশি মালিকানাধীন অনেক প্রতিষ্ঠানে এখন কাজ করছেন ভারত, পাকিস্তান ও নেপালের কর্মীরা। ভাষাগত সমস্যার কারণে বাংলাদেশি ব্যবসায়ীরা তাঁদের দিয়ে ভালো ভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না।
বৃহত্তর চট্টগ্রামের অধিবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলম দীর্ঘ কয়েক বছর ধরে আমিরাতে আছেন। মোবাইল ফোন ও ইলেট্রনিক পণ্যের ব্যবসা করেন। সফল ব্যবসায়ী। তিনি জানালেন, তাঁর প্রতিষ্ঠানে বাংলাদেশি কর্মীরা কাজ করত। ভিসার মেয়াদ শেষে তাঁরা দেশে ফিরে গেছেন। তাঁরা না থাকায় ব্যবসায়ে বেশ ক্ষতি হচ্ছে। ভিসা বন্ধ থাকায় তিনি বাংলাদেশ থেকে কর্মী আনতে পারছেন না।
গার্মেন্টস ও টেক্সটাইলের ব্যবসা করেন মোহাম্মদ রফিকুল আলম। ভিসা বন্ধ থাকায় তিনি তাঁর ব্যবসা সম্প্রসারণ করতে পারছেন না। বললেন, বাংলাদেশি কর্মীর অভাবে ঠিক মতো ব্যবসা চালানো যাচ্ছে না।
সৈয়দ মোহাম্মদ আনোয়ার চৌধুরী দীর্ঘদিন ধরে আমিরাতে আছেন। নানা ব্যবসায় জড়িত। কিছুদিন আগে অনেক টাকা বিনিয়োগ করে আবুধাবির মোচ্ছাফ্ফায় নতুন কার পলিশ ও সার্ভিস স্টেশন চালু করেছেন। ভেবেছিলেন দ্রুতই বাংলাদেশির জন্য নতুন ভিসা চালু হবে। ভিসা চালু হলে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী আনবেন। কিন্তু এখনো চালু না হওয়ায় বেশ সমস্যায় পড়েছেন।
আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন বেশির ভাগ ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় একই চিত্র। এ সব প্রতিষ্ঠানে দিন দিন কমছে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা।
অনেক দিন ধরে শোনা যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমিরাতে সফরে আসবেন। এই সফরের পর নতুন ভিসা চালু হতে পারে। প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে প্রবাসীদের মনে আশার আলো জাগলেও অনেকেই আছেন নানা দ্বিধায়। কারণ প্রধানমন্ত্রীর আমিরাত সফরের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
এম আবদুল মন্নান
আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত