ভুক্তভোগীরা জানালেন নানা অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) যৌথ উদ্যোগে ২৭ মার্চ সকালে গণশুনানি অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলে এই শুনানি। এতে ভুক্তভোগীরা তাঁদের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
সনাক সদস্য মহাব্বত চৌধুরীর সভাপতিত্বে ও টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় শুনানি করেন চকরিয়া উপজেলা সাবরেজিস্ট্রার এ এস এম শামছুজ্জামান। তিনি ভুক্তভোগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
শুনানিতে অংশ নিয়ে ফরিদুল আলম নামের এক ব্যক্তি বলেন, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস সময় হলেও বেলা ৩টার পরে দলিল দাখিল করতে হলে অতিরিক্ত টাকা দিতে হয়। এ ছাড়া জমি রেজিস্ট্রির সময় মূল খতিয়ান না দিয়ে ফটোকপি দিলে ও খাজনা দাখিলা দিতে অপারগ হলে টাকা দাবি করা হয়। এতে হয়রানির শিকার হচ্ছেন সেবাগ্রহীতারা।
প্রশ্নের উত্তরে শামছুজ্জামান বলেন, ‘বেলা ৩টার পরে দলিল দাখিল করতে অতিরিক্ত টাকা দিতে হয় কি না, আমার জানা নেই। তবে বিষয়টি সত্য ধরে নিয়ে বলছি, ভবিষ্যতে আর হবে না। আর মূল খতিয়ান ও দাখিলা ছাড়া জমি রেজিস্ট্রির কোনো নিয়ম নেই।
এ ছাড়া আরও কয়েকজন ভুক্তভোগী তাঁদের হয়রানি করার অভিযোগ তুলে ধরেন।
শামছুজ্জামান বলেন, সাধারণ মানুষের কষ্ট দূর করতে সাবরেজিস্ট্রার কার্যালয়ে প্রতি মাসে অন্তত একবার গণশুনানি করা হবে।