ভিড় ঠেলে বাসে ওঠা...

মৌরি আহমেদ চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অফিস বাংলামোটরে, থাকেন মিরপুরের পল্লবীতে। প্রতিদিন তাঁকে বাসে যাতায়াত করতে হয়। মৌরি বললেন, ‘দুই ঘণ্টা দাঁড়িয়ে থেকেও অনেক সময় ভিড়ের জন্য বাসে উঠতে পারি না। তা ছাড়া বাসের হেলপার নারী যাত্রীদের গাড়িতে নিতেই চায় না। মেয়ে দেখলেই বলে সিট খালি নাই। অথচ প্রতিদিন সিএনজিতে চলার অবস্থাও আমার নেই।’ প্রতিদিনের যাতায়াতের এ ভোগান্তির প্রভাব পড়েছে তাঁর ব্যক্তিগত ও কর্মজীবনেও। প্রায়ই ভাবেন চাকরি ছেড়ে দেবেন। কিন্তু সংসারের প্রয়োজনে তাও আর হয়ে ওঠে না।
বর্ণা রায় প্রতিদিন ধানমন্ডি ৮ নম্বর থেকে বাসে চড়েন। অনেকক্ষণ অপেক্ষা করে বাসে উঠতে পারলেও বসার সিট পান না বেশির ভাগ দিন। ধানমন্ডি থেকে মতিঝিল—পুরোটা পথ তাঁকে দাঁড়িয়ে যেতে হয়। এ ছাড়া বাসের সহকারী (হেলপার) ও পুরুষ যাত্রীরা নানা রকম কটূক্তি করেন। অনেক সময় যৌন হয়রানিরও শিকার হতে হয় বলে জানান তিনি। বর্ণা বলেন, ‘কিছু পুরুষ যাত্রী সুযোগ পেলেই শরীরে হাত দেয়, ইচ্ছা করে ধাক্কা দেয়—এমনকি গায়েও হেলে পরে। এ ছাড়া প্রায়ই হেলপার-বাসচালক মেয়েদের অপদস্ত করেন।’
রাজধানীর গণপরিবহনে নারী যাত্রীদের এ ভোগান্তি শুধু মৌরি বা বর্ণার নয়। এ ধরনের অভিজ্ঞতা শহরে চলাচলকারী বেশির ভাগ নারীর। রাজধানীর বিভিন্ন সড়কে সরেজমিন ঘুরে দেখা যায়, নগরবাসীর প্রয়োজনের তুলনায় গণপরিবহনের সংখ্যা খুব কম। নারীদের চলাচলের জন্য বিআরটিসির মাত্র ১২টি আলাদা বাস রয়েছে, এ ছাড়া অন্য কোনো সেবা বা ব্যবস্থা নেই। অথচ শহরে শিক্ষার্থীসহ কর্মজীবী নারীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে।
সকাল ও বিকেলে অফিসের যাওয়া আর ফেরার সময়ে তাঁরা সীমাহীন দুর্ভোগের শিকার হন। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও বাসে উঠতে পারেন না। ভিড় ঠেলে, অন্য যাত্রীদের ধাক্কা সামলে বাসে উঠলেও বসার আসন মেলে না। আর সন্ধ্যা নামলেই নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন তাঁরা। সীমাহীন যানজট নারী যাত্রীদের এই দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়।
অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর (আঞ্চলিক প্রধান) ফারাহ কবির বলেন, ‘নারীরা যাতায়াতে প্রতিদিন নানা ধরনের ঝামেলায় পড়েন। আমরা নারীদের জন্য নিরাপদ নগরী চাই। সে জন্য নারীদের নির্বিঘ্নে চলাচলে সরকারসহ নীতিনির্ধারকদেরও কাজ করতে হবে। শুধু গণপরিবহনের সুষ্ঠু ব্যবস্থাপনা নয়, পাশাপাশি নারীর নিরাপত্তায় পর্যাপ্ত আলো ও টয়লেটের ব্যবস্থা করতে হবে।’ একই সঙ্গে নারী যাত্রীদের সঙ্গে আচরণের জন্য বাসের কন্ডাক্টর ও চালকদের সচেতন করা জরুরি বলে মনে করেন তিনি।
