ভিড় বাড়ছে বিদেশি সার্ফারের
কক্সবাজার সমুদ্রসৈকত সার্ফিংয়ের জন্য বিশ্বের সবচেয়ে উপযুক্ত ও নিরাপদ স্থান। আমেরিকার হাওয়াই, ইন্দোনেশিয়ার বালি এবং থাইল্যান্ডের পাতাইয়া সমুদ্রসৈকতের চেয়েও কক্সবাজার সৈকত সার্ফিংয়ের জন্য নিরাপদ। এসব সৈকত প্রবাল ও পাথরে ভরা। সমুদ্রের পানিও থাকে ঠান্ডা। সার্ফিং করতে নামলে প্রবাল এবং পাথরস্তূপে শরীর কেটে যায়। কিন্তু কক্সবাজার সৈকতের পানি গরম এবং সাগরে সবসময় থাকে ঢেউ। হাঙরসহ সামুদ্রিক হিংস্র প্রাণীর বিচরণও তেমন দেখা যায় না। এ কারণে এ সৈকত সার্ফিংয়ের জন্য খুবই উপযুক্ত। কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে দাঁড়িয়ে ৯ মার্চ কথাগুলো বলছিলেন পাঁচ বিদেশি সার্ফার। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সুচিহাল চার্ল (২৫), একই শহরের মেথেন (২৩), যুক্তরাজ্যের টম (২৭) এ দলে ছিলেন। গত ৫ ফেব্রুয়ারি সার্ফিং করতে তাঁরা কক্সবাজার এসেছেন। তাঁদের মতে বাংলাদেশে নিরাপদে কম খরচে সার্ফিং করা যায়। ক্যালিফোর্নিয়া বা হাওয়াই দ্বীপের সৈকতের খুব নির্দিষ্ট কিছু এলাকায় কেবল সার্ফিং করা যায়। কিন্তু কক্সবাজার সৈকতের সব অংশই সার্ফিংয়ের জন্য উপযুক্ত। এর আগে গত ডিসেম্বরে আন্তর্জাতিক সার্ফারদের সংগঠন সার্ফিং দ্য নেশনসের প্রেসিডেন্ট টম বাওয়ারও (৫৫) অনুরূপ কথা বলেছেন। টম বাওয়ারের নেতৃত্বে ৩৫ জন বিদেশি সার্ফার কক্সবাজারে ষষ্ঠ আন্তর্জাতিক সার্ফিং প্রতিযোগিতায় অংশ নেন। তাঁদের সঙ্গে ছিলেন বাংলাদেশের প্রথম সার্ফার জাফর আলম। বিদেশি সার্ফাররা জাফর আলমের সংগঠন সার্ফিং বাংলাদেশের অর্ধশতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেন। আমেরিকার নারী সার্ফার খ্রিস্টিয়ান পেন জানান, নারী সার্ফারদের জন্য কক্সবাজার সৈকত খুবই উপযুক্ত এবং নিরাপদ। সার্ফিং করার সময় ঢেউয়ের তোড়ে ছিটকে পড়লে প্রবাল বা পাথরে শরীর কেটে যায় সার্ফারদের। এ নিয়ে নারী সার্ফারদের মারাত্মক আতঙ্কে থাকতে হয়। কক্সবাজার সমুদ্রসৈকতের কথা বিভিন্ন প্রচারমাধ্যমে তুলে ধরা হলে বিদেশি বহু সার্ফার এ সৈকতে আসবেন। একই কথা বললেন জাপানের নারী সার্ফার কাজিনুসহ অনেকে।সার্ফিং দ্য নেশনসের প্রেসিডেন্ট টম বাওয়ার বলেন, ‘কক্সবাজার সৈকতের মতো এত সুন্দর সৈকত পৃথিবীর আর কোথাও নেই। পরিকল্পিতভাবে এ সৈকত সাজানো গেলে বিশ্বের হাজার হাজার পর্যটক এখানে ভ্রমণে আসবেন। আমরা (সার্ফাররা) গত ছয় বছর ধরে এই সৈকতে সার্ফিং করতে আসছি। কক্সবাজার সৈকত হচ্ছে সার্ফিং করার অন্যতম নিরাপদ স্থান।’ সার্ফার জাফর আলম (২৮) জানান, বিদেশি সার্ফারদের জন্য কক্সবাজার সৈকত জনপ্রিয় হয়ে উঠছে। গত ২২ সেপ্টেম্বরে অনুষ্ঠিত দিনব্যাপী আন্তর্জাতিক সার্ফিং প্রতিযোগিতায় আমেরিকা, অস্ট্রেলিয়া, সুইডেন ও জাপানের ৩৫ সার্ফার অংশ নেন। ২০০৯ সালে অনুষ্ঠিত দুদিনের সার্ফিং প্রতিযোগিতায় ১৮ জন এবং ২০০৮ সালের তিন দিনের প্রতিযোগিতায় ১৭ জন বিদেশি সার্ফার অংশ নিয়েছিলেন। সার্ফিং বাংলাদেশের ৬৯ জন তরুণ সার্ফারের জলক্রীড়া দেখে বিদেশি সার্ফাররাও মুগ্ধ হয়েছেন। এ ছাড়াও সারা বছর ধরে কিছু বিদেশি পর্যটক এখানে আসছেন সার্ফিং করতে। সমুদ্রের পানি সবসময় গরম থাকে বলে যেকোনো সময় এই সৈকতে সার্ফিং করা যায়। সার্ফার জাফর আলম দুবার (২০১০ ও ২০০৯ সালে) আমেরিকার হাওয়াই দ্বীপে অনুষ্ঠিত আন্তর্জাতিক সার্ফিং প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেন। দুই শতাধিক দক্ষ সার্ফারকে পেছনে ফেলে ষষ্ঠ ও অষ্টম স্থান ছিনিয়ে নিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন তিনি। জাফরের এই সার্ফিং শেখার প্রতিষ্ঠানে বর্তমানে ৮৮ জন শিক্ষার্থী রয়েছে। এঁদের বেশির ভাগ গরিব ঘরের সন্তান। বিনা পয়সায় তাঁদের সাগরে নিয়ে আট বছর ধরে তিনি সার্ফিং খেলার প্রশিক্ষণ দিচ্ছেন। টম বাওয়ার এ কাজে তাঁকে সহযোগিতা করছেন। জাফর আলম জানান, সার্ফিং সারাবিশ্বে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। বাংলাদেশেও সার্ফিং খেলা জনপ্রিয় করে তোলার লক্ষ্যে তিনি ওই প্রতিষ্ঠান গড়ে তোলেন। সরকারসহ সংশ্লিষ্ট লোকজনের সহযোগিতা পেলে কক্সবাজার সমুদ্রসৈকতকে বিশ্বের অন্যতম সার্ফিং এলাকা হিসেবে প্রতিষ্ঠা করতে পারবেন—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। কক্সবাজারের জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, সার্ফিং খেলা দেশে জনপ্রিয় করে তুলতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। সার্ফারদের প্রশিক্ষণের জন্য সৈকতের একটি অংশ সংরক্ষিত করার চেষ্টা চলছে।