ভুরকি গ্রামের স্বপ্না
সিলেটের বিশ্বনাথ উপজেলাকে স্থানীয় লোকজন বলে ‘বাংলাদেশের লন্ডন’। এর কারণ হলো এই এলাকার বেশির ভাগ পরিবারের কোনো না কোনো সদস্য ব্রিটেনপ্রবাসী। ভুরকি গ্রামের রুনা বেগমের সঙ্গে একই গ্রামের আফতাব আলীর বিয়ে হয়। বিলাতপ্রবাসী আফতাব অনেক কষ্টে ১৯৮২ সালে স্ত্রী ও দুই মেয়ে রেশনা ও স্বপ্না (রুশনারা আলী) এবং ছেলে ইসমাইল আলীকে নিজের কাছে নেওয়ার ব্যবস্থা করেন। বিমানের টিকিট ও আনুষঙ্গিক ব্যবস্থা শেষ হলে স্বপ্নার মামা আবদুর রউফ তাঁর ঢাকার মোহাম্মদপুরের বাসায় তাঁদের নিয়ে আসেন। সেখান থেকে সোজা বিলাতে।স্বপ্না জানান, বিলাতে নিয়ে গিয়ে বাবা আফতাব আলী তাঁকে বিলাতের মালবেরি স্কুল অব গার্লসে ভর্তি করান। বরাবরই ভালো ছাত্রী ছিলেন। বিলাতে গিয়ে শুরুতেই অসাধারণ ফল করে মাধ্যমিক পড়াশোনা শেষ করেন। ভর্তি হন টাওয়ার হ্যামলেট কলেজে। যথারীতি সেখানেও ভালো ফল। ভর্তি হন সারা বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের তীর্থস্থান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট জোনস কলেজে। বিষয় রাজনীতি ও দর্শন।ভাগনির সাফল্যে মুগ্ধ আবদুর রউফ এখনো বিশ্বাস করতে পারেন না, ২৮ বছর আগে যে ভাগনিকে বিমানে তুলে দিয়েছিলেন, তিনি অক্সফোর্ড থেকে উচ্চশিক্ষা নিয়ে ব্রিটেনের হাউস অব কমন্সের সদস্য হয়ে দেশে ফিরবেন, দেশে-বিদেশে তাঁর আদরের স্বপ্নাকে নিয়ে এত আলোচনার ঝড় উঠবে। তিনি বলেন, ‘আমার ভাগনি ভুরকি গ্রামের স্বপ্না যে অক্সফোর্ডে পড়বে, ব্রিটেনের এমপি হবে, তা এখনো আমি বিশ্বাস করতে পারি না। মনে হয়, আমার ওই ছোট ভাগনিটি বড় হয়েছে।’নাম রাখার সময় বাবা আফতাব আলী যেন শুরুতেই মেয়ের ভবিষ্যৎ দেখতে পেয়েছিলেন। রুশনারা শব্দের মানে আলোকবর্তিকা। সিলেটি এই মেয়ে যে বাঙালিদের মেধা ও প্রাণের শক্তিকে অনেক উঁচুতে নিয়ে যাবেন, বাবা আফতাব সম্ভবত জন্মের সময়ই টের পেয়েছিলেন।শৈশবে ভুরকি গ্রামে থাকার সময় বাবার বাড়ি ও মামার বাড়ি পাশাপাশি হওয়ায় দুই বাড়িতে খুব সহজেই যাতায়াত করতেন রুশনারা। তবে তাঁর শৈশবের সেই সোনালি দিনগুলোর বেশি কেটেছে মামার বাড়িতে। নানি মরহুমা গুলেস্তা বিবি ছিলেন সার্বক্ষণিক সঙ্গী। লেখাপড়া যাতে ঠিকমতো হয়, সে জন্য নানি নিজ বাড়িতে লজিং মাস্টার হিসেবে শিক্ষক ফখরুদ্দিনকে রেখেছিলেন।ভুরকি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন রুশনারার বিশ্বনাথের মিরপুর গ্রামের হাবিবুর রহমান (৭৮)। তাঁর হাতেই রুশনারা আলীর বর্ণমালা শিক্ষা হয়েছিল।