মাকে নিয়ে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এসেছেন উত্তরার সোনিয়া আক্তার। দীর্ঘ সময় শাহবাগ মোড়ে দাঁড়িয়েও বাসে উঠতে পারেননি তাঁরা। দুপুরের রোদে ক্লান্ত হয়ে এ নিয়ে কিছুটা ক্ষোভের সঙ্গে সোনিয়া বলেন, ‘কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। কোনো গাড়িতে উঠতে পারিনি। শুধু বলে সিট নাই। এদিকে মাও আর দাঁড়িয়ে থাকতে পারছে না।’ এ সময় দেখা যায়, ষাটোর্ধ্ব মরিয়ম বেগম সড়ক বিভাজকের ওপর বসে আছেন। তাঁর মতো অনেকেই চিকিৎসা শেষে বাড়ি ফিরতে বাসের জন্য অপেক্ষা করছেন।
ঢাকা মহানগর পরিবহন কমিটির (ঢাকা মেট্রো আরটিসি) শর্তানুযায়ী, ঢাকার প্রতিটি বড় বাসে নয়টি এবং মিনিবাসে ছয়টি আসন শিশু, নারী ও প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। নারীদের জন্য বাসে নির্ধারিত আসনের এ শর্ত অনেক বাসেই মানা হচ্ছে না। আবার মানলেও সেসব আসন বেশির ভাগ সময় পুরুষ যাত্রীরা দখল করে থাকে। এমনকি আসন ছেড়ে দেওয়ার কথা বললে উল্টো পুরুষেরা অপমানসূচক বিভিন্ন উক্তি করে বলে জানান বর্ণা। পাশাপাশি নির্ধারিত এ আসনের বাইরে নারীরা বসতে গেলেও অনেক কথা শুনতে হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বিআরটিসির চেয়ারম্যান মিজানুর রহমান এসব অভিযোগ সম্পর্কে অবগত রয়েছেন বলে জানালোন। প্রথম আলোকে তিনি বলেন, ‘নারী যাত্রীদের বাসে নিতে অনিচ্ছার কারণে সম্প্রতি আমরা বাসের গেটে কোনো কন্ডাক্টর থাকবে না বলে নিয়ম করেছি। যাত্রীরা সিরিয়াল দিয়ে আসন সংখ্যানুযায়ী বাসে উঠবে।’ রাজধানীতে সিটিং সার্ভিস চালু থাকলেও কোনো নিয়ম-কানুনের বালাই নেই বাসগুলোতে। তারা ইচ্ছানুযায়ী বেশি লাভের আশায় পুরুষ যাত্রীর স্থান সংকুলান করতে নারীদের বাসে তোলে না। এ বিষয়ে তিনি বলেন, ‘এসব সমস্যা সমাধানে পর্যবেক্ষণের ব্যবস্থা করা হবে। অনেক নারী যাত্রীর সঙ্গে বেশির ভাগ সময় পুরুষ সঙ্গী (বাবা, ভাই, স্বামী, ছেলে, সহপাঠী) থাকায় ইচ্ছা থাকা সত্ত্বেও নারী বাসের সংখ্যা বাড়ানো যাচ্ছে না। কারণ তাঁরা সঙ্গী ছাড়া বাসে উঠবেন না।’
তবে শুধু বাস নয়, সিএনজি ও রিকশাতেও নারী যাত্রীদের নানা ধরনের বিড়ম্বনার শিকার হতে হয়। এর মধ্যে নারী যাত্রীদের নির্দেশ না মেনে চালকের ইচ্ছেমতো পথ দিয়ে চলাচল করার অভিযোগ সবচেয়ে বেশি। সম্প্রতি যোগ হয়েছে আরেক সমস্যা, সিএনজিতে ভাড়া নির্ধারণে মিটার বাধ্যতামূলক করার পরে সহজ পথে না গিয়ে বাড়তি ভাড়ার আশায় অনেক চালক ঘুরে যান। ফলে নগরের যাতায়াত ব্যবস্থা এখনো পুরোপুরি নারী–বান্ধব নয়।