ভুজপুরে অন্ধকারে ৩৩ গ্রাম!
ফটিকছড়ি উপজেলার ভুজপুরের ৩৩ গ্রাম এখনো অন্ধকারে। গ্রামবাসী বিদ্যুৎ–সংযোগের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো ফল পাচ্ছে না।
জানা যায়, উপজেলার বাগান বাজার ইউনিয়নের আঁধারমানিক, রসুলপুর, মোহাম্মদপুর, হাতির খেদা, আনসার টিলা, মতিননগর, উত্তর ফানুয়া, দক্ষিণ ফানুয়া, ভবানীপুর, রহমতপুর, গজারিয়া, দাঁতমারা ইউনিয়নের বাংলাপাড়া, মুজিবনগর, শিকদারখীল, উত্তর বান্দারমারা, গিলাতী, এনায়েতপুর, ইসলামপুর, মুসলিমপুর, নতুনপাড়া, ধুলিয়াছড়ি, করইবাগান, বেডবেডি, ধর্মপুর, কাঞ্চনারথলী এবং নারায়ণহাট ইউনিয়নের সাপমারা, মিরেরখিল, শ্বেতছড়া, করলিয়া, হাপানিয়া, কুলালপাড়া, ধামারখীল ও চাঁনপুর গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছেনি।
বাগানবাজার ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মো. আলমগীর বলেন, ‘দেশের বিভিন্ন জনপদ ক্রমে ডিজিটালে রূপান্তরিত হচ্ছে। অথচ আমাদের এলাকায় এখনো বিদ্যুতের আলো পর্যন্ত পৌঁছেনি।’
দাঁতমারা ইউনিয়নের বাসিন্দা আবু মনছুর জানান, ‘অনগ্রসর এলাকা হওয়ায় কর্তৃপক্ষের কাছে আবেদনগুলো গুরুত্ব পায় না। নির্বাচনে আগে জনপ্রতিনিধিদের পদভারে অঞ্চলটি মুখরিত হয়। পরে আর দেখা মেলে না।’
নারায়ণহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু জাফর মাহমুদ বলেন, ‘পল্লী বিদ্যুৎ সমিতির সংশ্লিষ্ট দপ্তরে দীর্ঘদিন ধরে আবেদনপত্রগুলো পড়ে আছে। দ্রুত বিদ্যুতায়ন হলে ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন কর্মকাণ্ডে গতি আসত।’
এ প্রসঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির ফটিকছড়ি জোনাল কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ফকরুল আলম বলেন, প্রকল্প প্রস্তাবের সম্ভাব্যতা যাচাই করে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
ফটিকছড়ির সাংসদ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘এসব অঞ্চলে বিদ্যুৎ–সংযোগ প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন। এটি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।’