ভিড় বেশি বিদেশি প্যাভিলিয়নে
শেষের দিকে এসে জমে উঠেছে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। কয়েকদিন ধরেই মেলায় দর্শকসমাগম বাড়ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। মেলায় আসা দর্শকদের মূল আকর্ষণ বিদেশি স্টল ও প্যাভিলিয়ন। গতকাল মেলা ঘুরে দেখা গেছে বিদেশি স্টলগুলোতে ক্রেতারা ভিড় জমিয়েছেন। এবারের বাণিজ্য মেলায় থাইল্যান্ড, ইরান, পাকিস্তান ও কোরিয়ার উদ্যোক্তারা স্টল দিয়েছেন। গতকাল শেষ হওয়ার কথা থাকলেও মেলার সময় আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে। এবার মেলার ‘কান্ট্রি পার্টনার’ (সহযোগী দেশ) থাইল্যান্ড। মেলার শেষপ্রান্তে থাই প্যাভিলিয়ন। থাই ঐতিহ্যে অত্যন্ত কারুকার্যময় করে প্যাভিলিয়নের ফটক সাজানো হয়েছে। ভেতরে বাহারি পণ্যের সমাহার। শৌখিন দ্রব্য, অলংকার, মেয়েদের হাতব্যাগ, প্রসাধনসামগ্রী, জুতা, কাপড় ইত্যাদি বিক্রি হচ্ছে। কেমন বিক্রি হচ্ছে জানতে চাইলে থাই স্টলের বিক্রয়কর্মী মনিরুল হোসেন বলেন, ‘ছুটির দিনগুলোতে ভিড় বেশি হয়। তখন বেচাকেনা একটু বেশিই হয়। তা ছাড়া মেলার মেয়াদ আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে। আরও ভালো বিক্রি হবে এ আশা করছি।’ শাল, কার্পেট, জুতা, বোরকা, পাথরের অলংকার, কামিজ, সবজি কাটার যন্ত্রসহ বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে পাকিস্তানি প্যাভিলিয়নে। মেলায় পাকিস্তানের ২২টি স্টল রয়েছে। এর বাইরেও পাকিস্তানি স্টল রয়েছে মেলার ‘ফরেন জোনে’।থাই প্যাভিলিয়নের পাশেই রয়েছে পাকিস্তানের অন্য একটি প্যাভিলিয়ন। ফটকের পাশেই দেখা গেল করাচি থেকে আসা মনজুর অ্যান্ড সন্সের ‘স্পেশাল’ পান। রংবেরঙের পানের সব উপকরণ নিয়ে বসেছেন মনজুর অ্যান্ড সন্সের কর্ণধার মোহাম্মদ মনজুর। তিনি বলেন, ‘আমার এখানে ভিন্ন ভিন্ন স্বাদের শাহি, লাহোরি, পেশোয়ারি, করাচি, বেলুচ ও ওয়াজেরি পান আছে। দাম ১০-২০০ টাকা।’ কথা বলতে বলতে তিনি ঝটপট পান বিক্রি করে চলেছেন। পাকিস্তানের প্যাভিলিয়ন ঘুরে দেখা গেল অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছেন স্টলের বিক্রেতারা। ভিড় বেশি জুতা ও কাপড়ের স্টলগুলোতে। জুতা বিক্রেতা ইকবাল জানালেন, ‘আমরা সরাসরি পাকিস্তান থেকে এসেছি। অনেক সাড়া পাচ্ছি। মেয়েদের জুতা ৫০০-৮০০ টাকা আর ছেলেদের সর্বনিম্ন ৮০০ থেকে এক হাজার ৫০০ টাকা।’ ইরানি থাই এম্পোরিয়াম প্যাভিলিয়নের একটি অলংকারের দোকানে মেয়েদের জন্য মুক্তার কানের দুল কিনছিলেন সানোয়ারা বেগম। তিনি বলেন, ‘বিদেশি স্টলগুলোতে আসি ব্যতিক্রমী পণ্য কিনতে।’ অলংকার বিক্রেতা সুমন জানান, ‘চট্টগ্রামে আমরা শুধু বাণিজ্য মেলাতেই ইরানি অলংকার বিক্রি করি। ঢাকায় বসুন্ধরা পিংক সিটিতে অবশ্য আমাদের একটি দোকান আছে।’ কোরীয় পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠান বিডি কোরিয়া ট্রেডের বিপণন কর্মকর্তা মো. হানিজামান বলেন, ‘আমরা কোরিয়ার পণ্য আমদানি করে দেশের বিভিন্ন মেলায় অংশ নিই। তা ছাড়া ঢাকার মিরপুরে আমাদের শোরুম আছে। চট্টগ্রামে বাণিজ্য মেলায় এর আগেও অনেকবার অংশ নিয়েছি।’