ভীমরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচমকা ঝিমুনি ভাবটা কেটে গেল করিমনের। ধাতস্থ হতে একটু সময় লাগল। হ্যাঁ, মনে পড়েছে—এখন সকাল। না, ঠিক সকাল নয়, দুপুর হয় হয় করছে। আসলে করিমনের কাছে সকাল, দুপুর, বিকেল—সব এক। বছরখানেক হতে চলল, সে এই বিছানায় শুয়ে আছে। দক্ষিণপাড়ার ২০ তলা বিল্ডিংয়ের ১০ তলায় কাজ করত সে। ওপরে ওঠার যন্ত্র থাকলেও কাজের লোকদের ওঠা নিষেধ। সেদিন দেরি হয়ে যাওয়ায় একটু তাড়াতাড়িই উঠছিল সে। কিন্তু এর আগে সিঁড়ি দিয়ে মাছ নিয়ে ওঠার সময় সিঁড়িতে মাছের পানি ফেলেছিল একজন। না দেখে দ্রুত ওঠার সময় সেই পানিতে পিছলে পড়ে কোমরে প্রচণ্ড ব্যথা পায় করিমন। অনেক চিকিত্সা হয়েছে। মালিকপক্ষও অনেক সাহায্য করেছে। কিন্তু আস্তে আস্তে পা দুটো নড়াচড়া বন্ধ করে দিল। এখন সারাক্ষণ বিছানায় শুয়ে কান্না ছাড়া আর কি-ই বা করতে পারে করিমন। আর ওর সব কাজ সামলায় আবুল, ওর স্বামী। এসব ভাবতে ভাবতে আজও কাঁদছিল করিমন। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পানি খাওয়ার জন্য হাত বাড়িয়ে দেখে গ্লাসটা খালি। একটু দূরে কলসিটা। কোমরের ওপরের অংশ সচল করিমনের। সেই সঙ্গে মনটাও। মনের জোরে সে হামাগুড়ির মতো করে এগোতে থাকে। কলসির কাছাকাছি এসে হাঁপাতে থাকে সে। একটু দম নিয়ে কলসিতে হাত দিতেই কলসিটা গড়িয়ে পড়ে যায়। মাটির কলসি মুহূর্তেই ভেঙে গেল। পানিতে ভেসে যায় ঘর, আর সেই পানিতে মাখামাখি হয়ে যায় করিমন।‘আরে আরে, কী অইলো তুমার’ বলতে বলতে হাতে ভাতের হাঁড়ি নিয়ে ঘরে ঢোকে আবুল।ঘরে ঢুকে কিছুক্ষণ মাত্র সময় নেয় পরিস্থিতি বুঝতে। হাঁড়িটা ঘরের এক কোণে রেখে দৌড়ে এসে কোলে তুলে নেয় করিমনকে। তার পর পরম মমতায় তাকে পরিষ্কার করে শুকনো কাপড় পরিয়ে বিছানায় শুইয়ে দিয়ে পানি খাওয়ায়। এরপর ঘর পরিষ্কার করা, নতুন কলসি এনে পানি ভরে রাখা—সব কাজ করে নিজে গোসল সারে সে। তারপর করিমনকে বিছানায় বসিয়ে দুজন একসঙ্গে ভাত খায়।‘করিমন, এবার একটু ঘুমা, আমি কামে যাই।’‘তুমার কষ্ট তো চোখে দেখবার পারি না।’‘এসব চিন্তা বাদ দে। আগে তো তুইও কত কষ্ট করছস। পোলাপান দুইডা যহন ছোট আছিল, তহন কত কষ্ট কইরা ওগো মানুষ করছস।’‘কিন্তু হেরা তো দ্যাখতেও আসে না। সব কষ্ট তুমারে করন লাগে।’‘হের লেইগ্যা মন খারাপ করিস না। হেরা তো ভালো আছে।’‘আর তুমি?’‘আমি আরও বেশি ভালো আছি। তুই কাছে থাকলে আমি ভালো থাকি।’‘কী কও, এইডারে কাছে থাকা কয়?’ আবার কাঁদতে শুরু করে করিমন।‘এই, খবরদার কান্দবি না। আইচ্ছা যা আইজকা কামেই যামু না। তোর লগে থাকুম সারা দিন।’ ‘কী যে কও? বুইড়্যাকালে ভীমরতি।’ হেসে ফেলে সে। ‘এই হাসির লাইগ্যা ভীমরতি ধরন লাগে।’ বলতে বলতে করিমনকে জড়িয়ে ধরে আবুল। করিমনের স্বামী।এমি রশীদ জিগাতলা, ঢাকা।