ভিড় বাড়ছে বাণিজ্য মেলায়
‘মকছদ তো পান বেচনা নেহি, মকছদ হ্যা প্যাভিলিয়নে কাস্টমার লেকে আনা’ (পান বিক্রি করা মূল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো পাকিস্তান প্যাভিলিয়নে ক্রেতাদের আকৃষ্ট করা)। পানদোকানি মো. ছগির বেশ আস্থা নিয়েই বললেন কথাগুলো। চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলার পাকিস্তান প্যাভিলিয়নের সামনে শাহি পান থেকে শুরু করে পাকিস্তানের বিখ্যাত সব পানের পসরা নিয়ে বসেছেন ছগির। মানভেদে প্রতিটি পানের দাম হাঁকা হচ্ছে ১০ থেকে ২০০ টাকা পর্যন্ত। প্যাভিলিয়নের একটি খুঁটির সঙ্গে ঝোলানো আছে মূল্য তালিকা। সেখান থেকে দাম দেখে ১০ টাকার শাহি পানের অর্ডার দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ফারুক। গত ২৮ ফেব্রুয়ারি নগরের পলোগ্রাউন্ড মাঠে বাণিজ্যমেলায় সরেজমিন পরিদর্শনে গেলে এই চিত্র দেখা যায়। এবারের মেলায় অংশ নিয়েছে আটটি প্রিমিয়ারগোল্ড বা বড় প্যাভিলিয়ন, দুটি ফরেন জোন, ১৬টি মিনি মেগা প্যাভিলিয়ন আর ২৪২টি স্টল। মেলার আয়োজক চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কর্মকর্তারা জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর দেশি পণ্যের সমাবেশ ঘটেছে বেশি। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া মেলা এখনো পুরোপুরি জমে না উঠলেও মেলার প্যাভিলিয়ন ও স্টলের বিক্রয়কর্মীরা বলছেন, ক্রমেই জমে উঠছে। প্রায় চার লাখ বর্গফুট আয়তনের মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, গৃহস্থালি, প্রসাধনসামগ্রীর প্যাভিলিয়ন ও স্টলের দিকে ক্রেতাদের আনাগোনা বেশি। বরাবরের মতো এবারও আরএফএল, এন মোহাম্মদ প্লাস্টিক, ইউনিলিভার, হক ডোরস, অটবি উন্নত ও টেকসই দেশি প্রযুক্তির নানা পণ্যের সমাবেশ ঘটিয়েছে মেলায়। এবারের মেলায় নতুনত্ব যোগ করেছে প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলা লায়ন ওইম্যাক্স, টয়োটা নাভানা, আলফা বলপেন, ইউনি হাউসওয়্যার (প্লাস্টিক পণ্য)। আলফা বলপেন ও টুথব্রাশ স্টলের বিক্রয়কর্মী সুমন কুমার দাশ বলেন, ‘আমরা ১০টি বলপেন ৩৫ টাকা, একটি টুথ ব্রাশ মানভেদে ১০-৩৫ টাকায় বিক্রি করছি।’ রাজশাহী সিল্কের বিক্রয়কর্মী ইব্রাহিম নেওয়াজ ও সালমান জামদানির হারুন রশীদ বলেন, ‘নারী ও শিশুদের উপস্থিতি বেশি।’ একাধিক স্টলের বিক্রয়কর্মী বলেন, মেলায় উচ্চমধ্যবিত্ত ও মধ্যবিত্তদের আনাগোনা বেশি। গৃহস্থালি, প্রসাধন, প্লাস্টিক, তৈজসসামগ্রীসহ দেশি পণ্যের দিকে ক্রেতাদের আগ্রহ বেশি। ফটিকছড়ির পাইন্দং এলাকা থেকে পরিবার নিয়ে মেলায় এসেছেন দুবাই প্রবাসী মো. ইদ্রিস। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমাদের দেশে তৈরি নানা জাতের পণ্যের দেখা মিলছে ঠিকই কিন্তু দাম চড়া।’ পটিয়ার এয়াকুবদণ্ডী থেকে আসা রিয়েল এস্টেট ব্যবসায়ী ইমতিয়াজ আলী বলেন, ‘ছয় হাজার টাকা দিয়ে একটি জামদানি শাড়ি কিনলাম। ঘুরতে ঘুরতে খিদে পাওয়ায় কাবাব হাউসে ঢুকে পেট ভরে খেলাম। কিন্তু কাবাব হাউস আমাকেই কাবাব বানিয়ে দিল। মাটন কাবাবের দাম নিল ২২০ টাকা।’ শৌচাগার সম্পর্কে দর্শক, ক্রেতা ও বিক্রয়কর্মীদের অভিযোগ রয়েছে। বিক্রয়কর্মী নওশাদ ইবনে আলী (ফরেন জোন) বলেন, ‘মেলার আয়োজকদের শৌচাগারের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করার জন্য মৌখিকভাবে কয়েকবার বলেছি। কিন্তু তাঁরা তা আমলেই নিচ্ছেন না।’ চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সচিব ওসমান চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মেলায় শৌচাগার, পানির ব্যবস্থা এবং পরিবেশগত কোনো ত্রুটি নেই।’ মেলায় ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন প্রতিষ্ঠান মোটরসাইকেল, ইলেকট্রনিকসসহ নানারকম পণ্যের অফার দিচ্ছে। এ ছাড়া, শাড়ি, তৈজসসামগ্রী, প্লাস্টিক, আসবাবসহ অধিকাংশ দেশি পণ্য ১০-৩০ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে। তবে এবারের মেলায় নতুনত্ব এনেছে প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান বাংলা লায়ন ওইম্যাক্স। ওই প্যাভিলিয়নে প্রচুর দর্শক, ইন্টারনেট গ্রাহকদের ভিড় দেখা গেছে। নগরের ১৩-১৪টি জায়গায় এই সংস্থার নেটওয়ার্ক রয়েছে। প্যাভিলিয়নে স্থাপন করা হয়েছে চারটি ফ্রি অ্যাক্সপেরিয়েন্স বুথ। দর্শক ইচ্ছে করলে এসব বুথ থেকে বিনা মূল্যে ব্রাউজ করে ওইম্যাক্সের গতি যাচাই করতে পারবেন। সংস্থাটির হেড অব প্রমোশন ও জনসংযোগ কর্মকর্তা জিএম ফারুক খান এসব তথ্য জানান। এদিকে, ১৫০০ সিসি ও ১৩০০ সিসির ২০১০ মডেলের টয়েটো এভাঞ্জা গাড়ি নিয়ে মেলায় হাজির হয়েছে টয়েটো নাভানা। কোম্পানির সহকারী প্রকৌশলী শাওকি ইবনে জামাল বলেন, ‘আমরা ভালো সাড়া পাচ্ছি।’