ভুতুড়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াজ রহমান প্রকৃতিপ্রেমী যুবক। প্রকৃতির কাছে ছুটে যাওয়ার মতো টাকা ও সময়ের অভাব নেই তার। তাই প্রকৃতি টানলেই ছোটে সে। দূরের এক পাহাড়ি নির্জন গ্রাম ঘুরে এসে রিয়াজের এক বন্ধু এমন বর্ণনা দিল, আর স্থির থাকতে পারল না সে। এক রোদেলা সকালে নিজের গাড়িটা নিয়ে একা দূরের ওই গ্রামের পথে রওনা হলো রিয়াজ। কিন্তু বর্ষার আকাশ ক্ষণে ক্ষণে বদলায়। যাত্রার শুরুটা ভালো হলেও মাঝখানে বিপত্তি ঘটাল বৃষ্টি। দুপুরের পর থেকে আকাশে মেঘ জমতে শুরু করল। বিকেল নাগাদ শুরু হলো অঝোর বর্ষণ। রিয়াজ তখন যানবাহনে ভরা ব্যস্ত সড়ক ছেড়ে খোয়া বিছানো নির্জন রাস্তায় নেমেছে। বেশ কিছুটা পথ যাওয়ার পর হঠাৎ বিগড়ে গেল ইঞ্জিন। থেমে গেল গাড়ি। অনেক চেষ্টা করেও ইঞ্জিনটা চালু করতে পারল না রিয়াজ। এদিকে বৃষ্টির বিরাম নেই। দুর্ভোগের ষোলোকলা পূর্ণ করতে যোগ হয়েছে আঁধার। রাস্তায় কোনো ল্যাম্পপোস্ট নেই। আলো বলতে ভরসা বিজলির চমক। তা-ই সম্বল করে গাড়ির জানালা দিয়ে রাস্তার আশপাশ দেখে নিল সে। রাস্তার এমাথা-ওমাথা ধূ-ধূ। আর দু পাশে খেতের পর খেত। কোনো লোকালয় চোখে পড়ল না। যানবাহন দূরে থাক, একজন পথচারী পর্যন্ত নেই। রিয়াজকে এখন যেকোনো একটি পথ বেছে নিতে হবে—হয় গাড়ি ঠেলতে ঠেলতে এগোও, নয়তো গাড়ি ফেলেই হাঁটতে থাকো। হাঁটাও এখন বিড়ম্বনা। কোন দিকে হাঁটবে সে? সামনে এগিয়ে যাবে, নাকি পেছনে ফিরে যাবে?গাড়িতে বসে থাকা বোকামি। বলা যায় না, হুট করে ডাকাত-লুটেরা এসে হানা দিতে পারে। সাতপাঁচ ভাবতে ভাবতে গাড়ি থেকে নেমে পড়ে রিয়াজ। সঙ্গে ছাতা আনেনি। কাজেই বৃষ্টির ছাট হজম করতেই হবে। গাড়ির পেছনে গিয়ে ঠেলার অনেক চেষ্টা করল রিয়াজ। গ্যাঁট হয়েছে গাড়ি—নড়ার নাম নেই। কী আর করা, গাড়ি ফেলে হাঁটতে শুরু করল রিয়াজ। রাস্তার সামনে কী আছে, জানে না সে। কাজেই অজানার দিকে পা না বাড়িয়ে পেছন দিকে হাঁটতে লাগল। এর মধ্যে ভিজে একসা হয়েছে। অনেকক্ষণ এভাবে হাঁটলে ঠান্ডা লেগে যেতে পারে। কিন্তু এ দুর্গতি থেকে পার পাওয়ার আপাতত কোনো উপায় নেই। বৃষ্টির ঝালর ভেদ করে একজোড়া আলোর বল দেখতে পায় রিয়াজ। গাড়ির হেডলাইট। ঢিমেতেতালায় এগিয়ে আসছে আলোর বল দুটি। এ আলো আশার আলো ছড়ায় রিয়াজের মনে। বিজলির আলোতে একটা সাদা প্রাইভেট কার দেখতে পায় সে। এই বিপদের সময় এমন লিফ্টই দরকার। দৌড়ে গাড়িটার দিকে এগিয়ে যায় রিয়াজ। কাছে যাওয়া মাত্র গাড়িটা থেমে যায়। মুহূর্তেক দেরি না করে পেছনের দরজা খুলে উঠে পড়ে রিয়াজ। বসে পড়ে ফাঁকা সিটে। ধীর গতিতে আবার চলতে শুরু করে গাড়ি। চালককে ধন্যবাদ দেওয়ার জন্য সামনের দিকে ঝোঁকে রিয়াজ। অমনি ধড়াশ করে ওঠে বুকটা। স্টিয়ারিং হুইল হাতে বসে নেই কেউ। চালকের আসন একদম ফাঁকা। চালক ছাড়াই চলছে গাড়ি! তা কী করে সম্ভব? তবে কি...? ফড়ফড় করে গায়ের সব রোম দাঁড়িয়ে যায়। এতক্ষণে খেয়াল হয়, গাড়িতে ইঞ্জিনের শব্দ নেই। অর্থাৎ , ইঞ্জিনও চালু নেই। সত্যিই তাহলে...!