ভীষণ মোটিভেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুরে রেজাল্ট প্রকাশিত হয়েছে। তারপর থেকে এলাকার বড় ভাই, স্কুলের টিচার, পাশের বাসার আন্টি, বড় চাচা, চায়ের দোকানের হাশেম চাচাসহ আরও অনেক মানুষের মোটিভেশনাল স্পিচ সামাল দিয়েছি। সন্ধ্যার দিকে আমি ক্লান্ত, শ্রান্ত, বিধ্বস্ত, আবেগাক্রান্ত অবস্থায় হাঁপিয়ে ওঠা জলহস্তীর মতো বিছানার ওপর ঝাঁপিয়ে পড়ে, চিৎ হয়ে শুয়ে পায়ের ওপর পা তুলে ফেসবুকে লগইন করেছি। কিন্তু শান্তি...সে নাকি অন্য দেশে নাগরিকত্ব নিয়েছে!

ফেসবুকের সাড়ে তিন শ বড়, ছোট, মাঝারি বন্ধু-বান্ধবের মধ্যে এবার মাধ্যমিক পরীক্ষার্থী ছাড়া বাকি সবাই বিভিন্ন সাইজের মোটিভেশনাল স্পিচ পোস্ট করেছেন। কয়েকটা দেখার পর আর সহ্য হলো না। কতক্ষণ ভালো লাগে, বলুন? সবকিছুর তো একটা সীমা থাকা উচিত। নাকি ‘সীমা’ও অন্য কোনো দেশে নাগরিকত্ব নিয়েছে? নিতেও পারে, যা দিনকাল পড়েছে, তাতে এই দেশে না থাকাই ভালো। এখানে ফেল করলে মোটিভেশন, পাস করলে মোটিভেশন, এ-প্লাস পেলে মোটিভেশন, না পেলেও মোটিভেশন—এ যেন পুরাই আমার খালার রান্নাঘর। খালা যেমন সবকিছু করলা দিয়ে রান্না করেন, এখানে সবাই সবকিছুতে মোটিভেশন দেয়। নাহ্, এভাবে আর চলতে পারে না!

মোটিভেশনের চাপে ফেসবুক থেকে বেরিয়ে এলাম। এতটা চাপ গভীর সমুদ্রে নীল তিমিকেও হয়তো সামাল দিতে হয় না, যতটা মোটিভেশনের চাপ সামাল দিচ্ছি আমরা। কিছু একটা করা উচিত। হ্যাঁ, কিছু একটা আমাকেই করতে হবে...

আমি সংসদে বসে আছি, মাননীয় স্পিকার আমার নাম ঘোষণা করলেন, ‘এবার মোটিভেশনাল স্পিচের ওপর ভ্যাট আরোপ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করবেন জনাব রাব্বানী আহসান।’

আমি দাঁড়িয়ে হাতের স্ক্রিপ্টটা পড়তে শুরু করলাম, ‘ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি এসএসসি পরীক্ষার্থীদের মনোনীত সদস্য হয়ে এই মহান সংসদে আসতে পেরে গর্ববোধ করছি। মাননীয় স্পিকার, আপনি জানেন, সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফল প্রকাশের আগে এবং পরে কোমলমতি পরীক্ষার্থীদের ওপর মোটিভেশন বক্তারা তাঁদের বক্তব্য নিয়ে হামলে পড়েছেন। আমাদের দেশে এখনো মোটিভেশনাল স্পিচ-সংক্রান্ত কোনো আইন নেই। এর ওপর কোনো প্রকার ভ্যাটও ধার্য করা হয় না। তাই দিনকে দিন এর প্রকোপ মহামারির মতো ছড়িয়ে পড়ছে! এমন অবস্থায় আমি এই মহান সংসদে জাতীয় স্বার্থে জাতীয় মোটিভেশনাল স্পিচ নীতিমালা প্রণয়ন এবং এর ওপর ভ্যাট আরোপের প্রস্তাব উত্থাপন করছি। ধন্যবাদ, মাননীয় স্পিকার।’

আমার বক্তব্য শেষ হতে না হতেই তুমুল তালি।

কিন্তু একি! আমার পিঠের ওপর কে থাপড়াচ্ছে! উফফ্ ব্যথা লাগে তো! কিছুক্ষণ লাগল ব্যাপারটা বুঝতে। চোখ খুলতেই বুঝলাম, এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। মা ততক্ষণে আমার পিঠের ওপর আরও কয়েকটা থাপ্পড় মেরে বলল, ‘অকর্মার ঢেঁকি, কতবার বলেছি পড়, পড়, পড়! নাহ্, কে শোনে কার কথা! উনি হাওয়া খেয়ে বেড়ান। এখন হলো তো, ০.১৭ পয়েন্টের জন্য এ-প্লাস এল না! এখন আমি মুখ দেখাব কী করে? পাশের বাসার মৌমিতা গোল্ডেন পেয়েছে আর তুই একটা ছেলে হয়ে...! ছি ছি ছি, এমন ছেলে আমি পেটে ধরেছিলাম, ভাবতেও ঘেন্না হচ্ছে!’

মায়ের হাত থেকে বাঁচতে বাইরে এলাম। কোথায় যাব বুঝতে পারছি না। ওহ্, আপনাদের বলাই হয়নি, মৌমিতার সঙ্গে আমার আবার একটু ভাব আছে। মা অবশ্য সেটা জানে না। ওর গোল্ডেন পাওয়ার পেছনে কিন্তু আমার ক্রেডিট কম না। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে স্যারদের কাছ থেকে সাজেশন, সলিউশন তো আমিই ওকে এনে দিতাম। আজ ওকে অভিনন্দন জানানো হয়নি। তাই ফোনটা বের করে ডায়াল করলাম।

: হ্যালো মৌ...

: কী ব্যাপার, তুমি ঠিক আছ তো? খুব মন খারাপ হচ্ছে বুঝি? আরে, এগুলো কোনো ব্যাপার না। তোমাকে তো আগেই বলেছিলাম, মন দিয়ে পড়ো। পড়োনি, তাই রেজাল্টও ভালো আসেনি। এখন আর কী করবে? যা হওয়ার হয়ে গেছে। তুমি মন খারাপ কোরো না। জানো, আমিও ছোটবেলায় একবার ফেল করেছিলাম...

ফোনটা কান থেকে নামিয়ে দূরে রেখে দিলাম! মৌমিতা এখনো বলে চলেছে। আমার খুব কাঁদতে ইচ্ছা করছে! জিপিএ ফাইভ পাইনি সে জন্য নয়। আমার কাঁদতে ইচ্ছা করছে দেশের কথা চিন্তা করে, মাননীয় মন্ত্রী মোটিভেশনের ওপর ভ্যাট আরোপ না করায়, প্রতিবছর রাষ্ট্র কত টাকা রাজস্ব হারাচ্ছে!