ভুল, সবই ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনার্সে ভর্তি হয়েই অনেক দেখেশুনে পুরান ঢাকার পাঁচভাই ঘাট লেনের একটি মনোরম পরিবেশে অনিন্দ্য সুন্দর মেসে উঠলাম। বিশাল খোলা বারান্দা। আমি প্রায়ই বারান্দার গ্রিল ধরে দূর আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা দেখতাম। কখনো এ নিয়ে দু-চারটা কবিতাও লিখতাম। আমার গোপন কাব্যচর্চার খবর অল্প দিনের মধ্যেই বিজলির মতো ছড়িয়ে পড়ল সারা মেসে। কেউ কেউ কবি, কলম সৈনিক ইত্যাদি সম্বোধনে ডাকত। মেসে আমার খ্যাতির স্থান সংকুলান হয় না দেখে পা আমার মাটিতে পড়ে না। মেসে বেশি দিন হয়নি। তাই তখনো মেসজীবন কী জিনিস বুঝিনি। আমি সবসময়ই কৌতূহলী গোছের ছিলাম বলে এখানে-সেখানে দিব্যি ঘুরে ঘুরে দিন কাটাতাম। কিন্তু হঠাৎ আমার এই সন্ন্যাসী পথে কাঁটা পড়ল। মেস ম্যানেজারের সুকঠিন গুরুদায়িত্ব অর্পিত হলো আমার কচি কাঁধে। ব্যাস, চোখ থেকে ঘুম এক মাসের জন্য ছুটি নিয়ে গেল। মেস সদস্য ছিল প্রায় ২৫ জন। তাদের অর্ধেককেও আমি চিনতাম না। ফলে ছোটখাটো ভুলগুলো হয়ে যেত। যার ‘মিল’ বন্ধ করার কথা, তার ‘মিল’ চালু করতাম। আবার কখনো যার ‘মিল’ চালু করার কথা, তার মিল দিতাম বন্ধ করে! এই নিয়ে অনেক হইচই হতো। ম্যানেজারির ওই দায়িত্ব পালনকালেই টিউশনি নামক আরও কয়েকটি দায়িত্ব পেলাম। নিজের পড়া, নব্য ম্যানেজারির দায়িত্ব আর পাথর ভাঙা টিউশনি নিয়ে একেবারে বিপদের সাগরে ডুবলাম। কোনো কিছুই মনে থাকত না। দুপুরের খাবারটা খেয়েছি কি না রাতে বসে ভাবতাম। আবার সকালে ঘুম থেকে উঠে রাতের না খাওয়া খাবার দেখে ছোখ ছানাবড়া করতাম। কোথাও তাড়াহুড়ো করে বের হচ্ছি তো—ভেতরে চাবি রেখেই ঘরের তালা আটকে দিতাম। কখনো ছাত্রদের পড়ার টেবিলের শোপিস আর চুইংগামের প্যাকেট মন ভুলে নিজের পকেটে ঢুকিয়ে নিয়ে আসতাম। মা জানতে পেরে টেলিফোনে আমাকে কড়া ভাষায় জানালেন, যত্তসব অহেতুক চিন্তা আর কার্যকলাপ থেকে যেন সরে যাই। ডিম, দুধ খেয়ে যেন নাদুশ-নুদুশ চেহারা বানাই। মাতৃউপদেশ আমিও অক্ষরে অক্ষরে পালন করতে লাগলাম। একদিন দুধের একটি প্যাকেট, এক ডজন ডিম নিয়ে এলাম। কাজের খালার বাড়তি কষ্ট হবে ভেবে নিজেই বনে গেলাম রাঁধুনি। এক চুলায় দুধ ও অন্য চুলায় ডিম সেদ্ধ বসিয়ে দিতেই মোবাইল ফোনটা বেজে উঠল। পুরোনো বন্ধুর ফোন! মন খুলে প্রায় আধাঘণ্টার মতো কথা বলে রান্নাঘরে ফিরলাম। পোড়া গন্ধ! দুধ পুড়ে শেষ। ওমা! অন্য পাতিলের ডিমটাও উধাও। আমি কিংকর্তব্যবিমূঢ়! খান মনিরুল ইসলামকবি নজরুল সরকারি কলেজ