ভুজপুর ভূমি কার্যালয় ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির ভুজপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের কাজ চলছে ঝুঁকিপূর্ণ ভবনে। এখানে বাসা বেঁধেছে বিষধর সাপ, পোকামাকড়। বৃষ্টিতে ছাদ ঘেমে পানি পড়ে। কর্তৃপক্ষকে এসব নাজুক অবস্থার কথা জানিয়েও কোনো প্রতিকার মিলছে না। ১৯৬৭ সালে ১৭ শতক জমির ওপর গড়ে তোলা হয় ইউনিয়ন ভূমি কার্যালয়ের একতলা পাকা ভবন। ভবনটি মেয়াদোত্তীর্ণ হয়েছে অনেক আগেই। তহশিলদার মৃদুল ভট্টাচার্য্য প্রথম আলোকে বলেন, ‘ভবনটি সংস্কারের জন্য প্রতিবছর কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়। সর্বশেষ আবেদন করা হয়েছে গত বছর ২৬ আগস্ট। কিন্তু এ পর্যন্ত কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। অথচ জরাজীর্ণ এ কার্যালয়ের ভেতর রয়েছে বিষধর সাপের গর্ত। মাঝেমধ্যে সাপের চলাচল দেখা যায়। বর্ষায় ছাদ ঘেমে বিভিন্ন কক্ষে পানি পড়ে।’সরেজমিনে দেখা যায়, দেয়ালের আস্তরণ খসে পড়ার ভয়ে গাদাগাদি করে ভূমি কার্যালয়ের চার কর্মচারী বসেন এক কক্ষে। তহশিলদারের কক্ষটি স্যাঁতসেঁতে, নোংরা। বেশিরভাগ চেয়ারই নড়বড়ে, ব্যবহার অনুপযোগী। কার্যালয়ের প্রতিটি কক্ষে রয়েছে উই পোকার বাসা। পর্যাপ্ত আলমিরার অভাবে নথিপত্র রাখা হয়েছে টেবিলের ওপর। তা ছাড়া পুরোনো কাপড় ও কাগজ দিয়ে বেঁধে রাখা হয়েছে খতিয়ানসহ ফাইলপত্র। চেয়ারের ওপর অরক্ষিত অবস্থায় রাখা হয়েছে রেকর্ড খণ্ড (ভলিউম)। ভূমি কার্যালয়ের শৌচাগারটিও ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। নেই পানি সরবরাহ ব্যবস্থা। অন্যত্র গিয়ে শৌচকাজ সারতে হয় কর্মকর্তা-কর্মচারীদের।জানা যায়, ইতিপূর্বে কর্তৃপক্ষ নতুন ভবন নির্মাণের পরিকল্পনা নিলেও তা হঠাত্ থমকে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা গাউছুল আজম প্রথম আলোকে জানান, ‘ভুজপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের অবস্থা অত্যন্ত নাজুক—এ কথা জানিয়ে আমরা জেলা প্রশাসকের কাছে চিঠি লিখেছি। বরাদ্দ পাওয়া যাচ্ছে না, পেলেই অগ্রাধিকার ভিত্তিতে ভবনের কাজ করা হবে।’ উপজেলা ভাইস চেয়ারম্যান নূর মোহাম্মদ আল কাদেরী বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী প্রাক্কলন তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন।’ সরকার শিগগির ভূমি কার্যালয়ের ভবন নির্মাণে বরাদ্দ দেবে বলে তিনি আশা করেন।