ভুট্টা চাষে লাভ হলো না
ধানের পরিবর্তে ভুট্টার চাষ করে খাগড়াছড়ির অনেক কৃষক বিপাকে পড়েছেন। ভুট্টা চাষ অপেক্ষাকৃত সহজ ও লাভজনক হলেও এ মৌসুমে ভুট্টার মূল্য কমে যাওয়ায় তাঁরা এখন দিশেহারা।বাণিজ্যিক ভিত্তিতে খাগড়াছড়িতে ভুট্টার চাষ শুরু হয় গত বছর থেকে। পার্বত্য এলাকায় ভুট্টার চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধ করছে ক্যাটলিক-জিমার্ট কনসালট্যান্ট নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের মাঠ কর্মকর্তা দীপ্তময় চাকমা জানান, এ মৌসুমে খাগড়াছড়ি জেলায় ২৬৮ একর জমিতে ভুট্টার চাষ হয়েছে। গত বছর এ সংখ্যা ছিল মাত্র ৩৫ একর। এ বছর ৩১৪ জন কৃষক ভুট্টার চাষ করেছেন। ফলন ভালো হলেও দাম কম হওয়ায় কৃষকদের মুখে হাসি নেই। খাগড়াছড়ি সদরের কমলছড়ি গ্রামের কৃষক জীবক চাকমা জানান, প্রতি কানি জমিতে (৪০ শতক) ভুট্টার ফলন হয় গড়ে ৩৫ মণ। এর উৎপাদন খরচ হয় ১২ থেকে ১৪ হাজার টাকা। চাষি যদি জমি বর্গা নেন তাহলে এর খরচ আরও তিন হাজার টাকা বেড়ে যায়। ভুট্টার বর্তমান বাজারমূল্য মণপ্রতি ৫০০ থেকে ৫২০ টাকা। এ কারণে এই বছর কৃষকেরা ভুট্টা চাষ করে লাভবান হতে পারেননি।একই উপজেলার গড়গর্য্যাছড়ি গ্রামের দুর্জ্যোতি চাকমা জানান, গত বছর ভুট্টার মূল্য ছিল চট্টগ্রামের মিল গেইটে প্রতিকেজি ২০ টাকা। খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে নিয়ে যেতে প্রতিকেজি পরিবহন খরচ হয় দুই টাকা। কিন্তু এ বছর ভুট্টা খাগড়াছড়িতে মিল মালিকের প্রতিনিধিরা কিনছেন কেজিপ্রতি ১৩ টাকায়। ভুট্টার মূল্য যদি এই অবস্থা হয় তাহলে আগামী সময়ে ভুট্টা চাষ করব কিনা ভেবে দেখতে হবে।