রিয়াজ বাস্তববাদী মানুষ। ভূত-প্রেতে বিশ্বাস নেই। কিন্তু চোখের সামনে যা ঘটছে, তা সে উড়িয়ে দেবে কী করে? ঝট করে গাড়ির দরজা খুলে নেমে ঝেড়ে দৌড় দিতে ইচ্ছা করে রিয়াজের। ওর এই প্রবল ইচ্ছার ডাকে সাড়া দেয় না হাত-পা। বরং শরীরটা কেমন অসাড় লাগে তার। ভয় হচ্ছে, দরজা খুললেই হাড্ডিসার কঠিন একজোড়া হাত এসে চেপে ধরবে ওর গলা। তারপর...! তারপর কী ঘটবে, তা কল্পনা করতে চায় না সে। মনের ভেতর দ্রুত হাতড়ে বেড়ায় ভূত তাড়ানোর মোক্ষম দোয়া। কিন্তু একটাও মনে পড়ে না। এমনকি সূরা ফাতেহার শুরুটা পর্যন্ত মাথায় আসছে না। রাস্তার সামনে একটা বিপজ্জনক বাঁক। হেডলাইটের আলোতে পরিষ্কার বোঝা যাচ্ছে ওপাশে গভীর খাদ। গাড়িটা নিখুঁতভাবে বাঁক নিতে না পারলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিড়বিড় করে আওড়াতে থাকে সে, ‘রক্ষা করো, হে আল্লাহ! বাঁচাও...!’দেখতে দেখতে গাড়িটা একদম বাঁকের কাছে এসে যায়। আর মাত্র কয়েক ফুট, তারপর সোজা নিচে—একেবারে গভীর খাদে গিয়ে গোত্তা। আতঙ্কে চোখ বুজে ফেলে রিয়াজ। হঠাৎ মনে হয় গাড়িটা যেন ঘুরছে। চোখে মেলে সে। দেখে, খোলা জানালা দিয়ে একটি হাত এসে স্টিয়ারিং হুইলটা ধীরে ধীরে ঘোরাচ্ছে। অজান্তেই রিয়াজের গলা ফুঁড়ে বিকট এক চিৎ কার বেরিয়ে আসে। অ-অ করতে করতে মূর্ছা যায় সে। জ্ঞান ফেরার পর রিয়াজ দেখে, একটা লম্বা বেঞ্চির ওপর শুয়ে আছে সে। কয়েকটি উৎ সুক মুখ ঝুঁকে আছে তার ওপর। একজনের হাতে পানির গ্লাস। এতক্ষণ তিনি পানির ঝাপটা মারছিলেন তার মুখে। বেশভূষায় লোকটা শহুরে। তার পাশে দাঁড়ানো আরেকজনকেও শহুরে মনে হলো রিয়াজের। দুজনই ভিজে নাস্তানাবুদ। কৌতূহলী অন্যরা গাঁয়ের খেটে খাওয়া মানুষ। রিয়াজ আলগোছে উঠে বসে বলল, ‘আমি কোথায়?’গ্লাস হাতে লোকটা বললেন, ‘আপনি একটা গ্রামীণ বাজারে আছেন এবং নিরাপদে আছেন।’এবার নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বর্ণনা করল রিয়াজ। শুনে গ্লাস হাতে লোকটা হেসেই খুন। হাসিতে তাঁর পাশে দাঁড়ানো ব্যক্তিও কম যান না। গ্লাসওয়ালা বললেন, ‘আরে ভাই, ওটা আমাদেরই গাড়ি। রাস্তায় হঠাৎ বিকল হয়ে পড়া গাড়ি ঠেলতে ঠেলতে বিরক্ত লাগছিল। আপনাকে দেখে মজা করার ফন্দি আঁটি আমরা। আপনি যখন গাড়ির কাছে এলেন, গাড়ির পেছনে মাথা নিচু করে ছিলাম আমরা। এ জন্য আমাদের দেখতে পাননি। তারপর যা ঘটেছে, এর সাক্ষী তো আপনি নিজেই। তবে মজাটা যে এমন গুরুতর পরিণতির দিকে যাবে, ভাবিনি। এ জন্য আমরা দুঃখিত।’ওয়েবসাইট অবলম্বনে