ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন রাউজানের ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউজানের প্রায় সব বিপণিকেন্দ্র ঈদের কেনাকাটায় উৎসবমুখর হয়ে উঠেছে। সব দোকান সাজানো হয়েছে বাহারি পোশাক আর রকমারি পণ্যে। অভিজাত বিপণিকেন্দ্রগুলোতে ক্রেতার ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন বিক্রেতারা। ক্রেতা-বিক্রেতা দুপক্ষের মতে, আগের যেকোনো সময়ের চেয়ে এবার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। এতে ক্রেতা-বিক্রেতা উভয়ে বেচাকেনায় স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এ ছাড়া, যানজটের কারণে শহরে যাওয়া-আসার পরিবেশ না থাকায় অনেকে চাইছেন স্থানীয়ভাবে কেনাকাটা সেরে নিতে। সন্তানদের নিয়ে ভারতেশ্বরী প্লাজায় ঈদের বাজার করতে আসা নোয়াপাড়ার গৃহবধূ সালমা আকতার জানান, অন্যান্য বছর তিনি ঈদের বাজার করতেন শহরের অভিজাত বিপণিকেন্দ্রগুলো থেকে। এবার যানজটে নাকাল হওয়ার আশঙ্কার কথা জেনে স্থানীয় দোকান থেকে কেনাকাটা সারছেন।উপজেলার বিপণিকেন্দ্রগুলোর মধ্যে সবচেয়ে ভিড় দেখা গেছে নোয়াপাড়ার ভারতেশ্বরী প্লাজা, আমীর মার্কেট, ফকিরহাট ডিউ শপিংমল, চৌধুরী মার্কেট, সত্তার মার্কেট, পাহাড়তলী গাউছিয়া মার্কেট, আবছার মার্কেট, গশ্চি নয়াহাট ও গহিরা চৌমুহনী বাজারে।সব শ্রেণীর ক্রেতার পছন্দের কথা বিবেচনা করে কমবেশি দামের শাড়ি, প্যান্ট-শার্ট, চুড়ি-গহনা ও প্রসাধনসামগ্রীর সমাবেশ ঘটিয়েছেন ব্যবসায়ীরা। তবে অধিকাংশ দোকানে ভারতীয় পণ্যের প্রাধান্য দেখা গেছে। উপজেলার দুই প্রান্তের দুটি প্রধান বাণিজ্যিক কেন্দ্রের একটি হচ্ছে উত্তরের ফকিরহাট, অন্যটি দক্ষিণাংশের নোয়াপাড়া পথেরহাট। দুটি বাণিজ্যিককেন্দ্রের অবস্থান চট্টগ্রাম-রাঙামাটি ও চট্টগ্রাম-কাপ্তাই সংযোগ সড়কের সঙ্গে লাগোয়া। দুই এলাকায়ই প্রতিযোগিতামূলকভাবে গড়ে উঠেছে আধুনিক মানের বেশ কটি অভিজাত বিপণিকেন্দ্র। দক্ষিণে একই ছাদের নিচে পাঁচ শতাধিক দোকান নিয়ে গড়ে উঠেছে ভারতশ্বরী প্লাজা। এখানে রয়েছে প্রায় সব রকম পণ্যের কেনাকাটার সুযোগ। এখানকার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, ‘বিগত বছরগুলোর চেয়ে এবার সার্বিক পরিস্থিতি ভালো। সবাই স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করছেন।’রাউজানের প্রাচীন বিপণিকেন্দ্র ফকিরহাটের ব্যবসায়ীরাও জানিয়েছেন, কেনাকাটায় তাঁরা সন্তুষ্ট। চৌধুরী মার্কেটের ব্যবসায়ী সাদেকুজ্জমান বলেন, ‘জিনিসপত্রের দাম একটু বেশি হলেও লোকজন নিজ নিজ সাধ্য অনুসারে কেনাকাটা সেরে নিচ্ছেন।’