ভুটানি শিক্ষার্থীরা চট্টগ্রামে
সময়টা বড়জোর এক থেকে সোয়া ঘণ্টা হবে। এত কম সময়ের হিসাবে একটি দেশকে পুরোপুরি জানাটা সম্ভব নয় কারও পক্ষে। তবুও এ অসাধ্যকেই সাধ্যের সীমায় নিয়ে আসেন তাঁরা। চমৎকারভাবে নিজ দেশের প্রকৃতি, জীবনধারাকে তুলে ধরেন ভুটান সাংস্কৃতিক দলের সদস্যরা। কখনো গানে আবার কখনো নাচের মুদ্রায় সে ছবিই ফুটিয়ে ওঠে নিরবচ্ছিন্নভাবে।চট্টগ্রামের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (ইউএসটিসি) মওলানা ভাসানী মিলনায়তনে গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। এতে অংশ নেন ভুটানের রাষ্ট্রীয় সাংস্কৃতিক দল ‘দোগার পুনসাম ট্রুপ’ ও ইউএসটিসির বিভিন্ন বর্ষের ভুটানি শিক্ষার্থীরা। ভুটান দূতাবাস, ভুটান রপ্তানিকারক সমিতি ও ইউএসটিসি কর্তৃপক্ষ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।প্রথমেই রংবেরঙের দেশীয় পোশাক আর নানা সাজে মঞ্চে আসেন একদল ভুটানি তরুণ-তরুণী। নিজস্ব বাদ্যযন্ত্রের তালে সমবেত গান করেন তাঁরা। এরপর নানা আঙ্গিকে গান ও নাচের ছন্দে তাঁরা ভুটানের চলমান জীবনধারা, ধর্মীয় আচার, কৃষ্টি-সংস্কৃতি মেলে ধরেন। এর মধ্যে ছিল দেশাত্মবোধক গান, লোকগান, আধুনিক ও ধর্মীয় গান। আবার ড্রাগন নাচ, মুখোশ নাচের তালে দেবতার বন্দনা। কখনো নাচে-গানে উঠে আসে ভালোবাসা ও প্রকৃতির কথা। কোরীয় নাচের ছন্দে ভুটানের তরুণ প্রজন্মের উচ্ছ্বাসকেও এতে তুলে ধরা হয়।তাঁদের পরিবেশনায় কখনো কখনো দর্শক খুঁজে ফেরেন আমাদের আদিবাসীদের। মঞ্চের বিশাল দৃশ্যপটও যেন সে কথা মনে করিয়ে দেয়। পাহাড়-জলরাশির কোল ঘেঁষে গড়ে ওঠা প্রাসাদ শোভা পাচ্ছিল তাতে।অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রোজনা রাই ও মিস চিমি। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন ইউএসটিসির শিক্ষার্থী সোনামজেল শেন, নিশাল ও অভিষেক।অনুষ্ঠানের শুরুতে আলোচনাপর্বে সভাপতিত্ব করেন ইউএসটিসির প্রতিষ্ঠাতা উপাচার্য জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রয়েল ভুটানের রাষ্ট্রদূত দাসুবাপ কেসাং। প্রধান অতিথি সাংসদ আখতারুজ্জামান চৌধুরী অনিবার্য কারণে অনুষ্ঠানে আসতে পারেননি। তাঁর লিখিত বক্তব্যে তিনি বলেন, সাংস্কৃতিক কার্যক্রম বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও ভুটানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উষ্ণ হবে। রাষ্ট্রদূত ডাসুবাপ কেসাং বলেন, ‘অধ্যাপক নুরুল ইসলামের হাত ধরেই ইউএসটিসির সঙ্গে আমাদের সম্পর্ক। যার পরিপ্রেক্ষিতে আমরা ভুটানের ছাত্রছাত্রীদের চিকিৎসক হিসেবে গড়ে তোলার সুযোগ পেয়েছি।’জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম বলেন, ‘ভৌগোলিক দিক দিয়ে ভুটান ও বাংলাদেশ প্রতিবেশী। সাংস্কৃতিক দিক দিয়েও আমরা উভয়ে অভিন্ন পথে চলতে আগ্রহী। এই সম্মিলিত প্রচেষ্টা আমাদের এগিয়ে নিয়ে যাবে। এই দৃঢ় বিশ্বাস আমার আছে।’