ভিড় নেই ঈদ মেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ কাছে আসার সঙ্গে সঙ্গে বিপণিকেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে। কিন্তু ভিড় নেই ঈদ মেলায়। ঈদকে সামনে রেখে নগরের বিভিন্ন এলাকায় ছোট বড় কিছু মেলা বসেছে। এর মধ্যে আউটার স্টেডিয়ামে তাঁতবস্ত্র ও কুটির শিল্প মেলা, বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয় (বাওয়া) স্কুলমাঠ ও জিইসির মোড়ের সাথি কমিউনিটি সেন্টারে দুটি আলাদা ঈদ বিক্রয় উৎসব এবং জেলা শিল্পকলা একাডেমীতে তরুণ উদ্যোক্তাদের ঈদ মেলা উল্লেখ করার মতো। তবে এসব মেলায় স্টলের চাকচিক্য থাকলেও ক্রেতার উপস্থিতি তেমন দেখা যাচ্ছে না। এর কারণ হিসেবে এসব মেলার আয়োজকেরা বলেছেন, নগরে অনেক আধুনিক ও বিলাসবহুল বিপণিকেন্দ্র গড়ে ওঠায় ক্রেতারা সেদিকে ভিড় করছেন। এ ছাড়া হঠাৎ বৃষ্টির কারণে মেলামুখী হচ্ছেন না ক্রেতারা। এসব মেলা চলবে চাঁদরাত পর্যন্ত। তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা: এ মেলায় শাড়ি, সালোয়ার-কামিজ, শার্ট, পাঞ্জাবি, পাটজাতসামগ্রী, লেদার ব্যাগ, তৈজসপত্র, গয়না, মেয়েদের জুতা, মৃৎশিল্পের রকমারি পণ্য, গৃহস্থালি সামগ্রী পাওয়া যাচ্ছে। কিন্তু ক্রেতাদের ভিড় নেই। তিশা টেক্সটাইলের রিয়াজ আহমেদ জানান, ‘আমাদের স্টলে নানা মানের শাড়ির কালেকশন আছে। জামদানি, বালুচুরি, সুতি, টাঙ্গাইল, সিল্ক—সবই আছে। এসব শাড়ির দাম দুই হাজার ৫০০ থেকে ৫০ হাজার টাকা।’ তিনি বলেন, ‘আশানুরূপ বিক্রি হচ্ছে না এবার।’ মেলায় ছেলেদের পোশাকও এসেছে। বাওয়া মেলা: চিটাগাং উইমেনস্ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় এবং উইমেনস্ বুটিকস হাউস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও উইমেনস্ ফ্যাশন ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে বাওয়া স্কুলমাঠে গত ২০ আগস্ট শুরু হয় ঈদ মেলা। এখানে গয়না, প্রসাধন, মেয়েদের ব্যাগ, জুতা, তৈরি পোশাক, সালোয়ার-কামিজ, প্লাস্টিক পণ্য, খেলনা ইত্যাদি পাওয়া যাচ্ছে। ভাই ভাই প্লাস্টিকের মালিক মো. মাজদুল হাসান বলেন, ‘আমাদের দোকানে প্লাস্টিক পণ্যের পাশাপাশি আমরা মেলামাইনের জিনিসও বিক্রি করছি।’ সুফল স্টোরে বিভিন্ন রকম ব্যাগ পাওয়া যাচ্ছে। লেডিস কর্নার নামের স্টলে গয়না বেশ ভালো পাওয়া যাচ্ছে। মেলায় আসা কলেজছাত্রী সাবরিনা জাহান বলেন, ‘মেলায় সব কিছুর দাম প্রায় হাতের নাগালে আছে।’ সব স্টল চালু হলে মেলা আরও জমজমাট হবে। সাথি ক্লাবের ঈদ মেলা: পাঁচ রমজান থেকে সাথি কমিউনিটি সেন্টারে শুরু হয়েছে ঈদ বিক্রয় উৎসব ২০১০। এ মেলায় তেমন বেশি স্টল বসেনি। এখানে পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, জুতা, গয়না ইত্যাদি পাওয়া যাচ্ছে। ইকরা ও ইমন আলী ফ্যাশনে মেয়েদের সালোয়ার-কামিজ ও ছেলেদের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। রতন স্টোরে ভালো গয়না পাওয়া যাচ্ছে। এদিকে জেলা শিল্পকলা একাডেমীর ঈদ মেলায়ও মোটামুটি ক্রেতাসমাগম হচ্ছে।