ভীতি ও অসচেতনতায় উচ্চশিক্ষায় পিছিয়ে কক্সবাজারের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চশিক্ষায় কক্সবাজারের সন্তানদের অংশগ্রহণ অনেক পিছিয়ে। প্রতিবছর এইচএসসি উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায় হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী। এর মূল কারণ ভর্তিপরীক্ষার ভীতি ও অসচেতনতা। এই ভীতি ও অসচেতনতা দূর করা না গেলে উচ্চশিক্ষায় এগোতে পারবে না কক্সবাজারের শিক্ষার্থীরা।
গত শনিবার দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলনকক্ষে আয়োজিত উচ্চশিক্ষা–বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এতে কক্সবাজারের বিভিন্ন কলেজে উচ্চমাধ্যমিকে অধ্যয়নরত প্রায় ৪৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সহ দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত কক্সবাজারের শিক্ষার্থীদের নিয়ে গঠিত অ্যাচিভমেন্ট অ্যান্ড ইন্সপায়ারমেন্ট থ্রো মেন্টরিশপ (এআইএম) নামের একটি সংগঠন এ সেমিনারের আয়োজন করে। এইচএসসি পরীক্ষার পর দেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছুক মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে কাজ করছে সংগঠনটি।
সেমিনারে প্রধান অতিথি কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, দেশের বাইরে দক্ষিণ চট্টগ্রামের শিক্ষার্থী নেই বললেই চলে। উচ্চশিক্ষায়ও কক্সবাজারের অংশগ্রহণ হতাশাজনক। এআইমের উদ্যোগ সেই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী ও কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নাজিম উদ্দিন সিদ্দিকী। বক্তব্য দেন চুয়েটের শিক্ষার্থী ফাওয়াদ আমিন, বুয়েটের মীর ইসফাক ফয়সাল, স্বদেশ কর্মকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. তারেক, সায়েদ আবরার জাওয়াদ প্রমুখ। চুয়েটের শিক্ষার্থী ফাওয়াদ আমিন বলেন, চুয়েটে প্রতিবছর বিভিন্ন জেলা থেকে অনেক শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়। কিন্তু সে ক্ষেত্রে কক্সবাজারের শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৩ থেকে ৪। ভর্তি সম্পর্কে কম জানা এবং ভীতির কারণে ভর্তির সুযোগ পাচ্ছে না তারা।
সেমিনারে অংশ নেওয়া উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী রেহেনুবা তাসমিন বলে, ‘আমার ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার। কিন্তু এত দিন দুশ্চিন্তায় ছিলাম। সেমিনারে এসে সেই দুশ্চিন্তা দূর হলো।’